Alia Bhatt Ranbir Kapoor Marriage: রণবীরের সঙ্গে সংসার সুখের নয়? সত্যিটা বলেই ফেললেন আলিয়া ভাট
Ranbir Kapoor Lipstick Controversy Reply: নেটিজেনদের একাংশ এমন ধারণা তৈরি করার চেষ্টা করেছেন যে, এই দাম্পত্যে আলিয়া নাকি মানিয়ে চলছেন। এবার এই সমস্ত ভিত্তিহীন জল্পনা ও ট্রোলিংয়ের বিরুদ্ধে সরব হলেন আলিয়া ভাট। এমন ধারণাকে ‘অপমানজনক’ আখ্যা দিয়ে অভিনেত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বাইরের অপরিচিত মানুষ তাঁর বিবাহিত জীবনের বাস্তবতা ঠিক করে দিতে পারে না।

বলিউডের অন্যতম জনপ্রিয় ও চর্চিত তারকা দম্পতি আলিয়া ভাট এবং রণবীর কাপুর। ২০২২ সালের এপ্রিল মাসে ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে সাতপাকে বাঁধা পড়েছিলেন তাঁরা। কিন্তু বিয়ের পর থেকেই সোশাল মিডিয়ায় তাঁদের সম্পর্ক নিয়ে নানা চুলচেরা বিশ্লেষণ চলে আসছে। তাঁদের সাক্ষাৎকার, মন্তব্য কিংবা জনসমক্ষে উপস্থিতি— সবকিছুকেই আতশকাচের নিচে রেখে নেটিজেনদের একাংশ এমন ধারণা তৈরি করার চেষ্টা করেছেন যে, এই দাম্পত্যে আলিয়া নাকি মানিয়ে চলছেন। এবার এই সমস্ত ভিত্তিহীন জল্পনা ও ট্রোলিংয়ের বিরুদ্ধে সরব হলেন আলিয়া ভাট। এমন ধারণাকে ‘অপমানজনক’ আখ্যা দিয়ে অভিনেত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বাইরের অপরিচিত মানুষ তাঁর বিবাহিত জীবনের বাস্তবতা ঠিক করে দিতে পারে না।
সম্প্রতি ‘টাইম’ (TIME) ম্যাগাজিনের ‘TIME100 Next India’ ফিচারে সাক্ষাৎকার দেওয়ার সময় রণবীরের সঙ্গে তাঁর দাম্পত্য নিয়ে চলা লাগাতার চর্চা প্রসঙ্গে মুখ খোলেন আলিয়া। নেটিজেনদের তৈরি করা মনগড়া গল্পের তীব্র বিরোধিতা করে তিনি বলেন, “আমি এমন একজন মানুষ যে সবসময় নারীদের নিজের মন ও হৃদয়ের কথা শুনে চলার পক্ষে সওয়াল করি। সেখানে আমাকে এমন একজন হিসেবে ছোট করে দেখানো, যে কি না এই সমস্ত কাল্পনিক পরিস্থিতির মধ্যে দিয়ে কষ্ট পাচ্ছে— তা অত্যন্ত অপমানজনক।”
ধ্যানধারণাকে চ্যালেঞ্জ জানায় বলেই হয়তো মানুষের এত কৌতূহল ও কাটাছেঁড়া। নিজের দাম্পত্যের গভীরতা বুঝিয়ে অভিনেত্রী বলেন, “যেকোনও সম্পর্কের মূল ভিত্তি হল যখন কোনও বাড়তি প্রচেষ্টা ছাড়াই সঙ্গী আপনাকে বুঝতে পারেন, এবং কোনও কথা না বললেও আপনার মনের কথা শুনতে পান— আমার কাছে রণবীর ঠিক তেমনই, আর এটাই আমাদের বাস্তব।”
২০২৩ সালের অগস্ট মাসে ‘ভোগ ইন্ডিয়া’ (Vogue India)-কে দেওয়া এক সাক্ষাৎকারের পর থেকেই রণবীর-আলিয়ার সম্পর্ক নিয়ে নেটপাড়ায় বিতর্ক তুঙ্গে ওঠে। সেখানে আলিয়া জানিয়েছিলেন, রণবীর তাঁর ঠোঁটের স্বাভাবিক রং বেশি পছন্দ করেন এবং মাঝেমধ্যে লিপস্টিক মুছে ফেলতে বলেন। নিতান্তই সাধারণ এই ব্যক্তিগত কথাটি নিয়ে সোশাল মিডিয়ায় ঝড় ওঠে। অনেকেই রণবীরের এই আচরণকে ‘নিয়ন্ত্রণকারী’ (controlling) বলে দাগিয়ে দিয়ে তাঁকে ‘রেড ফ্ল্যাগ’ তকমা দেন।
মাসখানেক ধরে চলা এই সমালোচনার জবাব আলিয়া দিয়েছিলেন ২০২৩ সালের নভেম্বরে ‘কফি উইথ করণ সিজন ৮’-এর মঞ্চে। স্বামীর পাশে দাঁড়িয়ে তিনি স্পষ্ট করেছিলেন যে, তাঁর কথাটিকে ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে এবং সোশ্যাল মিডিয়ায় রণবীরকে যেভাবে উপস্থাপন করা হচ্ছে, বাস্তবের মানুষটি মোটেও তেমন নন।
অন্যদিকে, পেশাগত জীবনে বর্তমানে ‘রামায়ণ’ ছবির আকাশছোঁয়া সাফল্য উপভোগ করছেন রণবীর কাপুর। এর পরেই সঞ্জয় লীলা বনশালির বহুল প্রতীক্ষিত ছবি ‘লাভ অ্যান্ড ওয়ার’ (Love & War)-এ ফের একবার স্ত্রী আলিয়া ভাটের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন তিনি। ছবিটিতে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে ভিকি কৌশলকেও। সবকিছু ঠিকঠাক থাকলে ২০২৭ সালের জানুয়ারি মাসে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই ছবি।
