Kanchan-Sreemoyee: কাঞ্চন দাদু আমি নাতনি! কোন বোমা ফাটালেন শ্রীময়ী?
Kanchan Mullick, Sreemoyee Chattoraj: বয়সের ফারাক নিয়ে খোঁটা দেওয়ার শেষ নেই। এতদিন চুপ থাকলেও এবার আসরে নামলেন শ্রীময়ী। সোশাল মিডিয়ায় কী এমন পোস্ট করলেন, যা দেখে শোরগোল নেটপাড়ায়? বিস্তারিত জানতে পড়ুন...

টলিপাড়ায় চর্চার আর এক নাম কাঞ্চন মল্লিক (Kanchan Mullick) ও শ্রীময়ী চট্টরাজ (Sreemoyee Chattoraj)। ২০২৪ সালে তাঁদের বিয়ে থেকে শুরু করে সংসার জীবন, সবকিছু নিয়েই নেটপাড়ায় শোরগোল লেগেই থাকে। তাঁদের প্রথম সন্তান কৃষভিকে নিয়েও কটাক্ষ করতে ছাড়েননি নেটিজেনরা। এরপর এই বছর জুলাই মাসে তাঁদের দ্বিতীয় সন্তান কৃষভের জন্ম হয়। তবুও দুজনের বয়সের ফারাক নিয়ে খোঁটা দেওয়ার শেষ নেই। অনেকেই তাঁদের ‘দাদু-নাতনি’ বলে কটাক্ষ করেন। এবার নিন্দুকদের একদম মোক্ষম জবাব দিলেন শ্রীময়ী। তাও আবার এক দারুণ চমকের সঙ্গে!
আন্তর্জাতিক পুরুষ দিবসে সোশাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করেছেন শ্রীময়ী। ছবিতে দেখা গিয়েছে, কাঞ্চন সেজেছেন একদম বয়স্ক দাদুর সাজে। আর তাঁর পাশে অল্পবয়সী মিষ্টি লুকে ধরা দিয়েছেন শ্রীময়ী। ছবির ক্যাপশনেই লুকিয়ে আছে আসল মজা। যাঁরা তাঁদের নিয়ে সবসময় চিন্তিত থাকেন, সেই কটাক্ষকারীদের উদ্দেশ্যে অভিনেত্রী লেখেন, তিনি নাকি তাঁদের মনের ইচ্ছা পূরণ করেছেন। কমেন্ট বক্সের জনপ্রিয় ‘দাদু-নাতনি’ জুটিকে প্রথমবার নিজের প্রোফাইল থেকে শেয়ার করলেন। শেষে মজা করে প্রশ্নও ছুড়ে দিয়েছেন- “এবার খুশি তো আপনারা? কেমন লাগল জানাবেন।”
এখানেই শেষ নয়, আসল চমক ছিল পোস্টের পরের অংশে। শ্রীময়ী জানান, এই জুটি যদি কারও পছন্দ না হয়, তবে মন খারাপের কোনও কারণ নেই। খুব শীঘ্রই নাকি দাদুর আরও এক ‘ছোট্ট বউ’-এর দেখা মিলবে! কথাটা শুনে চমকে উঠলেন? আসলে এটি কাঞ্চনের নতুন কাজের প্রচার। আগামী ২৩ নভেম্বর থেকে সোনি আট (Sony AATH) এবং সোনি লিভ (Sony LIV)-এ আসছে নতুন শো ‘ভূত গিন্নি জিলিপিলতা’। সেখানেই কাঞ্চনকে দেখা যাবে নতুন রূপে। শ্রীময়ী মজা করে লিখেছেন, এই শো দেখতে ভুললে নাকি তাঁর থেকেও ছোট্ট বউকে মিস করে যাবেন দর্শকরা।
নিন্দুকদের খোঁচা দিলেও, স্বামীর প্রতি ভালোবাসা প্রকাশ করতে ভোলেননি শ্রীময়ী। পোস্টের শেষে কাঞ্চনকে আন্তর্জাতিক পুরুষ দিবসের শুভেচ্ছা জানিয়েছেন তিনি। আদর করে স্বামীকে ‘মাম্মা’ বলে ডেকে ‘আই লাভ ইউ’-ও লিখেছেন। বিয়ের পর থেকেই নানা বিতর্ক পেরিয়ে দুই সন্তান কৃষভি ও কৃষভকে নিয়ে সুখে সংসার করছেন এই তারকা দম্পতি। কখনও তাঁরা সমালোচনায় কান দেননি। এবার সেই সমালোচনাকেই হাতিয়ার করে যেভাবে স্বামীর নতুন কাজের প্রচার সারলেন শ্রীময়ী, তা দেখে নেটিজেনদের অনেকেই বেশ মজা পেয়েছেন।
