AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kalyan Chaubey: AIFF-এর যোগ্য সভাপতি নন কল্যাণ, হস্তক্ষেপ চেয়ে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীকে চিঠি বাইচুংদের

AIFF: একদিকে ফেডারেশন বলছে আর্থিক সমস্যা তাই ঘরোয়া ফুটবল লিগ চালু করা যাচ্ছে না কিন্তু ব্রাজিল ও উরুগুয়ের মতো দেশের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ আয়োজন করতে বিপুল অর্থ ব্যয় করা হচ্ছে। এই ম্যাচগুলি করে আখেরে কোনও লাভ হয়নি বলে কটাক্ষও করেছেন তাঁরা।

Kalyan Chaubey: AIFF-এর যোগ্য সভাপতি নন কল্যাণ, হস্তক্ষেপ চেয়ে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীকে চিঠি বাইচুংদের
ফাইল ছবিImage Credit: PTI
| Edited By: | Updated on: Nov 19, 2026 | 3:31 PM
Share

কলকাতা: সময়টা একদমই ভাল যাচ্ছে না কল্যাণ চৌবের। দিন কয়েক আগেই ইলেকটোরাল কলেজের জন্য তাঁর নাম পাঠিয়েও প্রত্যাহার করে নিয়েছে দমন-দিউ ফুটবল সংস্থা। এর ফলে আদৌ তিনি পরবর্তী ভোটে ফেডারেশনের সভাপতি হওয়ার জন্য লড়তে পারবেন কি না, জানা নেই তাঁর। এর মধ্যে ভারতীয় ফুটবলের বর্তমান বর্তমান পরিস্থিতি হয়ে চরম উদ্বিগ্ন হয়ে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর দ্বারস্থ হয়েছেন প্রাক্তন ফুটবলাররা। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডব্যকে চিঠি দিলেন বাইচুং ভুটিয়াসহ ১৫ জন প্রাক্তন ভারতীয় ফুটবলার।

ফেডারেশনের কাজে হস্তক্ষেপ করার পাশাপাশি আগামী মেয়াদের জন্য একজন ‘দক্ষ’ ব্যক্তিকে ফেডারেশনের নেতৃত্বে আনার দাবি জানিয়েছেন তাঁরা। চিঠিতে ভারতের ফুটবল নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এই প্রাক্তন ফুটবলাররা। তাঁদের দাবি, এই সময়ে ভারতের ফুটবলের জাতীয় ক্রমতালিকায় পতন হয়েছে। ফিফা ক্রমতালিকায় আগে ভারত ছিল ৯৫ নং স্থানে। এখন ভারত রয়েছে ১৩৮ নং স্থানে। তাঁদের মতে, এই পরিসংখ্যানই দেশের ফুটবলের বর্তমান দুরবস্থার পরিচয় দিচ্ছে। একদিকে ভারত নিজেকে আন্তর্জাতিক ক্রীড়াক্ষেত্রে শক্তিশালী দেশ হতে চাইছে ও ভবিষ্যতে অলিম্পিক আয়োজনের স্বপ্ন দেখছে, সেখানেই ভারতের এই অবস্থা হতাশাজনক।

একই সঙ্গে ফেডারেশনের আর্থিক পরিকল্পনা নিয়েও প্রশ্ন তুলছেন প্রাক্তন ফুটবলাররা। তাঁদের বক্তব্য, একদিকে ফেডারেশন বলছে আর্থিক সমস্যা তাই ঘরোয়া ফুটবল লিগ চালু করা যাচ্ছে না কিন্তু ব্রাজিল ও উরুগুয়ের মতো দেশের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ আয়োজন করতে বিপুল অর্থ ব্যয় করা হচ্ছে। এই ম্যাচগুলি করে আখেরে কোনও লাভ হয়নি বলে কটাক্ষও করেছেন তাঁরা। আরও অভিযোগ, এই আন্তর্জাতিক ম্যাচগুলির জন্য ভারত আসিয়ান চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণের সুযোগ থেকেও সরে দাঁড়িয়েছিল।

তাঁরা এও বলেছেন, একটা সুষ্ঠু ফুটবল লিগ ঠিক করে আয়োজন করতে পারে না ফেডারেশন। এমনকি এদের জন্যই জামশেদপুর এফসির মত ক্লাব বন্ধ হয়ে গিয়েছে, অনেক ফুটবলার কর্মহীন হয়ে পড়েছেন। এর পাশাপাশি সাফ নিয়েও প্রস্তুতি শিবির আয়োজন করতে ব্যর্থ ভারত। ফলে এই ফেডারেশনের কর্তারা একদমই যোগ্য নয়। তবে চিঠির শেষাংশে প্রাক্তন ফুটবলাররা স্পষ্ট জানিয়েছেন, দেশের ফুটবলের স্বার্থেই তাঁরা এই আবেদন জানাচ্ছেন। তাঁদের বক্তব্য, ভারতীয় ফুটবলের উন্নতির জন্য অবিলম্বে এমন একজন যোগ্য ব্যক্তির হাতে ফেডারেশনের দায়িত্ব দেওয়া হোক, যিনি যোগ্য ও যিনি দেশের ফুটবলকে সঠিক দিশা দেখতে পারবেন।

এই চিঠিতে বাইচুং ছাড়াও স্বাক্ষর করেছেন দীপক মন্ডল, অরিন্দম ভট্টাচার্য, রেনেডি সিং, আনোয়ার আলি, ধনচন্দ্র সিং, অ্যালভিটো ডি কুনহা, বলবন্ত সিং, শেহনাজ সিং, সতীশ ভারতী, মন্জিত সিং, হরপ্রীত সিং, হরমনজ্যোৎ সিং খাবড়া, বলদীপ সিং প্রমুখ। তবে, AIFF এর বর্তমান নেতৃত্বকে ঘিরে প্রাক্তন ফুটবলারদের অসন্তোষ এবার প্রকাশ্যে চলে এসেছে। এবার মনসুখ মাণ্ডব্যর কমিটি কোন পদক্ষেপ নেয়, সেই দিকেই তাকিয়ে রয়েছে ফুটবলমহল।

Follow Us