AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sweater hacks: সাধের সোয়েটার থেকে রোয়া উঠছে? না খুঁচিয়ে এটা করুন

Winter fashion tips: শীতের আমেজ গায়ে লাগতেই ট্রাঙ্ক থেকে সোয়েটার বার করে মন খারাপ? রোয়া উঠে পুরনো হয়ে যাওয়া সাধের সোয়েটার ফেলবেন না। বাড়ির সাধারণ কয়েকটা জিনিস দিয়েই কীভাবে তা নতুনের মতো করবেন, জেনে নিন।

Sweater hacks: সাধের সোয়েটার থেকে রোয়া উঠছে? না খুঁচিয়ে এটা করুন
কী কী করবেন?Image Credit: AI Tool
| Updated on: Nov 19, 2026 | 3:24 PM
Share

শীতের সোয়েটার (Winter Sweater) নিয়ে প্রতি বছর এই এক জ্বালা! ভোরের দিকে সবে একটু ঠান্ডা ভাব এসেছে। ন্যাপথলিনের গন্ধ মাখা ট্রাঙ্ক বা আলমারির ওপরের তাক থেকে সাধের সোয়েটারটা বার করলেন। আর বার করেই মুখটা ভার! এক বছর ভাঁজ হয়ে পড়ে থেকে পুরো গায়ে গুটি গুটি রোয়া উঠে গিয়েছে। দেখতে এমনই পুরনো লাগছে যে পরতে ইচ্ছেই করছে না। কিন্তু তাই বলে শখের জিনিসটা বাতিল করে দেবেন? একদমই না। বাড়িতেই খুব সাধারণ কয়েকটা জিনিস আছে, যা দিয়ে মিনিট পাঁচেকের মধ্যেই আপনার সোয়েটার আবার ঝকঝকে হয়ে যাবে।

কী কী করবেন?

রেজার আর সেলোটেপ বাথরুমে পড়ে থাকা সাধারণ দাড়ি কামানোর রেজারটা কিন্তু এখানে দারুণ কাজে দেয়। তবে নতুন ব্লেড হলে ভালো হয়। প্রথমে সোয়েটারটা বিছানার ওপর টানটান করে বিছিয়ে নিন। এবার খুব আলতো হাতে, একদিক থেকে রেজারটা টানুন। দেখবেন, জমে থাকা রোয়াগুলো কেমন সুন্দর উঠে আসছে। শুধু খেয়াল রাখবেন, তাড়াহুড়ো করে জোরে চাপ দেবেন না। তাতে উলের সুতো কেটে যেতে পারে।

রোয়া তোলার পর যদি ছোট ছোট আঁশ গায়ে লেগে থাকে, তাহলে হাতের আঙুলে চওড়া সেলোটেপ উল্টো করে পেঁচিয়ে নিন। তারপর সোয়েটারের ওপর হালকা করে চেপে তুললেই সব ময়লা আর আলগা রোয়া পরিষ্কার হয়ে যাবে।

পিউমিস স্টোন বা সোয়েটার চিরুনি দাড়ি কামানোর রেজার চালাতে গিয়ে যদি শখের সোয়েটার কেটে যাওয়ার ভয় থাকে, তবে আরও নিরাপদ উপায় আছে। বাজারে বা অনলাইনে খুব কম দামেই ‘সোয়েটার চিরুনি’ কিংবা ‘ফ্যাব্রিক শেভার’ কিনতে পাওয়া যায়। এগুলো দিয়ে পরিষ্কার করলে উল কাটার কোনও ভয় থাকে না, শুধু ওপরের আলগা রোয়াগুলোই উঠে আসে। আর বাড়িতে যদি পা ঘষার সাধারণ পিউমিস স্টোন থাকে, তবে তা দিয়েও দারুণ কাজ হয়। মোটা উলের সোয়েটারের ওপর একদিকে খুব হালকা হাতে পিউমিস স্টোন ঘষলেই জট পাকানো রোয়াগুলো সহজে আলাদা হয়ে যাবে।

কাচার সময় একটু সাবধান রোয়া ওঠা আটকাতে হলে সোয়েটার কাচার নিয়মটাও একটু বদলাতে হবে। সাধারণ গুঁড়ো সাবান দিয়ে কখনওই উলের পোশাক কাচবেন না। ঠান্ডা জলে অল্প লিকুইড সাবান গুলে, সোয়েটারটা উল্টো করে কেচে নিন। আর একটা কথা, ধোয়ার পর দড়িতে ঝুলিয়ে বা চড়া রোদে শুকোতে দেবেন না। এতে সোয়েটারের মাপ নষ্ট হয়ে যায়, আর রোয়াও বাড়ে। ছায়ায় কোনও সমান জায়গায় তোয়ালে বিছিয়ে শুকিয়ে নিন। ব্যস, সামান্য এই যত্নেই আপনার প্রিয় সোয়েটার থাকবে একদম নতুনের মতো।

Follow Us