Bigg Boss Bangla: ‘নিজের চরিত্রের যত্ন নাও…!’ সৃজলার পিরিয়ডস নিয়ে সত্যিই কুমন্তব্য রাজবীরের? সত্য ফাঁস নন্দিনীর
Bigg Boss Bangla: আড়ালে ‘আই লাভ ইউ’, অথচ কেউ বললেই চরিত্রহনন? জীতু-সৃজলাকে নিয়ে রাজবীরের মন্তব্যে ধুন্ধুমার কাণ্ড বিগ বসের ঘরে! আর সেই অশান্তির মাঝেই নন্দিনীর নাম উঠতেই ভিডিও বার্তায় বিস্ফোরক জবাব অভিনেত্রীর। ঠিক কী বললেন তিনি?

বিগ বস বাংলা (Bigg Boss Bangla)-র ঘর মানেই প্রতিদিন নতুন সমীকরণ, চাপা ক্ষোভ আর আচমকা বিস্ফোরণ। তবে এবার আর অশান্তি শুধু বাড়ির চার দেওয়ালের মধ্যে আটকে রইল না, তার আঁচ সরাসরি এসে লাগল ঘরের বাইরেও! অভিনেতা জীতু কমলকে নিয়ে মন্তব্য করাকে কেন্দ্র করে রাজবীর দে-র সঙ্গে তুমুল বচসায় জড়ালেন সৃজলা গুহ। আর সেই ঝগড়ার মাঝেই নিজের নাম টেনে আনায় এবার আর চুপ থাকতে পারলেন না নন্দিনী দত্ত। সোজা ভিডিয়ো বার্তায় সৃজলাকে পাল্টা জবাব দিলেন তিনি।
কী নিয়ে শুরু হল ধুন্ধুমার?
বিগ বসের ঘরে কারও আড়ালে কথা বললে তা বেশিদিন চাপা থাকে না। সম্প্রতি ঘরের বাকি সদস্যদের কাছে জীতু কমল এবং সৃজলাকে নিয়ে কিছু মন্তব্য করেছিলেন রাজবীর। সেই কথাই নিরঞ্জনের মাধ্যমে কানে যেতেই রীতিমতো রেগে আগুন হয়ে যান সৃজলা। রাজবীরের বিরুদ্ধে সরাসরি চরিত্রহননের অভিযোগ তুলে শুরু করেন চিৎকার-চেঁচামেচি। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে। রাগের মাথায় ঝগড়া করতে করতেই রাজবীর এবং নন্দিনীর সম্পর্কের প্রসঙ্গ টেনে আনেন সৃজলা। কটাক্ষের সুরে রাজবীরকে বলেন, “সবাইকে তোর মতো নিচ ভাবিস? নিজের মতো মনে করিস?”
অন্যদিকে, সোশাল মিডিয়ায় নেটিজেনদের একাংশের মত অনুযায়ী, সৃজলার পিরিয়ডস হওয়া নিয়ে নাকি রাজবীর হাসাহাসি এবং কুমন্তব্য করেছেন। তবে এই বিষয়টিকে সম্পূর্ণ ভুল বলে উড়িয়ে দিয়েছেন নন্দিনী। খেলা থেকে বেরিয়ে যাওয়ার পরও ঘরের ভেতর নিজের নাম জড়াতেই ক্ষোভে ফেটে পড়েন তিনি। সোশাল মিডিয়ায় একটি ভিডিয়ো পোস্ট করে নন্দিনী বলেন, “আমি আজকের এপিসোড দেখেছি। আমি জাস্ট এপিসোড দেখে রিভিউ দিই না। বিগ বস রীতিমতো ফলো করি। লাইভেও যাতে কিছু মিস না করি, সেটা নিশ্চিত করি। আমি কালকের কথোপকথনটা দেখেছি। এমন কিছু দেখিনি যেখানে ওর ঋতুস্রাব নিয়ে কিছু বলা হয়েছে। তাই আজ গোটা দিন অপেক্ষা করেছিলাম যে এপিসোডে কিছু দেখতে পাব কিনা, তাহলে বলব ‘রাজবীর এটা ভুল করেছে।’ কিন্তু ও তো কোথাও এরকম কিছু বলেনি। এটা কোথা থেকে আসছে?”
এখানেই থামেননি নন্দিনী। সৃজলার দিকে পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়ে তিনি আরও বলেন, “ওই আলোচনায় সবাই অংশ নিয়েছিল। সবাই ওর থেকে জানতে চেয়েছিল যে ও কী দেখেছে, তখনই ও জানিয়েছে। এটাকে যদি চরিত্রহনন করা বলে, তাহলে আমাকে এতগুলো দিন, ১০ সপ্তাহ ধরে যা যা বলা হয়েছে, আমার বিছানা শেয়ার করা থেকে আরও অনেক কিছু নিয়ে যে নোংরা মন্তব্য করা হয়েছে তাহলে সেগুলো কী? ওগুলো কি চরিত্রহনন করা নয়?”
নন্দিনী বলেন, “তোমরা ওদের সামনে নিজেদের সম্পর্ক মানছ না, আর আমরা মেনেছিলাম। বাড়ির সবাই না দেখতে পেলেও, আমরা দর্শকরা দেখতে পাচ্ছি কিন্তু সবটা। ‘আই লাভ ইউ’ বলাবলি চলছে, কিন্তু ওদের সামনে বলছ না বলে ওটা চরিত্রহনন হয়ে গেল? তোমাকে তোমার নিজের চরিত্রের যত্ন নিতে হবে সোনা। আমাকে নিয়ে যদি বাইরে কথা হয়, তাহলে সেটা আমার দায়িত্ব যে আমায় নিয়ে বাইরে কী কথা হচ্ছে সেটা দেখা।”
সবশেষে বিরক্তি প্রকাশ করে নন্দিনী বলেন, “আমি গেম থেকে বেরিয়ে গিয়েছি, এখনও আমাকে টেনে কথা বলা হচ্ছে। আমায় নিয়ে অবসেসড পুরো। কিন্তু তুমি চাইলেও নন্দিনী হতে পারবে না। আর রাজবীর যখন কিছু দেখে সেটা বলছিল সবাই তাতে অংশ নিয়েছিল। কেউ যদি কিছু দেখতে পায় সেটা নিয়ে তো আলোচনা হবেই। এটা কী আচরণ?” সব মিলিয়ে, বিগ বসের ঘরের অন্দরের চেয়ে বাইরের লড়াইও এখন বেশ জমে উঠেছে। নন্দিনীর এই কড়া জবাবের পর এবার খেলার মোড় কোন দিকে ঘোরে, সেটাই দেখার।
