Bigg Boss 20: ‘মেরি কমের থেকে সাবধান!’ বিগ বসের প্রতিযোগীদের কেন সতর্ক করলেন প্রিয়াঙ্কা?
Priyanka Chopra Mary Kom: বিগ বস ২০-র ঘরে পা রাখলেন অলিম্পিক পদকজয়ী বক্সার মেরি কম। আর শো শুরু হতেই অন্য প্রতিযোগীদের কড়া হুঁশিয়ারি দিলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। কী বলেছেন তিনি?

মেরি কম (Mary Kom)—রিংয়ের ভেতর যাঁর এক একটা ঘুঁষিতে ঘায়েল হতেন বাঘা বাঘা খেলোয়াড়রা, সেই বিশ্বজয়ী বক্সার এবার সোজা ঢুকে পড়লেন ছোট পর্দার সবথেকে চর্চিত রিয়্যালিটি শো ‘বিগ বস ২০’-র অন্দরে। গত রবিবার, ৬ সেপ্টেম্বর সঞ্চালক সলমন খানের হাত ধরে শুরু হয়েছে এই নতুন মরসুম। আর সেখানেই প্রতিযোগী হিসেবে সবাইকে চমকে দিয়ে হাজির হলেন পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন তথা অলিম্পিকজয়ী তারকা। আগামী ১০৫ দিন ক্যামেরার কড়া নজরদারিতে ঘরের নানা লড়াইয়ের মুখে পড়তে চলেছেন তিনি।
তবে খেলা শুরু হতেই আসরে নেমে পড়লেন তাঁর পুরনো বন্ধু এবং বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra)। ২০১৪ সালে মেরির জীবনের গল্প নিয়ে তৈরি হওয়া বায়োপিকে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন প্রিয়ঙ্কা। সেই সুবাদে দুজনের বন্ধুত্ব বহু পুরনো। শোয়ের প্রথম দিনেই এক বিশেষ ভিডিয়ো বার্তা পাঠিয়ে সবাইকে চমকে দেন পিগি চপস। বন্ধুকে শুভকামনা জানানোর পাশাপাশি ঘরের অন্য সব প্রতিযোগীকে মজার ছলে সাবধানও করে দেন তিনি।
কী বলে সাবধান করেছেন তিনি?
ভিডিয়োতে অভিনেত্রীকে বলতে শোনা যায়, ‘ওঁর নকআউট পাঞ্চ কিন্তু খুব মারাত্মক হয়, সামলে থাকবেন সবাই!’ এরপরেই মেরির উদ্দেশে প্রিয়াঙ্কা বলেন, ‘মেরি, তুমি ঠিক যেমন মানুষ, তেমনই থাকবে। একদম খোলা মনে মন খুলে খেলো। তোমার এই নতুন যাত্রা দেখার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি। অনেক অনেক ভালোবাসা রইল।’
উল্লেখ্য, ওমুং কুমার পরিচালিত এবং সঞ্জয় লীলা বনশালি প্রযোজিত সেই ‘মেরি কম’ ছবিটি ৬২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা জনপ্রিয় ছবির সম্মান পেয়েছিল। বক্সিং রিং ছেড়ে এবার বাস্তব জীবনের নতুন এক রিংয়ে লড়াই শুরু করলেন এই কিংবদন্তি খেলোয়াড়। এখন দেখার, প্রিয়াঙ্কার সেই সাবধানবাণীর পর ঘরের বাকি সদস্যরা মেরি কমকে কীভাবে সামলান।
প্রসঙ্গত, এই শো দেখা যাচ্ছে রাত ৯টায় ওটিটি প্ল্যাটফর্ম জিয়োহটস্টারে এবং রাত সাড়ে ১০টায় কালার্স চ্যানেলে। মেরি কম ছাড়াও এবারের আসরে রয়েছেন আসিফ খান, কণিকা মান, তানময় সিংহ (স্কাউটওপি), আম্রপালী দুবে, মাহি ভিজ, ইয়ং ডিএসএ, কাজী তৌকির, অরিফা খান, রোহেদ খান, ইশা রিখি এবং গুল্লু (কুশল তানওয়ার)-এর মতো চেনা মুখেরা।
