AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bigg Boss Bangla: ‘নিজের লোকের পিঠে ছুরি বসাও!’ দুর্নিবারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ অনুষ্কার

Bigg Boss Bengali update: 'তুমি নিজের লোকের পিঠে ছুরি বসাও!' বিগ বসের ঘরে হঠাৎই তাল কাটল। যে দুর্নিবারের সঙ্গে প্রথম দিন থেকে এত বন্ধুত্ব, তাঁর ওপর কেন হঠাৎ রেগে আগুন অনুষ্কা? তবে কি সমীকরণ বদলাচ্ছে? কী ঘটেছে বিগ বসের ঘরে?

Bigg Boss Bangla: 'নিজের লোকের পিঠে ছুরি বসাও!' দুর্নিবারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ অনুষ্কার
কী ঘটেছে দুজনের মধ্যে?
| Updated on: Oct 01, 2026 | 2:50 PM
Share

বিগ বস বাংলা (Bigg Boss Bangla)-র ঘরে এখন টানটান উত্তেজনা! ওয়াইল্ড কার্ড হিসেবে এন্ট্রি নিয়েই চমক দিয়েছেন অনুষ্কা ঘোষ (Anushka Ghosh)। ঘরে ঢুকেই গায়ক দুর্নিবার সাহার সঙ্গে তাঁর দারুণ বন্ধুত্ব হয়ে গিয়েছিল। কিন্তু ক’দিন যেতে না যেতেই এ কী হল! হঠাৎ করেই দু’জনের মধ্যে তুমুল ঝগড়া। অনুষ্কা তো রেগেমেগে বলেই বসলেন, “তুমি নিজের লোকের পিঠে ছুরি বসাও!” কিন্তু সত্যিই কি তাঁদের বন্ধুত্ব ভেঙে গিয়েছে? নাকি এর পিছনে রয়েছে অন্য কোনও রহস্য?

রাজনীতির টাস্কে জীতু কমলের চালাকির জন্য এই সপ্তাহের লাক্সারি বাজেট হাতছাড়া হয়েছে। কিন্তু কে এই কাজ করেছে, তা নিয়ে সবার মনেই সন্দেহ। এর মধ্যেই দুর্নিবার গিয়ে অনুষ্কাকে চেপে ধরেন। ব্যস, শুরু হয়ে যায় কথা কাটাকাটি। রেগে গিয়ে অনুষ্কা বলেন, “সোনামণিদি বলার পরও, দুর্নিবার জিজ্ঞেস করছে ‘তুই করেছিস, তুই করেছিস?’ পাগল নাকি?” পাশ থেকে নিরঞ্জন মণ্ডলও ফোড়ন কাটেন, “যার যার নিজের স্বভাব সেটাই…”।

অনুষ্কার দাবি, তিনি দুর্নিবারকে সাহায্য করলেও গায়ক তাঁকে সন্দেহ করছেন। ক্ষুব্ধ অনুষ্কা বলেন, “ও কী ভাবছে আমাকে কিনে নিয়েছে, ওর একটা হেল্প করেছি বলে? আমি কিন্তু ওকে বলি সব, তারপরও সন্দেহ করছে।” এরপর তিনি সোজাসুজি দুর্নিবারকে উদ্দেশ্য করে তোপ দাগেন, “তুমি কে হ্যাঁ? তুমি নিজের লোকের পিঠে ছুরি বসাও, এরা সেটা করে না।”

আসল সত্যিটা কী?

দর্শকদের মনে হতেই পারে যে দুই বন্ধুর মধ্যে বোধহয় চিরকালের মতো দেওয়াল উঠে গেল। কিন্তু আসল সত্যিটা জানলে চমকে যাবেন! গোটা ঝগড়াটাই আসলে সাজানো। রাজনীতি টাস্কের পর রাজবীর দে অনুষ্কাকে তাঁদের দলে যোগ দেওয়ার প্রস্তাব দেন। অনুষ্কা তখনই দুর্নিবারের সঙ্গে বসে ছক কষেন। তিনি এসে দুর্নিবারকে বলেন, “আমার কাছে একটা অফার এসেছে ওদের দলে যাওয়ার।”

দুর্নিবার সেই কথার জবাবে বলেন, “প্ল্যান ছিলই তো। ওদের নিজের লড়াইটা বলিস না শুধু।” তখন অনুষ্কা নিজের মাস্টারপ্ল্যান ফাঁস করে বলেন, “আর এভাবে কথা বলা যাবে না। আমি তোমার সঙ্গে ঝগড়া করব। কথা কাটাকাটি করব আমি। অফিসিয়ালি বেরোব, এরকম ভাবে না। এরকম ভাবে হলে ওরা দলের ব্যাপারে কিছু বলবে না। আমার জানা প্রয়োজন সব কিছু।”

জীতুর কাছে ধরা পড়ল নাটক!

অনুষ্কা আর দুর্নিবার যতই বুদ্ধি খাটান না কেন, জীতুর চোখে ধুলো দেওয়া অত সোজা নয়! জীতু ঠিকই ধরে ফেলেছেন যে এটা নেহাতই লোক দেখানো ঝামেলা। তিনি রাজবীরকে সাবধান করে বলেন, “অনুষ্কা যেটা করছে, সেটা নাটক করছে। লোক দেখানো ঝামেলা।”

রাজবীর অবাক হয়ে জিজ্ঞেস করেন, “গট আপ মানে কী?” জীতু তখন তাঁকে বুঝিয়ে বলেন, “মানে ও আর দুর্নিবার আগে ঠিক করে নিয়েছে যে ঝামেলাটা করবে। যাতে কাছাকাছি আসতে পারে।” জীতুর কথা মেনে নিয়ে রাজবীরও বলেন, “ওকে বিশ্বাস করা যাবে না।”

সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঞ্চালনায় জমে উঠেছে বিগ বস। গত সপ্তাহে খেলা থেকে বিদায় নিয়েছেন সোহিনী পাল। এখন দেখার বিষয়, অনুষ্কার এই গুপ্তচরবৃত্তির প্ল্যান শেষ পর্যন্ত কতটা সফল হয়, আর খেলা কোন দিকে মোড় নেয়!

Follow Us