AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bigg Boss Bangla: জীতুর প্রেমের চিঠির উত্তর কি চুল কেটেই দিলেন সৃজলা?

Srijla Guha Bigg Boss Bangla: বিগ বসের ঘরে জীতুর প্রেমের চিঠির উত্তর কি তবে চুল কেটেই দিলেন সৃজলা? নমিনেশন থেকে তাঁকে বাঁচাতে এক কোপে সাধের চুল কাটলেন। আবার প্রতিশোধ নিতে মটনে মিষ্টির রস ঢেলে দু'জনেই চরম বোকা বনলেন! কী কী ঘটেছে বিগ বসের ঘরে?

Bigg Boss Bangla: জীতুর প্রেমের চিঠির উত্তর কি চুল কেটেই দিলেন সৃজলা?
কী কী ঘটেছে বিগ বসের ঘরে?
| Updated on: Nov 10, 2026 | 8:36 AM
Share

সৃজলা গুহ (Srijla Guha) এবং জীতু কমলের রসায়ন এখন বিগ বস বাংলার অন্দরে আলোচনার কেন্দ্রে! একদিকে চরম বন্ধুত্বের প্রমাণ ও মিষ্টি প্রেম, অন্যদিকে এক্কেবারে বাচ্চাদের মতো দুষ্টুমি। বিগ বসের বাড়িতে কখন যে কী হয়, তা সত্যিই আগে থেকে বোঝা মুশকিল। তবে জীতু আর সৃজলার সমীকরণ যেন এখন সব কিছুর উর্ধ্বে।

চুল কেটেই কি ভালোবাসার উত্তর দিলেন সৃজলা?

কিছুদিন আগেই বিগ বসের ঘরে এক দারুণ রোম্যান্টিক মুহূর্ত তৈরি হয়েছিল। সৃজলাকে মনের কথা জানিয়ে প্রপোজ করেছিলেন জীতু। মনের আবেগ উজাড় করে একটি প্রেমের চিঠিও দিয়েছিলেন তিনি। সৃজলা এখনও সেই চিঠির মুখে কোনও উত্তর দেননি। তবে অনেকে মনে করছেন, মুখে কিছু না বললেও কাজের মাধ্যমেই হয়তো প্রেমের উত্তরটা দিয়ে দিলেন সৃজলা!

সম্প্রতি নমিনেশন থেকে বাঁচার একটি টাস্ক দেওয়া হয়। বিগ বস জীতুকে জানান, তাঁকে নমিনেশন থেকে বাঁচাতে গেলে সৃজলাকে নিজের চুল কাটতে হবে। জীতু এতে একেবারেই রাজি ছিলেন না। তিনি সাফ জানিয়ে দেন, চুল কাটার থেকে তাঁর নমিনেটেড হওয়া অনেক ভালো। কিন্তু নিয়ম অনুযায়ী সৃজলাকে আগে প্রস্তাব দিতে হবে। সে যদি না রাজি হয়, তবেই জীতু নমিনেটেড হবেন। জীতু গিয়ে সৃজলাকে এই কথা বলতেই ঘটে যায় ম্যাজিক! বিন্দুমাত্র না ভেবে জীতুকে বাঁচাতে সাধের চুল কেটে ফেলেন সৃজলা। অনেকেই মনে করছেন, নিজের সাধের চুল কাটার এই চরম ত্যাগই হয়তো জীতুর ভালোবাসার আসল উত্তর! সবাই এমনকী বিগ বসও তাঁর নতুন লুকের প্রশংসা করেন।

জীতুও দারুণ আবেগপ্রবণ হয়ে পড়েন। সৃজলার কাটা চুল তিনি পরম যত্নে নিজের বিছানার নীচে রেখে দেন। অন্যদিকে, জীতু নিজেও নিরঞ্জনকে বাঁচাতে নিজের দাড়ি কেটে ফেলেন। তারপর বেশ মজার ছলেই সৃজলাকে বলেন, “মুখে একটু মাসাজ করে দেবে?”

এই আবেগের মাঝেই ঘরে তুমুল হাসির ঘটনাও ঘটেছে। রান্নাঘরে ডাল ও ছোলা নিয়ে তনুশ্রীর সঙ্গে সৃজলার বেশ কথা কাটাকাটি হয়। সেই ঝামেলার শোধ নিতে জীতুর সঙ্গে হাত মেলান সৃজলা। দু’জনে মিলে দারুণ এক কুবুদ্ধি আঁটেন। ডিম সেদ্ধ করার নাম করে রান্নাঘরে ঢুকে বিগ বসের পাঠানো স্পেশাল ম্যারিনেট করা খাসির মটনে সোজা মিষ্টির রস ঢেলে দেন তাঁরা! ভেবেছিলেন, ঝাল মাংস মিষ্টি হয়ে গেলে কেউ আর খেতে পারবে না।

কিন্তু খাওয়ার সময় হল চরম ফ্লপ! মাংস মুখে দিয়ে কারও কোনও অভিযোগ নেই। উল্টে সবাই বেশ চেটেপুটে মজা করেই সেই মাংস খেলেন। অবাক জীতু তখন সোনামণিকে গিয়ে কায়দা করে স্বাদ কেমন হয়েছে জিজ্ঞেস করেন। সোনামণির সরল উত্তর, “বেশ ব্যালেন্সড!” এই কথা শুনে জীতু আর সৃজলার তখন মাথা চুলকানোর দশা! শোধ নিতে গিয়ে তাঁরা নিজেরাই যে এমন চরম ফাঁদে পড়বেন, তা বোধহয় স্বপ্নেও ভাবেননি।

Follow Us