AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bigg Boss Bangla: মাঝ-সপ্তাহেই এভিকশনের খাঁড়া! খাবার-জলের সংকটের মাঝেই কি আজ বিদায় নিচ্ছেন দীপেন্দু?

Bigg Boss Bangla update: বিগ বসের ঘরে চরম উত্তেজনা! খাবার ও জলের অপচয় করায় সোজা প্রতিযোগীদের রেশন কেড়ে নিলেন বিগ বস। শর্ত একটাই, কঠিন টাস্ক জিতে তবেই মিলবে খাবার। এরই মাঝে আচমকা মাঝ-সপ্তাহে এভিকশন। আজই কি তবে ঘর ছাড়ছেন দীপেন্দু, নাকি বিদায় নেবেন ঝিলম?

Bigg Boss Bangla: মাঝ-সপ্তাহেই এভিকশনের খাঁড়া! খাবার-জলের সংকটের মাঝেই কি আজ বিদায় নিচ্ছেন দীপেন্দু?
কী ঘটেছে বিগ বসের ঘরে?
| Updated on: Oct 07, 2026 | 10:40 AM
Share

বিগ বসের ঘরে ফের টান টান উত্তেজনা। এতদিন ধরে অভিযোগ উঠছিল, প্রতিযোগীরা নাকি খাবার এবং নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের যথাযথ মূল্য বুঝছেন না। প্রয়োজনের তুলনায় খাবার ও জলের অপচয় হচ্ছিল বিস্তর। এবার সেই অপচয়ের কড়া মূল্য চোকাতেই হল প্রতিযোগীদের। সোজা সবার খাবার ও জল কেড়ে নিলেন বিগ বস।

লাক্সারি টাস্কের আগে আচমকাই প্রতিযোগীদের জানিয়ে দেওয়া হয়, টাস্ক ঠিকমতো সম্পন্ন করতে পারলেই তবে খাবার ও জল ফেরত পাওয়া যাবে। ফলে খাবার আর তেষ্টার জলের জন্যই লড়াইয়ে নামতে হয় প্রতিযোগীদের। টাস্কে ছিল একাধিক কঠিন চ্যালেঞ্জ। কখনও জল ভরতে হয়েছে, কখনও গম পেষাই করতে হয়েছে। আবার কোথাও বরফ ঘষতে হয়েছে, কোথাও বা টানা সাইকেল চালাতে হয়েছে। এই লড়াইয়ে ব্যক্তিগত এবং দলগত, দুইভাবেই নিজেদের প্রমাণ করার সুযোগ পেয়েছিলেন প্রতিযোগীরা।

এরই মাঝে ঝিলমকে নিয়ে শুরু হয় নয়া বিতর্ক। বাড়ির অন্যান্য সদস্যদের একাংশের দাবি, কাজের ক্ষেত্রে ঝিলমকে সেভাবে সক্রিয় দেখা যাচ্ছে না। সেই অভিযোগের জবাব দিতেই কি না, শেষ পর্যন্ত গম পেষাই করার কঠিন দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন তিনি। অন্যদিকে, টাস্কে রীতিমতো বাজিমাত করেন রাজবীর। সবাইকে পিছনে ফেলে সবচেয়ে বেশি কয়েন জমাতে সক্ষম হন তিনি। আর সেই কারণেই আগামী সপ্তাহের ক্যাপ্টেন হওয়ার দৌড়ে অনেকটাই এগিয়ে গেলেন রাজবীর।

তবে আসল চমক এল ঠিক এরপরেই। শনি-রবিবারের ‘দাদার দরবার’-এ এবার কোনও প্রতিযোগীকে বাদ দেওয়া হয়নি। ফলে কিছুটা স্বস্তিতেই ছিলেন সবাই। কিন্তু সেই স্বস্তি বেশিক্ষণ স্থায়ী হল না। বিগ বস আচমকাই ঘোষণা করলেন, আজ সপ্তাহের মাঝেই হবে এভিকশন!

কাকে বিদায় নিতে হবে আজ?

বিগ বসের এমন সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই মাথায় হাত বাড়ির সদস্যদের। কারণ সপ্তাহের মাঝপথে এভিকশনের ঘোষণা গোটা বাড়ির পরিস্থিতিকে একেবারে বদলে দিয়েছে। এমনিতেই ঝিলম এবং দীপেন্দুর কাজে একেবারেই খুশি নন বিগ বস। আর সেই কারণেই এই দু’জনকেই সরাসরি নমিনেট করেছিলেন তিনি। দীপেন্দুর তরফ থেকে সেভাবে কোনও রকম সক্রিয়তা দেখতে পাওয়া যাচ্ছে না। তাই বিগ বসের নিশানায় এখন সরাসরি দীপেন্দু। আর এতেই জল্পনা তুঙ্গে, তাহলে কি আজ তাঁর উপরেই নামতে চলেছে এভিকশনের খাঁড়া? এতদিন আড়ালে থাকলেও কি এবার বিগ বসের বলি হতে চলেছেন তিনিই? এমনকি, একটি বিশেষ সূত্র বলছে, আজই বিগ বসের ঘর থেকে বিদায় নিতে পারেন দীপেন্দু।

দীপেন্দু না ঝিলম, মাঝ-সপ্তাহে কার সফর শেষ হচ্ছে বিগ বসের ঘরে? উত্তর মিলবে আজকের এপিসোডেই। তবে তার আগে বিগ বসের অন্দরমহলে যে নতুন করে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে, তা বলাই যায়। সব নজর এখন একটাই দিকে, আজ কার বিদায় ঘণ্টা বাজতে চলেছে!

Follow Us