Bigg Boss Bangla: বিগ বসের ঘরে ঝড় তুলছেন তনুশ্রী! জলপাইগুড়িতে কে সামলাচ্ছে তাঁর শাড়ির ব্যবসা?
Bigg Boss Bangla updates: তবে ব্যবসায়ী হিসেবেও যে তনুশ্রীর এক সফল পরিচয় রয়েছে, তা হয়তো অনেকেরই জানা ছিল না। উত্তরবঙ্গের জলপাইগুড়ি শহরে একটি নিজস্ব ফ্যাশন বুটিক রয়েছে এই অভিনেত্রীর। যা কিনা বেশ জনপ্রিয়। আর বিগ বসে তনুশ্রীর উপস্থিতির কারণে তা আরও জনপ্রিয় হয়ে উঠেছে।

সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঞ্চালনায় ‘বিগ বস বাংলা সিজন ৩’ শুরু হতেই দর্শকদের মন কেড়েছেন ছোটপর্দার পরিচিত মুখ তনুশ্রী রায় দাস। গ্ল্যামার দুনিয়ার ঝলমলে আলোর পেছনে লুকিয়ে থাকা নিজের কঠিন লড়াই ও পথচলার গল্প শোনায়ে বিগ বসের ঘরে ইতোমধ্যেই সাড়া ফেলেছেন তিনি। তবে ব্যবসায়ী হিসেবেও যে তনুশ্রীর এক সফল পরিচয় রয়েছে, তা হয়তো অনেকেরই জানা ছিল না। উত্তরবঙ্গের জলপাইগুড়ি শহরে একটি নিজস্ব ফ্যাশন বুটিক রয়েছে এই অভিনেত্রীর। যা কিনা বেশ জনপ্রিয়। আর বিগ বসে তনুশ্রীর উপস্থিতির কারণে তা আরও জনপ্রিয় হয়ে উঠেছে।
খুব অল্প বয়সে বিয়ে এবং তার পরবর্তী নানা ঝড়ঝাপটা সামলে ব্যবসায়ী হিসেবে নিজের শক্ত জমি তৈরি করেছেন তনুশ্রী। তবে বর্তমানে ‘বিগ বস’-এর রিয়্যালিটি শোয়ের কারণে ক্যামেরার ওপারে বন্দি তনুশ্রী। এই পরিস্থিতিতে জলপাইগুড়ির বুটিকের ব্যবসা কে সামলাচ্ছেন, তা নিয়ে কৌতুহল ছিল ভক্তদের মধ্যে।
জানা গিয়েছে, তনুশ্রীর অনুপস্থিতিতে সেই বুটিকের পুরো পরিচালনার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন তাঁর ছোট বোন জয়শ্রী রায়। দোকানের দৈনন্দিন কাজ থেকে শুরু করে অনলাইন পেজের দেখভাল—সবটাই এখন সামলাচ্ছেন তিনি। সোশ্যাল মিডিয়া পেজে নিয়মিত লাইভ এসে ঢাকাই, তসর, সিল্ক ও ট্রেন্ডি ডিজাইনার কুর্তির কালেকশন তুলে ধরছেন ক্রেতাদের সামনে। দিদি ‘বিগ বস’-এর ঘরে যাওয়ার পর থেকেই জয়শ্রীর বুটিকের জনপ্রিয়তায় জোয়ার এসেছে। রাতারাতি বেড়েছে পেজের ফলোয়ার সংখ্যা এবং পাল্লা দিয়ে বাড়ছে অনলাইন বিক্রিও।

এক সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জয়শ্রী জানান, তনুশ্রী শোয়ে অংশ নেওয়ার পর থেকে মানুষের আগ্রহ অভাবনীয়। দূরদূরান্ত থেকে ক্রেতারা ইনবক্সে দোকানের ঠিকানা জানতে চাইছেন। অনেকে আবার সরাসরি দোকানে এসে তনুশ্রীর খোঁজ নিচ্ছেন এবং কেনাকাটা করছেন। তবে বিপুল চাহিদার পাশাপাশি পেজে রিপোর্ট ও কিছু অনাকাঙ্ক্ষিত সাইবার সমস্যার মুখেও পড়তে হচ্ছে তাঁদের। সব চ্যালেঞ্জ পেছনে ফেলে দিদির স্বপ্নকে আগলে রাখার এই বোনের লড়াই এখন প্রশংসা কুড়োচ্ছে নেটপাড়ায়।
