Raw onion: সবার পেটে সহ্য হয় না! কাদের জন্য পেঁয়াজ বিষ?
Side effects of raw onion: রেস্তোরাঁয় গিয়ে লাচ্ছা পেঁয়াজ দেখলেই লোভ সামলাতে পারেন না? খাবার পাতে পেঁয়াজ থাকা মাস্ট? অনেকেই ভাবেন, কাঁচা পেঁয়াজ খেলে বুঝি দারুণ উপকার। কিন্তু বিশেষজ্ঞদের মতে, এই অভ্যাস সবার জন্য মোটেও ভালো নয়। বিশেষ কয়েকটা শারীরিক সমস্যা থাকলে কাঁচা পেঁয়াজ খাওয়া প্রায় বিষের সমান! আপনারও এই সমস্যাগুলো নেই তো?

লাচ্ছা পেঁয়াজ (Laccha Pyaaz) দেখলে জিভে জল আসে না, এমন বাঙালি খুঁজে পাওয়া মুশকিল। রেস্তোরাঁয় বসে অর্ডার দেওয়ার পর, আসল খাবার আসার আগেই টেবিলে চলে আসে এই কাঁচা পেঁয়াজের প্লেট। সঙ্গে একটু লেবু আর কাঁচালঙ্কা। খাবার আসার আগেই টুক করে মুখে পুরে ফেলেন অনেকে। অনেকে আবার কাঁচা পেঁয়াজ ছাড়া খেতেই পারেন না। কিন্তু কখনও ভেবে দেখেছেন কি, ভারী খাবারের আগে কেন এই কাঁচা পেঁয়াজ দেওয়া হয়? এটা কি শুধুই মশলাদার খাবারের স্বাদ বাড়াতে? নাকি এর পিছনে অন্য কোনও কারণ লুকিয়ে আছে? বেঙ্গালুরুর অ্যাস্টার সিএমআই হাসপাতালের পুষ্টিবিদ এডউইনা রাজ এই বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন।
কী বলছেন পুষ্টিবিদ?
আসলে তেল-মশলা দেওয়া ভারী খাবারের সঙ্গে কাঁচা পেঁয়াজের দারুণ একটা ব্যালেন্স তৈরি হয়। এর কড়া স্বাদ আর জলীয় অংশ মুখের ভিতর বেশ একটা সতেজ ভাব আনে। অনেকেই মনে করেন, কাঁচা পেঁয়াজ খেলে বুঝি তেল-মশলা তাড়াতাড়ি হজম হয়ে যায়। কিন্তু পুষ্টিবিদ বলছেন, এই ধারণা পুরোপুরি ঠিক নয়। পেঁয়াজ ফ্যাট হজম করতে পারে বা ভারী খাবারের প্রভাব ম্যাজিকের মতো কেটে যায়, এমন কোনও প্রমাণ এখনও মেলেনি। তবে হ্যাঁ, এতে প্রচুর ফাইবার থাকে। যা আমাদের অন্ত্রের ভালো ব্যাকটেরিয়ার জন্য দারুণ উপকারী।
পেঁয়াজে রয়েছে ভিটামিন সি, ভিটামিন বি-৬, ফোলেট এবং পটাশিয়ামের মতো জরুরি উপাদান। তবে সবচেয়ে বড় কথা হল, এতে ‘কোয়ারসেটিন’ নামের একটি বিশেষ জিনিস থাকে। এটি শরীরের জ্বালা-যন্ত্রণা কমাতে খুব ভালো কাজ করে। আবার লাল পেঁয়াজে থাকে ‘অ্যান্থোসায়ানিন’, যা হার্টের জন্য ভীষণ ভালো। বেশ কিছু গবেষণায় দেখা গিয়েছে, এই উপাদানগুলি কোলেস্টেরল আর ব্লাড প্রেশার নিয়ন্ত্রণেও কিছুটা সাহায্য করে। তাই বলে পেঁয়াজ খেলেই যে সব রোগ সেরে যাবে, এমনটা ভাবার কিন্তু কোনও কারণ নেই।
অনেকে আবার বলেন, শীতে পেঁয়াজ শরীর গরম রাখে আর গরমে হিটস্ট্রোক ঠেকায়। বিজ্ঞানের চোখে এর কিন্তু কোনও ভিত্তি নেই। পেঁয়াজ খেলে শরীরের তাপমাত্রা বাড়েও না, আবার কমেও না। গ্রীষ্মকালে পেঁয়াজে থাকা জলীয় অংশ শরীরকে শুধুমাত্র কিছুটা হাইড্রেট রাখতে সাহায্য করে বলে জানিয়েছেন চিকিৎসক?
কারা একেবারে খাবেন না?
পেঁয়াজ কিন্তু সবার পেটে সহ্য হয় না। যাঁদের আইবিএস (IBS) বা বারবার গ্যাস-অম্বল আর পেট ফাঁপার সমস্যা আছে, কাঁচা পেঁয়াজ তাঁদের কষ্ট আরও বাড়িয়ে দিতে পারে। যাঁদের অ্যাসিড রিফ্লাক্সের ধাত আছে, তাঁদেরও পেঁয়াজ থেকে একটু দূরে থাকাই ভালো। একজন সুস্থ মানুষের দিনে ২৫-৫০ গ্রামের বেশি কাঁচা পেঁয়াজ খাওয়া একদমই ঠিক নয়।
কাঁচা খাবেন নাকি রান্না করা?
কাঁচা আর রান্না করা, দু’রকম পেঁয়াজই শরীরের জন্য উপকারী। রান্না করলে পেঁয়াজ নরম হয়, চিবোতে সুবিধা হয়। তবে খুব বেশি সেদ্ধ করলে এর আসল পুষ্টিগুণ জলের সঙ্গে বেরিয়ে যায়। উল্টোদিকে, কাঁচা পেঁয়াজ খেলে মুখে দুর্গন্ধ হয়। এই গন্ধ দূর করতে খাবার পর ভালো করে কুলকুচি করতে হবে। একটু পুদিনা পাতা, আপেল বা গাজর চিবিয়ে নিলেও মুখের গন্ধ নিমেষে গায়েব হয়ে যায়।
