Vikram Chatterjee and Sholanki Roy: ফের জুটি বাঁধছেন বিক্রম-শোলাঙ্কি, কোন ছবিতে দেখা যাবে?
Tollywood Film News: ‘শহরের উষ্ণতম দিনে’ ছবিতে তাঁদের রসায়ন দর্শকের মনে গভীর দাগ কেটেছিল। ভক্তদের সেই দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে এবার আরও একবার বড় পর্দায় একসঙ্গে জুটি বাঁধতে চলেছেন এই দুই তারকা। পরিচালক জয়দীপ বন্দ্যোপাধ্যায়ের নতুন ছবি ‘রাজকন্যা’-য় এক অন্য মাত্রার প্রেমের গল্প নিয়ে হাজির হচ্ছেন তাঁরা।

টলিউডের অন্যতম জনপ্রিয় অনস্ক্রিন জুটি বিক্রম চট্টোপাধ্যায় এবং শোলাঙ্কি রায়কে নিয়ে বাঙালি দর্শকের উন্মাদনার শেষ নেই। এর আগে ‘শহরের উষ্ণতম দিনে’ ছবিতে তাঁদের রসায়ন দর্শকের মনে গভীর দাগ কেটেছিল। ভক্তদের সেই দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে এবার আরও একবার বড় পর্দায় একসঙ্গে জুটি বাঁধতে চলেছেন এই দুই তারকা। পরিচালক জয়দীপ বন্দ্যোপাধ্যায়ের নতুন ছবি ‘রাজকন্যা’-য় এক অন্য মাত্রার প্রেমের গল্প নিয়ে হাজির হচ্ছেন তাঁরা।
ছবির চিত্রনাট্য অনুযায়ী, গল্প আবর্তিত হয়েছে বিক্রম অভিনীত ‘দিব্য’ এবং শোলাঙ্কি অভিনীত ‘সোমদত্তা’ চরিত্র দুটিকে কেন্দ্র করে। স্কুলজীবনের দুরন্ত প্রেম, কলেজজীবনে সেই সম্পর্কের নতুন মোড় এবং কর্মজীবনে পা রেখে তিরিশের কোঠায় পৌঁছে সম্পর্কের পরিণতি— জীবনের এই তিনটি ভিন্ন পর্যায় ও সময়ের পরিবর্তনকে সেলুলয়েডে ফুটিয়ে তুলবেন নির্মাতারা। কেবল প্রেমের গল্পই নয়, নয়ের দশকের নস্টালজিয়া এবং সময়ের সঙ্গে সঙ্গে কলকাতা শহর ও মানুষের মানসিকতায় ঘটে চলা বদলও এই ছবির অন্যতম আকর্ষণ।
জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই এই প্রজেক্ট নিয়ে পরিকল্পনা করছিলেন অভিনেতা তথা প্রযোজক বিক্রম চট্টোপাধ্যায়। তবে তিনি স্পষ্টতই চেয়েছিলেন, এই ছবির নায়িকা হিসেবে যেন শোলাঙ্কিকেই পাওয়া যায়। কিন্তু শোলাঙ্কির নানা কাজের ব্যস্ততার কারণে ছবিটি ফ্লোরে আসতে সময় লেগেছে প্রায় সাড়ে তিন বছর। অবশেষে সমস্ত অপেক্ষা পেরিয়ে শুরু হয়েছে ছবির শুটিং।
ছবিটি যৌথভাবে প্রযোজনা করছে বিক্রম চট্টোপাধ্য়ায়ের সংস্থা ‘বিক্রম চ্যাটার্জি ফিল্মস’ এবং প্রযোজক অভিনব ঘোষের ‘ড্রিমস অন সেল’। এ প্রসঙ্গে বিক্রম জানান, “প্রেমের জুটি হিসেবে দর্শক আমাদের বরাবরই ভালোবেসেছেন। সেই ভালোবাসাকে সম্বল করেই আমরা আরও একটি মিষ্টি প্রেমের গল্প নিয়ে ফিরছি।” অন্যদিকে শোলাঙ্কির মতে, নয়ের দশকের মিষ্টি প্রেমের ছবি দেখতে দেখতেই তাঁদের প্রজন্ম বড় হয়েছে, তাই এমন একটি চিত্রনাট্য প্রথম দিন থেকেই তাঁর মনে ধরেছিল।
‘রাজকন্যা’ ছবিতে কেবল প্রেম নয়, বন্ধুত্বও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা জুড়ে রয়েছে। দিব্যর জীবনের দুই ঘনিষ্ঠ বন্ধু ‘সোয়েব’ ও ‘অনির্বাণ’ চরিত্রে অভিনয় করছেন উন্মেষ গঙ্গোপাধ্যায় ও দুর্বার শর্মা। পরিচালক জয়দীপ বন্দ্যোপাধ্যায়ের কথায়, “রাজকন্যা আসলে আমাদের সবার বড় হয়ে ওঠার গল্প, এক প্রজন্মের ফেলে আসা দিন, রাগ, ভালোবাসা আর জীবনের সেই বিশেষ মানুষটির গল্প যাকে সহজে ভোলা যায় না।”
প্রধান দুই জুটির পাশাপাশি ছবিটিতে আরও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে সৌরভ চক্রবর্তীকে। এ ছাড়াও সুতীর্থ সাহা, নয়নীকা সরকার, দেবপ্রসাদ হালদার, সুদীপ মুখার্জির মতো একঝাঁক প্রথিতযশা অভিনেতা গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করছেন। সব ঠিক থাকলে আগামী বছরই বড় পর্দায় মুক্তি পাবে বহু প্রতীক্ষিত এই ছবি।
