Bigg Boss Bangla: বিগ বসের ঘরে ধুন্ধুমার, অশ্লীল আচরণ! সব দেখে কেন চুপ সৌরভ? দাদা বললেন…
Sourav Ganguly on Bigg Boss Bangla Controversy: সম্প্রতি টাস্ক চলাকালীন নন্দিনী ও সৃজলার মধ্যবর্তী সংঘর্ষ, সৃজলার চোট পাওয়া এবং পরবর্তীতে নন্দিনীকে রাজবীরের চুমু খাওয়ার ঘটনাকে কেন্দ্র করে সোশাল মিডিয়ায় তীব্র সমালোচনার ঝড় উঠেছে।

ছোটপর্দার সবথেকে চর্চিত রিয়্যালিটি শো ‘বিগ বস’-এর ঘর এখন রণক্ষেত্র। একের পর এক বিতর্কিত ঘটনা, তীব্র বচসা, মারপিট থেকে শুরু করে অশালীন আচরণ—প্রতিমুহূর্তে নতুন ড্রামা তৈরি হচ্ছে ঘরের ভেতর। সম্প্রতি টাস্ক চলাকালীন নন্দিনী ও সৃজলার মধ্যবর্তী সংঘর্ষ, সৃজলার চোট পাওয়া এবং পরবর্তীতে নন্দিনীকে রাজবীরের চুমু খাওয়ার ঘটনাকে কেন্দ্র করে সোশাল মিডিয়ায় তীব্র সমালোচনার ঝড় উঠেছে। সাধারণ দর্শক থেকে নেটিজেনদের একাংশ প্রশ্ন তুলতে শুরু করেছেন—শো-এর সঞ্চালক স্বয়ং সৌরভ গঙ্গোপাধ্যায় থাকতেও কেন এসব দেখেও নীরব দর্শক হয়ে রয়েছেন তিনি?
অবশেষে নেটিজেনদের সেই বহুল আলোচিত প্রশ্নের উত্তর নিজেই দিলেন ‘মহারাজ’। সম্প্রতি একটি অনুষ্ঠানে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সৌরভ গঙ্গোপাধ্যায় জানান, পুরো পরিস্থিতি তাঁর নজর এড়ায়নি। তবে আপাতত প্রতিযোগীদের নিজেদের মতো প্রকাশ করার সুযোগ দেওয়াই তাঁর লক্ষ্য।
সংবাদমাধ্যমের প্রশ্নে সৌরভের সোজাসাপ্টা বক্তব্য, “বকাবকি করলেই কি সব ঠিক হয়ে যাবে?” তিনি মনে করিয়ে দেন, শো-টি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। “খেলুক তাঁরা। সবই তো শুরু হয়েছে, সবে মাত্র তিনটি সপ্তাহ কাটল। প্রতিযোগীদেরও তো ঘরের মেজাজে থিতু হতে সময় দেওয়া দরকার। আরও নতুন মুখ আসছে, ওয়াইল্ড কার্ড এন্ট্রিও হচ্ছে।”
একজন দক্ষ সঞ্চালকের দায়িত্ব ব্যাখ্যা করে ‘দাদা’ স্পষ্ট জানিয়ে দেন, তাঁর প্রাথমিক কাজ গেমটিকে সঠিকভাবে চালিয়ে নেওয়া, থামিয়ে দেওয়া নয়। তিনি বলেন, “বিগ বস যাতে দর্শকরা পছন্দ করেন, সেটাও তো দেখতে হবে। শুরুতেই যদি আমি সবাইকে ধমকে চুপ করিয়ে দিই, তবে তো কেউ নিজেকে মেলে ধরাই সুযোগ পাবে না। তাই সময়ের সঙ্গে সঙ্গে যখন যেভাবে হস্তক্ষেপ করা দরকার, আমি ঠিক করব। দাদা ঠিক সময়েই মুখ খুলবে।”
সৌরভের এই মন্তব্যের পর পরিষ্কার, বিগ বসের ঘরের চলমান উত্তাপ ও অনিয়ম তিনি পর্যবেক্ষণ করছেন ঠিকই, তবে রাশ টানার জন্য সঠিক সময়ের অপেক্ষা করছেন। এখন দেখার, আগামী পর্বগুলোতে ‘দাদা’-র এই স্ট্র্যাটেজি বিগ বসের ঘরের সমীকরণ কতটা বদলে দেয়!
