Ranbir-Deepika: বড় চমক! আবার এক ছবিতে রণবীর-দীপিকা?
Bollywood: পর্দায় কি ফের ম্যাজিক তৈরি করতে চলেছে বলিউডের অন্যতম হিট জুটি? শোনা যাচ্ছে, এক বিগ বাজেট সিক্যুয়েলে আবারও একসঙ্গে ফ্রেম শেয়ার করতে পারেন রণবীর কাপুর ও দীপিকা পাড়ুকোন। নির্মাতারা ইতিমধ্যেই এক গুরুত্বপূর্ণ চরিত্রের জন্য দীপিকার সঙ্গে কথাবার্তা শুরু করেছেন বলে খবর।

রণবীর কাপুর (Ranbir Kapoor) আর দীপিকা পাড়ুকোন (Deepika Padukone), এই দুই প্রাক্তনকে পর্দায় একসঙ্গে দেখা মানেই যে সিনেপ্রেমীদের কাছে বাড়তি উন্মাদনা, তা নতুন করে বলার কিছু নেই। ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’ থেকে ‘তামাশা’, বক্স অফিসে তাঁদের রসায়নের ম্যাজিক এখনও ভোলেননি দর্শক। এবার সেই ম্যাজিকই কি ফিরতে চলেছে নতুন অবতারে? বলিউডের অন্দরে কান পাতলে কিন্তু তেমনই জোরালো গুঞ্জন শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে, অয়ন মুখোপাধ্যায়ের বহু প্রতীক্ষিত ছবি ‘ব্রহ্মাস্ত্র ২’-তে রণবীর ও আলিয়া ভাটের সঙ্গেই নাকি দেখা যেতে পারে দীপিকাকে!
২০২২ সালে যখন ‘ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান- শিবা’ মুক্তি পেয়েছিল, তখন বক্স অফিসে ভালো সাড়া ফেলেছিল ছবিটি। অমিতাভ বচ্চন, নাগার্জুন, মৌনী রায়ের মতো তারকার মেলা তো ছিলই, সঙ্গে শাহরুখ খানের স্পেশ্যাল এন্ট্রিও প্রেক্ষাগৃহে হইচই ফেলে দিয়েছিল। ছবিটি বিশ্বজুড়ে প্রায় ৪০০ কোটি টাকার ব্যবসা করেছিল বলে জানা যায়। সেই থেকেই দর্শকেরা মুখিয়ে বসে আছেন, ছবির দ্বিতীয় কিস্তি কবে আসবে।
সবচেয়ে বড় চমক হল, এবার ‘ব্রহ্মাস্ত্র ২’-তে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নারী চরিত্র রয়েছে, যার নাম ‘অমৃতা’। আর সেই চরিত্রের জন্যই পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের প্রথম ও একমাত্র পছন্দ স্বয়ং দীপিকা পাড়ুকোন বলে খবর। অয়ন ও তাঁর টিম মনে করছে, এই চরিত্রের গভীরতা ও গুরুত্ব পর্দায় ফুটিয়ে তুলতে দীপিকার চেয়ে যোগ্য আর কেউ হতে পারেন না। সূত্রের খবর, এই নিয়ে দীপিকার সঙ্গে নির্মাতাদের কথাবার্তাও অনেকটাই এগিয়ে গিয়েছে। যদিও তাঁর শিডিউল ও অন্যান্য বিষয়ের উপর অনেক কিছুই নির্ভর করছে, তবে সবকিছু পরিকল্পনামাফিক চললে একই ফ্রেমে রণবীর, আলিয়া এবং দীপিকাকে দেখা সময়ের অপেক্ষা।
এখানেই শেষ নয়, ছবির অন্দরের খবর অনুযায়ী, রণবীর নিজেও এই সিক্যুয়েল নিয়ে দারুণ উৎসাহিত। কারণ এই ছবিতে রণবীরকে ডবল রোলে দেখা যেতে পারে। তিনি ‘শিবা’র পাশাপাশি ‘দেব’ চরিত্রটিও নিজেই ফুটিয়ে তুলবেন বলে শোনা যাচ্ছে। পরিচালক নীতেশ তিওয়ারির বিগ বাজেট ‘রামায়ণ’ ছবির কাজ শেষ করেই ২০২৭ সালের জানুয়ারি নাগাদ ‘ব্রহ্মাস্ত্র ২’-এর শুটিং ফ্লোরে নামবেন রণবীর বলে খবর। সব মিলিয়ে, পর্দায় প্রাক্তনের সঙ্গে বর্তমানের এই যুগলবন্দি দেখতে এখন থেকেই চড়ছে উত্তেজনার পারদ।
