FDA notices: শাহরুখ, অজয় এবং টাইগারকে নিয়ে কী সিদ্ধান্ত নিল দিল্লি হাইকোর্ট?
Bollywood news: গুটখা বা পান মশলার বিজ্ঞাপনে যুক্ত থাকার অভিযোগে শাহরুখ খান, অজয় দেবগন এবং টাইগার শ্রফকে নোটিশ পাঠিয়েছিল মহারাষ্ট্র এফডিএ (FDA)। সেই নোটিশ খারিজের আবেদন এবার সোজা বাতিল করে দিল দিল্লি হাইকোর্ট। কী ঘটেছে?

শাহরুখ খান (Shah Rukh Khan), অজয় দেবগন (Ajay Devgn) এবং টাইগার শ্রফ (Tiger Shroff)—বলিউডের এই তিন বড় তারকার আইনি জট এখনই কাটছে না। পান মশলার বিজ্ঞাপনে কাজ করা নিয়ে বেশ কিছুদিন ধরেই বিতর্কের মুখে রয়েছেন তাঁরা। এবার তাঁদের পাঠানো মহারাষ্ট্র সরকারের একটি আইনি নোটিশ নিয়ে মামলা হয়েছিল দিল্লি হাইকোর্টে। কিন্তু সেখানেও কোনও সুরাহা হল না। আদালত স্পষ্ট জানিয়ে দিল, এই বিষয়ে নাক গলাবে না তারা।
বিতর্কের সূত্রপাত ঠিক কোথায়?
‘বিমল ইলাইচি’-র বিজ্ঞাপনে এই তিন তারকাকে একসঙ্গে দেখা যায়। অভিযোগ উঠেছে, এলাচের আড়ালে আসলে পান মশলারই প্রচার (Surrogate Advertisement) করা হচ্ছে। এই অভিযোগের ভিত্তিতেই মহারাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন বা এফডিএ (FDA) সরাসরি শাহরুখ, অজয় এবং টাইগারকে শো-কজ নোটিশ পাঠায়।
দিল্লি হাইকোর্টে কেন গেল কোম্পানি?
নোটিশ পেয়েছিলেন তারকারা, কিন্তু আসরে নামে ‘বিমল ইলাইচি’-র মূল সংস্থা পিবি এগ্রো (PB Agro)। তারা দিল্লি হাইকোর্টে গিয়ে এই নোটিশ বাতিলের আবেদন করে। তাদের যুক্তি ছিল, কোম্পানির প্রধান অফিস দিল্লিতে। বিজ্ঞাপনের যাবতীয় পরিকল্পনা এবং তারকাদের পারিশ্রমিক মেটানোর কাজ দিল্লি থেকেই হয়েছে। তাই এই মামলার শুনানি এখানেই হওয়া উচিত। সংস্থার তরফ থেকে আরও বলা হয়, নোটিশ তারকাদের দেওয়া হলেও আসল ব্যবসায়িক ক্ষতি তাদেরই হচ্ছে। মহারাষ্ট্র সরকারের এই নোটিশ পাঠানোর কোনও অধিকার নেই বলেও তারা দাবি করে।
আদালত কী রায় দিল?
দিল্লি হাইকোর্টের বিচারপতি স্বর্ণ কান্তা শর্মা এই আবেদন পুরোপুরি খারিজ করে দিয়েছেন। আদালত পরিষ্কার জানিয়ে দিয়েছে, যেহেতু নোটিশ মহারাষ্ট্রের এফডিএ পাঠিয়েছে, তাই এর বিরুদ্ধে কোনও অভিযোগ থাকলে মহারাষ্ট্রেই যেতে হবে। এক্ষেত্রে বম্বে হাইকোর্টই সঠিক জায়গা। আদালত আরও জানিয়েছে, পিবি এগ্রো এমন কোনও জোরালো প্রমাণ দিতে পারেনি যার ফলে দিল্লিতে এই মামলা চলতে পারে।
সবচেয়ে বড় কথা হল, নোটিশ তো কোম্পানিকে পাঠানোই হয়নি! মহারাষ্ট্র সরকার কোম্পানিকে কোনও বিজ্ঞাপন সরাতে, জবাব দিতে বা নথিপত্র জমা দিতেও বলেনি। তাই কোম্পানির এই মামলা দিল্লিতে করার কোনও ভিত্তি নেই।
কেন্দ্র এবং সিসিপিএ-র ভূমিকা
কেন্দ্রীয় সরকার এবং সেন্ট্রাল কনজিউমার প্রোটেকশন অথরিটি (CCPA) দিল্লি হাইকোর্টে এই আবেদনের বিরোধিতা করে। তাদের বক্তব্য হল, মহারাষ্ট্র সরকারের কাজের বিরুদ্ধে দিল্লিতে মামলা করা যায় না। সিসিপিএ জানিয়েছে, তারা নিজেদের মতো করে এই বিজ্ঞাপনের বিষয়টি খতিয়ে দেখছে ঠিকই, তবে মহারাষ্ট্র এফডিএ-র নোটিশ পাঠানোর পদক্ষেপে তাদের কোনও আপত্তি নেই।
ফলে, আপাতত এই তিন তারকা এবং পান মশলা কোম্পানির ভবিষ্যৎ আইনি লড়াইয়ের জন্য মহারাষ্ট্রেই ছুটতে হবে।
