AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

প্লেব্যাক ছাড়ার সিদ্ধান্তে অরিজিৎ সিংকে নিয়ে মুখ খুললেন বিশাল

আসলে চলতি বছরের জানুয়ারিতেই অরিজিৎ সিং ইনস্টাগ্রামে এক পোস্টে জানিয়েছিলেন, তিনি আর নতুন কোনও প্লেব্যাক অ্যাসাইনমেন্ট নিচ্ছেন না। দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে বলিউডে রাজত্ব করার পর হঠাৎ এই ‘অবসর’ মেনে নিতে পারেননি অনেকেই। তবে বিশাল মনে করেন, স্বাধীন সংগীত বা ইন্ডিপেন্ডেন্ট মিউজিকে মনোযোগ দেওয়া অরিজিতের মতো শিল্পীর জন্য ইতিবাচক পদক্ষেপ।

প্লেব্যাক ছাড়ার সিদ্ধান্তে অরিজিৎ সিংকে নিয়ে মুখ খুললেন বিশাল
Image Credit: wikipedia
| Updated on: Mar 09, 2026 | 5:54 PM
Share

বলিউড কি তবে তার সুরের জাদুকরকে হারাতে চলেছে? মাসখানেক আগেই অরিজিৎ সিংয়ের একটি ঘোষণা স্তব্ধ করে দিয়েছিল অনুরাগী থেকে শুরু করে গোটা টিনসেল টাউনকে। বছরের শুরুতেই অরিজিৎ জানিয়েছিলেন, তিনি আর রুপোলি পর্দার জন্য প্লেব্যাক করবেন না। এই খবর দাবানলের মতো ছড়িয়ে পড়তেই শুরু হয় নানা গুঞ্জন। কেউ অবাক হয়েছেন, কেউ আবার বিষণ্ণ। অনেকেই অনেক কারণের কথা বললেও প্লে ব্যাক ছাড়ার আসল কারণ নিয়ে মুখ খোলেননি গায়ক। তবে এই পরিস্থিতিতে অরিজিতের পাশে দাঁড়িয়ে এক দারুণ বার্তা দিলেন প্রখ্যাত সুরকার ও গায়ক বিশাল দাদলানি।

সম্প্রতি একটি পডকাস্টে এসে বিশাল সাফ জানিয়েছেন, অরিজিৎ যা করেছেন, একদম ঠিক করেছেন। বিশালের কথায়, “যেটা তোমায় আনন্দ দেয়, সেটাই কর ভাই। ও নিজের সিদ্ধান্তের সপক্ষে একটা ব্যাখ্যাও দিয়েছে। যাই হোক না কেন, সেটা ওর মনের কথা। সংগীত এমন এক মহাসমুদ্র যা আমাদের সবার অস্তিত্ব ছাড়াও টিকে থাকবে। অরিজিৎ একজন মিউজিক্যাল জিনিয়াস, এটা নিয়ে কোনও প্রশ্নই নেই। জীবন তো নতুন কিছুর সন্ধান করার জন্যই।”

আসলে চলতি বছরের জানুয়ারিতেই অরিজিৎ সিং ইনস্টাগ্রামে এক পোস্টে জানিয়েছিলেন, তিনি আর নতুন কোনও প্লেব্যাক অ্যাসাইনমেন্ট নিচ্ছেন না। দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে বলিউডে রাজত্ব করার পর হঠাৎ এই ‘অবসর’ মেনে নিতে পারেননি অনেকেই। তবে বিশাল মনে করেন, স্বাধীন সংগীত বা ইন্ডিপেন্ডেন্ট মিউজিকে মনোযোগ দেওয়া অরিজিতের মতো শিল্পীর জন্য ইতিবাচক পদক্ষেপ। বিশাল আরও বলেন, “আমি ব্যক্তিগতভাবে ওর পাশেই আছি। ও খুব ভালো একজন মানুষ, ওর মনটা পরিষ্কার। ও যা চায়, সেটুকুই করুক।”

উল্লেখ্য, প্লেব্যাক ছাড়ার ঘোষণা দিলেও সুরের জগৎ থেকে কিন্তু দূরে সরে যাননি অরিজিৎ। বরং নিজেকে নতুন করে চেনার নেশায় মজেছেন তিনি। সম্প্রতি শেখর রবজিয়ানির সুরে ‘রায়না’নামের একটি স্বাধীন গান মুক্তি পেয়েছে তাঁর। এই রোমান্টিক ট্র্যাকটি ইতিমধ্যেই শ্রোতাদের মনে জায়গা করে নিয়েছে।

ছবির বাণিজ্যিক চাপ কাটিয়ে অরিজিৎ এখন নিজের শর্তে গান গাইতে চাইছেন। রুপোলি পর্দায় তাঁর কণ্ঠ হয়তো মিস করবেন দর্শকরা, কিন্তু ‘ইন্ডিপেন্ডেন্ট’ শিল্পী হিসেবে অরিজিৎ যে আরও বড় চমক নিয়ে আসছেন, তা বলাই বাহুল্য।

Follow Us