‘ডন ৩’ থেকে পিছু হটতেই আইনি বিপাকে রণবীর সিং! জানেন কত কোটির ক্ষতিপূরণ দাবি প্রযোজকদের?
সম্প্রতি রণবীর হঠাৎই জানান, তিনি ডন-এর বদলে জয় মেহতার ‘প্রলয়’ ছবির শুটিং শুরু করবেন। অভিনেতার এই আকস্মিক সিদ্ধান্তে রীতিমতো মাথায় হাত প্রযোজকদের। শোনা যাচ্ছে, ফারহান আখতার রণবীরের থেকে ৪০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে বসেছেন। কারণ রণবীরের কারণে পিছিয়ে যাওয়া প্রজেক্টের যাবতীয় খরচ এখন জলে যাওয়ার মুখে।

আকাশছোঁয়া সাফল্যের পর কি তবে ‘ধুরন্ধর’ রণবীর সিংয়ের মাটিতে পা পড়ছে না? বিটাউনে এখন এটাই লাখ টাকার প্রশ্ন। বছরের শেষভাগে এসে ফারহান আখতারের বহু প্রতীক্ষিত ছবি ‘ডন ৩’ থেকে রণবীর সিংয়ের সরে দাঁড়ানোর সিদ্ধান্তে তুঙ্গে উঠেছে উত্তেজনা। তবে শুধুই সরে দাঁড়ানো নয়, সূত্রের খবর, মাঝপথে কাজ ফেলে চলে যাওয়ার অভিযোগে রণবীরের বিরুদ্ধে এবার আইনি অস্ত্র প্রয়োগ করতে চলেছেন প্রযোজক ফারহান আখতার ও রিতেশ সিধওয়ানি।
বলিপাড়া সূত্রে খবর, রণবীর সিং সবুজ সংকেত দেওয়ার পরই ‘এক্সেল এন্টারটেইনমেন্ট’ এই ছবির প্রি-প্রোডাকশনের কাজ শুরু করেছিল। খরচ হয়েছিল কোটি কোটি টাকা। কিন্তু সম্প্রতি রণবীর হঠাৎই জানান, তিনি ‘ডন’-এর বদলে জয় মেহতার ‘প্রলয়’ ছবির শুটিং শুরু করবেন। অভিনেতার এই আকস্মিক সিদ্ধান্তে রীতিমতো মাথায় হাত প্রযোজকদের। শোনা যাচ্ছে, ফারহান আখতার রণবীরের থেকে ৪০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে বসেছেন। কারণ রণবীরের কারণে পিছিয়ে যাওয়া প্রজেক্টের যাবতীয় খরচ এখন জলে যাওয়ার মুখে।
কানাঘুষো শোনা যাচ্ছে, রণবীর নাকি চিত্রনাট্য নিয়ে বারবার ‘বায়নাক্কা’ করছিলেন। একাধিকবার চিত্রনাট্য বদল করার পরও শেষ পর্যন্ত খসড়া তাঁর পছন্দ হয়নি বলেই তিনি ছবিটি ছেড়েছেন। অথচ ২০২৩ সালে যখন রণবীরকে ‘ডন’ হিসেবে ঘোষণা করার পর দর্শকরা ক্ষোভে ফেটে পড়েছিলেন, তখন ফারহানই ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন তাঁর পাশে। আজ সেই ফারহানের ইনস্টাগ্রাম হ্যান্ডেলেই আর জায়গা নেই রণবীরের। সম্পর্কে যে বড়সড় চিড় ধরেছে, তা আর বলার অপেক্ষা রাখে না।
রণবীর সিং বনাম এক্সেল এন্টারটেইনমেন্টের এই কাদা ছোড়াছুড়ি থামাতে ময়দানে নেমেছে ‘প্রডিউসারস গিল্ড অফ ইন্ডিয়া’। দফায় দফায় ঘণ্টার পর ঘণ্টা বৈঠক চললেও রণবীর কিন্তু ৪০ কোটির ক্ষতিপূরণ দিতে নারাজ। এর মাঝেই গুঞ্জন তুঙ্গে, রণবীর বিদায় নিলে কি তবে পুরনো ‘ডন’ শাহরুখ খানই ফিরছেন ফ্র্যাঞ্চাইজিতে? দর্শকদের বড় অংশ কিন্তু শাহরুখের ফেরার খবরেই বেশি উৎসাহিত। রণবীর কি শেষ পর্যন্ত গ্যাঁটের কড়ি খরচ করে এই আইনি ঝামেলা মিটিয়ে নেবেন, নাকি সম্পর্কের তিক্ততা আরও বাড়বে? এই মহাযুদ্ধের জল কোন দিকে গড়ায়, এখন সেদিকেই তাকিয়ে গোটা ইন্ডাস্ট্রি।
