Diljit Dosanjh: মঞ্চে উঠে দিলজিৎকে চুমু বিদেশিনীর! সারাজীবন ভক্তকে ফ্রি টিকিট দিলেন গায়ক
Diljit Dosanjh Concert Viral Video: প্রিয় শিল্পীকে এত কাছ থেকে পেয়ে আবেগ সামলাতে না পেরে তাঁকে চুমু খাওয়ার চেষ্টা করেন তিনি। প্রথমে হাত তুলে তাঁকে থামানোর চেষ্টা করলেও, পরে অবশ্য অনুমতি দেন দিলজিৎ। মুহূর্তের মধ্যেই সেই দৃশ্য ক্যামেরাবন্দি হয়ে ছড়িয়ে পড়ে সোশাল মিডিয়ায়।

আহমেদাবাদের মঞ্চে তখন সুরের জাদুতে বুঁদ হাজার হাজার শ্রোতা। একের পর এক গানে দর্শকদের মাতিয়ে রাখছেন পঞ্জাবি গায়ক দিলজিৎ দোসাঞ্ঝ। এমনই এক জমজমাট মুহূর্তে আচমকাই মঞ্চে উঠে এলেন এক মহিলা অনুরাগী। প্রিয় শিল্পীকে এত কাছ থেকে পেয়ে আবেগ সামলাতে না পেরে তাঁকে চুমু খাওয়ার চেষ্টা করেন তিনি। প্রথমে হাত তুলে তাঁকে থামানোর চেষ্টা করলেও, পরে অবশ্য অনুমতি দেন দিলজিৎ। মুহূর্তের মধ্যেই সেই দৃশ্য ক্যামেরাবন্দি হয়ে ছড়িয়ে পড়ে সোশাল মিডিয়ায়।
দেশ-বিদেশে দিলজিতের জনপ্রিয়তা যে ঠিক কতটা আকাশছোঁয়া, তা আরও একবার প্রমাণিত হল এই ঘটনায়। গত ২১ নভেম্বর গুজরাতের আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় দিলজিতের ‘অরা ইন্ডিয়া ট্যুর ২০২৬’-এর কনসার্ট। সেখানেই ঘটে এই কাণ্ড। গায়কের নিজস্ব সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকেই ওই বিশেষ মুহূর্তের ভিডিওটি শেয়ার করা হয়েছে। ভিডিওতে দেখা যায়, মঞ্চে ওঠা ওই অনুরাগিণীর সঙ্গে বেশ রসিকতার সুরেই কথা বলছেন দিলজিৎ। তাঁকে উদ্দেশ্য করে গায়ক বলেন, “দেখুন, বিদেশিরাও ভাংড়া নাচছেন। আমার অনুষ্ঠানে আসার জন্য ধন্যবাদ। আমার ইংরেজি খুব ভালো নয়, তবে আমি কিন্তু সুদর্শন!” এরপর ফের গানে মন দেন তিনি। তবে মঞ্চ ছাড়ার আগে দিলজিৎকে জড়িয়ে ধরে তাঁর গালে চুমু খান ওই ভক্ত, আর সেই সময় গায়কের মুখে ফুটে ওঠে লাজুক হাসি।
শুধু চুমুর ঘটনাই নয়, ওই একই অনুষ্ঠানে আরও এক অনুরাগিণীকে দেওয়া বিশেষ উপহারের কারণেও শিরোনামে উঠে এসেছেন দিলজিৎ। জানা যায়, চলতি বছরে দিলজিতের ‘অরা ট্যুর’-এর সাতটি কনসার্টেই উপস্থিত ছিলেন ওই ভক্ত। বিদেশের বিভিন্ন শহরে ঘুরে এবার আহমেদাবাদের শোয়েও হাজির হয়েছিলেন তিনি। মঞ্চ থেকেই তাঁর বিষয়ে খোঁজ নেন দিলজিৎ এবং জানতে পারেন তাঁর এই অকৃত্রিম ভালোবাসার কথা।
ভক্তের এমন পাগলামিতে আপ্লুত হয়ে মঞ্চ থেকেই বড় ঘোষণা করেন দিলজিৎ। তিনি জানিয়ে দেন, ওই অনুরাগিণীকে আর কোনওদিন তাঁর কনসার্টের টিকিট কিনতে হবে না; আজীবন বিনামূল্যে তাঁর সব অনুষ্ঠানে প্রবেশ করতে পারবেন তিনি। দিলজিতের কথায়, “আজ থেকে আপনাকে আর আমার অনুষ্ঠানের টিকিট কিনতে হবে না। যত দিন আমি গান গাইব, তত দিন আপনার টিকিট বিনামূল্যে থাকবে। শুধু আমাদের জানিয়ে দেবেন।”
প্রসঙ্গত, নানা বাধা, বিতর্ক, বোমাতঙ্কের হুমকি ও বিরোধিতা উপেক্ষা করে গত ১৫ নভেম্বর ইন্দৌরে সফলভাবে কনসার্ট করেছিলেন দিলজিৎ। সেদিন অনুষ্ঠানের আগে তাঁর চারটি গানের ওপর নিষেধাজ্ঞা জারির প্রতিবাদে প্রখ্যাত উর্দু কবি রাহাত ইন্দোরির কবিতার পঙ্ক্তি আওড়ে সরব হয়েছিলেন তিনি। এরপর থেকেই সকলের নজর ছিল আহমেদাবাদের অনুষ্ঠানের দিকে। নরেন্দ্র মোদী স্টেডিয়ামে উপচে পড়া ভিড় ও বিপুল দর্শক সমাগম নজর কেড়েছে সকলের। সোশাল মিডিয়ায় স্টেডিয়ামের ছবি শেয়ার করে দিলজিৎ নিজেই জানিয়েছেন, আহমেদাবাদের এই কনসার্টে নতুন ইতিহাস তৈরি হয়েছে।
