Govinda Divorce: লালবাগচায় গোবিন্দা-কোমল! গণেশ ঠাকুরের সামনেই কি প্রেমে সিলমোহর?
Govinda-Komal Rani: স্ত্রী সুনীতা আহুজার সঙ্গে বিবাহবিচ্ছেদের জল্পনার মাঝেই মুম্বইয়ের বিখ্যাত লালবাগচা রাজার পুজোয় চর্চিত প্রেমিকা কোমল রানির সঙ্গে দেখা গেল বলিউড অভিনেতা গোবিন্দাকে। ছিলেন সুনীতাও, জানুন বিস্তারিত। কী ঘটেছে সেখানে?

অভিনেতা গোবিন্দা (Govinda) যেন আজকাল খবরের শিরোনাম থেকে সরতেই চাইছেন না! স্ত্রী সুনীতা আহুজার সঙ্গে তাঁর আইনি টানাপোড়েন এবং বিবাহবিচ্ছেদের গুঞ্জন নিয়ে এমনিতেই চর্চা চলছে। এর মাঝেই মঙ্গলবার সন্ধ্যায় মুম্বইয়ের বিখ্যাত লালবাগচা রাজার প্যান্ডেলে গণেশ ঠাকুরের আশীর্বাদ নিতে পৌঁছন অভিনেতা। তবে তিনি একা ছিলেন না। তাঁর সঙ্গে দেখা গিয়েছে তাঁর চর্চিত প্রেমিকা কোমল রানি স্বর্ণকারকে।
সামাজিক মাধ্যমে (Social Media) ছড়িয়ে পড়া বিভিন্ন ছবি ও ভিডিয়োতে দেখা গিয়েছে, গোবিন্দা এবং কোমল রানি একসঙ্গে লালবাগচা রাজার প্যান্ডেলে প্রবেশ করছেন। তাঁদের সঙ্গে দু’পক্ষের টিমের সদস্যরাও উপস্থিত ছিলেন। সেখানে তাঁরা প্রসাদ নেন এবং ভক্তিভরে পুজোয় অংশ নেন। পুরোহিত তাঁদের কপালে তিলক পরিয়ে দেন। প্যান্ডেলের বাইরে গোবিন্দাকে দেখার জন্য ভক্তদের উপচে পড়া ভিড় ছিল। ভক্তদের নিরাশ করেননি অভিনেতা। হাসিমুখে তাঁদের দিকে হাত নেড়ে শুভেচ্ছাও বিনিময় করেন। ভিডিয়োতে বেশ ফুরফুরে ও ভালো মেজাজেই দেখা গিয়েছে তাঁকে। সুনীতাও লালবাগচায় উপস্থিত ছিলেন তবে একাই।
কে এই কোমল রানি?
চলতি বছরের শুরুর দিকেই কোমল রানির সঙ্গে গোবিন্দার প্রেমের গুঞ্জন প্রথমবার সবার নজরে আসে। শোনা যাচ্ছে, গোবিন্দার আসন্ন ছবি ‘রূপা’-র হাত ধরে খুব শিগগিরই অভিনয়ে পা রাখতে চলেছেন তিনি। এই ছবির মাধ্যমেই বড় পর্দায় ফিরতে চলেছেন গোবিন্দা। শুধু তাই নয়, গুঞ্জন রয়েছে যে ‘দুনিয়াদারী’ নামের গোবিন্দার আরও একটি ছবিতে কোমল অভিনয় করবেন। তবে এখনও পর্যন্ত এই বিষয়ে আনুষ্ঠানিক ভাবে কোনও ঘোষণা করা হয়নি।
সুনীতার সঙ্গে বিবাহবিচ্ছেদ
আইনত, গোবিন্দা এখনও সুনীতা আহুজার স্বামী। ৪০ বছর ধরে তাঁরা একসঙ্গে সংসার করছেন। চলতি বছরের শুরুতে তাঁরা বিবাহবিচ্ছেদের মামলা দায়ের করেছিলেন ঠিকই, তবে সম্প্রতি সুনীতা সেই বিচ্ছেদের আবেদন ফিরিয়ে নিয়েছেন। সুনীতা দাবি করেছেন, গোবিন্দা নাকি কোমল রানিকে বিয়ে করার পরিকল্পনা করছেন। সেই খবর জানতে পেরেই তিনি মামলাটি প্রত্যাহার করে নেন। অন্যদিকে, গোবিন্দার ম্যানেজার শশী সিনহা এই দাবি সম্পূর্ণ উড়িয়ে দিয়েছেন। তিনি স্পষ্ট জানিয়েছেন, দ্বিতীয় বিয়ের কোনও সম্ভাবনা নেই এবং সুনীতাই গোবিন্দার স্ত্রী।
