আচমকা প্যারিস সফর বাতিল করলেন দীপিকা পাড়ুকোন! নেপথ্যে কোন কারণ?
গত কয়েক দিনে ইরানের পরিস্থিতির কারণে একের পর এক আন্তর্জাতিক বিমান বাতিল হতে শুরু করে। দীপিকার বিমানটিও বাতিল তালিকায় ছিল। শুধু বিমান বিভ্রাটই নয়, পশ্চিম এশিয়ার এই অস্থিতিশীল পরিবেশে আন্তর্জাতিক সফর কতটা নিরাপদ, তা নিয়ে নতুন করে ভাবনাচিন্তা করেই শেষমেশ পিছিয়ে আসার সিদ্ধান্ত নেন রণবীর-পত্নী।

বিশ্বজুড়ে যুদ্ধের আবহ। ইরান, ইজরায়েল ও আমেরিকার মধ্যে বাড়তে থাকা উত্তেজনার প্রভাব এবার সরাসরি আছড়ে পড়ল গ্ল্যামার দুনিয়ায়। পশ্চিম এশিয়ার আকাশপথ কার্যত রণক্ষেত্রের আকার নেওয়ায় আন্তর্জাতিক বিমান পরিষেবা ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে। এই পরিস্থিতির শিকার হলেন খোদ দীপিকা পাড়ুকোন। প্যারিসে একটি হাই-প্রোফাইল ফ্যাশন ইভেন্টে যোগ দেওয়ার কথা থাকলেও, শেষ মুহূর্তে তা বাতিল করেছেন তিনি।
অভিনেত্রীর ঘনিষ্ঠ মহলের খবর অনুযায়ী, দীপিকা এই সফরের জন্য সম্পূর্ণ প্রস্তুত ছিলেন। পোশাক নির্বাচন থেকে শুরু করে ট্রায়াল, সবটাই সারা হয়ে গিয়েছিল। কিন্তু গত কয়েক দিনে ইরানের পরিস্থিতির কারণে একের পর এক আন্তর্জাতিক বিমান বাতিল হতে শুরু করে। দীপিকার বিমানটিও বাতিল তালিকায় ছিল। শুধু বিমান বিভ্রাটই নয়, পশ্চিম এশিয়ার এই অস্থিতিশীল পরিবেশে আন্তর্জাতিক সফর কতটা নিরাপদ, তা নিয়ে নতুন করে ভাবনাচিন্তা করেই শেষমেশ পিছিয়ে আসার সিদ্ধান্ত নেন রণবীর-পত্নী।
প্যারিস সফর ভেস্তে গেলেও কাজের ময়দানে দারুণ ছন্দে রয়েছেন দীপিকা। শাহরুখ খানের আসন্ন মেগা প্রজেক্ট ‘কিং’-এ আবারও কিং খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে চলেছেন তিনি। এই ছবিতে অভিষেক হতে চলেছে শাহরুখ-কন্যা সুহানা খানেরও। সম্প্রতি মুম্বইতে বিজয়া দশমীর প্রেক্ষাপটে একটি বিশাল সেটে আট রাত ধরে শুটিং করেছেন শাহরুখ ও সুহানা। শোনা যাচ্ছে, এই ছবিতে সুহানাকে প্রচুর অ্যাকশন স্টান্ট করতে দেখা যাবে। ২০২৬ সালের ২৪ ডিসেম্বর ছবিটি মুক্তি পাওয়ার কথা।
দীপিকার ঝুলিতে রয়েছে আরও একটি বড় প্রজেক্ট। পরিচালক অ্যাটলির আগামী ছবি ‘AA22XA6’-এ দক্ষিণী মেগাস্টার অল্লু অর্জুনের বিপরীতে দেখা যাবে তাঁকে। ভ্যারাইটি ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী, ২০২৬ সালের ৮ এপ্রিল অল্লু অর্জুনের জন্মদিনে এই ছবির আনুষ্ঠানিক নাম ঘোষণা করা হতে পারে।
বর্তমানে দীপিকার টিম তাঁর প্যারিস সফর বাতিল নিয়ে কোনও আনুষ্ঠানিক বিবৃতি না দিলেও, অনুরাগীরা তাঁর এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন। যুদ্ধের এই আবহে বিনোদনের চেয়ে নিরাপত্তা যে বেশি জরুরি, দীপিকার এই পদক্ষেপ যেন সেটাই প্রমাণ করল।
