AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Satyajit Ray Arranged 1000 Camels: হাল্লা রাজার যুদ্ধের দৃশ্যে দরকার হাজার উট! জয়সলমীরে রাতারাতি কীভাবে তা জোগাড় করেছিলেন সত্যজিৎ রায়?

Goopy Gyne Bagha Byne Shooting Stories Halla Raja Scene: সব মিলিয়ে ছবিটি বাংলা সিনেমার ইতিহাসে মাইলফলক হয়ে রয়েছে। তবে এই ছবির শুটিংয়ের নেপথ্যেও জড়িয়ে রয়েছে একাধিক চমকপ্রদ গল্প। তেমনই একটি ঘটনা হল হাল্লা রাজার যুদ্ধের দৃশ্যে একসঙ্গে এক হাজার উটের ব্যবহার— যা রাতারাতি জোগাড় করে ফেলেছিলেন খোদ পরিচালক।

Satyajit Ray Arranged 1000 Camels: হাল্লা রাজার যুদ্ধের দৃশ্যে দরকার হাজার উট! জয়সলমীরে রাতারাতি কীভাবে তা জোগাড় করেছিলেন সত্যজিৎ রায়?
Image Credit: Facebook
| Updated on: Nov 27, 2026 | 6:10 PM
Share

১৯৬৯ সালে মুক্তি পাওয়া সত্যজিৎ রায়ের কালজয়ী সৃষ্টি ‘গুপি গাইন বাঘা বাইন’ আজও সব বয়সের দর্শকের কাছে সমান প্রিয়। ছোটদের রূপকথার মোড়কে তৈরি হলেও এই ছবিতে ধরা পড়েছিল তৎকালীন সমাজ ও যুদ্ধবিরোধী এক গভীর বার্তা। গুপি-বাঘার গান, ভূতের রাজার তিন বর আর হাল্লা রাজার সেনাবাহিনীর কাণ্ডকারখানা— সব মিলিয়ে ছবিটি বাংলা সিনেমার ইতিহাসে মাইলফলক হয়ে রয়েছে। তবে এই ছবির শুটিংয়ের নেপথ্যেও জড়িয়ে রয়েছে একাধিক চমকপ্রদ গল্প। তেমনই একটি ঘটনা হল হাল্লা রাজার যুদ্ধের দৃশ্যে একসঙ্গে এক হাজার উটের ব্যবহার— যা রাতারাতি জোগাড় করে ফেলেছিলেন খোদ পরিচালক।

সে সময় রাজস্থানের জয়সলমীরে ‘গুপি গাইন বাঘা বাইন’-এর শুটিং চলছিল। প্রায় ৩৫ জন কলাকুশলী নিয়ে জয়সলমীরের ‘জহর নিবাস’ নামের একটি বাড়িতে উঠেছিলেন সত্যজিৎ রায়। চিত্রনাট্য অনুযায়ী হাল্লা রাজার যুদ্ধের প্রস্তুতির দৃশ্য ক্যামেরাবন্দি করার জন্য প্রয়োজন ছিল এক হাজার উটের। কিন্তু প্রাথমিক পরিকল্পনামাফিক অতগুলো উট জোগাড় করতে গিয়ে রীতিমতো সমস্যায় পড়ে ইউনিট।

উপায়ান্তর না দেখে সত্যজিৎ দ্বারস্থ হন জয়সলমীরের রাজার। জহর নিবাসের ঠিক উল্টো দিকেই ছিল রাজমহল। সরাসরি রাজার সঙ্গে দেখা করে নিজের সমস্যার কথা এবং এক হাজার উটের প্রয়োজনের কথা জানান সত্যজিৎ। পরিচালকের কথা শুনে রাজা হেসে জানান, সামান্য এই প্রয়োজনের জন্য সত্যজিতের নিজে আসার কোনও দরকারই ছিল না— কেবল কাউকে দিয়ে খবর পাঠালেই ব্যবস্থা হয়ে যেত।

রাজার আশ্বাসের পরদিন সকালেই জহর নিবাসে সত্যজিতের সামনে এসে হাজির হন বছর ছাব্বিশের রায়বাহাদুর। নিজের বাইকে বসিয়ে তিনি সত্যজিৎকে নিয়ে যান নির্ধারিত শুটিং স্পটে। সেখানে পৌঁছেই চক্ষু চড়কগাছ পরিচালকের! মরুভূমির বুকে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে পুরো এক হাজার উট।

অবাক সত্যজিৎকে রায়বাহাদুর জানান, রাজার তরফ থেকেই এই উটগুলো পাঠানো হয়েছে— পরিচালক যেন নিশ্চিন্তে শুটিং করেন এবং আর কোনও কিছুর প্রয়োজন হলে নিঃসংকোচে জানান। রাজার এই অকুণ্ঠ সহযোগিতায় সেদিন নির্বিঘ্নেই শুট হয়েছিল ‘গুপি গাইন বাঘা বাইন’-এর সেই ঐতিহাসিক দৃশ্য। শুটিং শেষে কৃতজ্ঞতা জানাতে ফের রাজার সঙ্গে দেখা করে ধন্যবাদ জানিয়েছিলেন সত্যজিৎ রায়।

তথ্যসূত্র- একেই বলে শুটিং, সত্যজিৎ রায়

Follow Us