AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rituparna Sengupta: ‘পায়ে ধরেও ক্ষমা চাইতে পারি’, ঋতুপর্ণার কাছে হঠাৎ আর্জি ইউটিউবার সন্দীপের!

Rituparna Sengupta controversy: অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে নিয়ে তৈরি সমস্ত ভিডিয়ো সোশাল মিডিয়া থেকে মুছে প্রকাশ্যে ক্ষমা চাইলেন ইউটিউবার বংস্টার সন্দীপ। অভিনেত্রীকে আঘাত করার কোনও উদ্দেশ্য ছিল না বলে দাবি তাঁর। ভবিষ্যতে ঋতুপর্ণাকে নিয়ে আর কোনও ভিডিয়ো বা মন্তব্য করবেন না বলেও জানালেন সন্দীপ। এমনকী প্রয়োজন হলে সবার সামনে পায়ে ধরেও ক্ষমা চাইতে রাজি তিনি। হঠাৎ কেন এই ক্ষমাপ্রার্থনা? কী নিয়ে তৈরি হয়েছিল ভুল বোঝাবুঝি? এখনও পর্যন্ত কী বলছেন ঋতুপর্ণা? বিস্তারিত জানুন।

Rituparna Sengupta: ‘পায়ে ধরেও ক্ষমা চাইতে পারি’, ঋতুপর্ণার কাছে  হঠাৎ আর্জি ইউটিউবার সন্দীপের!
কী ঘটেছে?
| Updated on: Nov 27, 2026 | 5:12 PM
Share

সোশাল মিডিয়ায় হঠাৎই জোর শোরগোল। অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta)-কে নিয়ে তৈরি সব ভিডিয়ো নিজের প্রোফাইল থেকে মুছে ফেললেন কনটেন্ট ক্রিয়েটর বংস্টার সন্দীপ (BongStar Sandip)। শুধু ভিডিয়ো ডিলিট করাই নয়, রীতিমতো হাতজোড় করে প্রকাশ্যে ক্ষমাও চাইলেন তিনি। তাঁর এই ভিডিয়ো ঘিরে নেটদুনিয়ায় শুরু হয়েছে তুমুল চর্চা। কিন্তু হঠাৎ কী এমন ঘটল?

কী বলেছেন সন্দীপ?

সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেল ‘বংস্টার সন্দীপ’-এ একটি ভিডিয়ো পোস্ট করেন সন্দীপ। সেখানে তিনি জানান, ‘বংস্টার সন্দীপ অফিশিয়াল’ এবং ‘সন্দীপ এন্টারটেইনার’ নামে তাঁর ফেসবুক ও ইনস্টাগ্রাম প্রোফাইল রয়েছে। সাধারণত মজার ভিডিয়ো, সামাজিক বিষয়, ড্রামা ও দৈনন্দিন জীবনের নানা গল্প নিয়ে তিনি কাজ করেন। কিছুদিন আগে বাংলা ছবির জগতের কিংবদন্তি অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে নিয়ে কয়েকটি ভিডিয়ো বানিয়েছিলেন সন্দীপ।

ভিডিয়োতে সন্দীপ বলেন, “ঋতুপর্ণা ম্যাডামের নাম নেওয়ার যোগ্যতা আমার আছে কি না জানি না। তবে ওঁকে আঘাত করার কোনও উদ্দেশ্য আমার ছিল না।” অজান্তে অভিনেত্রী মনে কষ্ট পেয়ে থাকলে, তার জন্য হাতজোড় করে ক্ষমা চেয়েছেন তিনি।

সন্দীপ জানান, গত এক মাসেরও বেশি সময় ধরে তিনি অভিনেত্রীকে নিয়ে নতুন কোনও ভিডিয়ো বা মন্তব্য করেননি। আগে অভিনেত্রী কিছু মন্তব্য করেছিলেন, যা দেখে সন্দীপের মনে হয়েছিল বিষয়টি তিনি সহজভাবেই নিয়েছেন। সন্দীপের কথায়, “আমি ভেবেছিলাম কোনও সমস্যা হলে আপনি আগেই বলে দিতে পারতেন। বাকিদের মতো আপনিও আমার ভিডিয়োগুলো সহজভাবে নিচ্ছেন বলে মনে হয়েছিল। তবে সেটা আমার ভুল ধারণা ছিল।”

ঋতুপর্ণা যে ভিডিয়োগুলোর কথা উল্লেখ করেছিলেন, সেগুলো তো বটেই, নিজের থেকেই অভিনেত্রীকে নিয়ে বানানো বাকি সব ভিডিয়ো সোশাল মিডিয়া থেকে মুছে দিয়েছেন বলে জানান সন্দীপ। ভবিষ্যতে আর কখনও অভিনেত্রীকে নিয়ে কোনও ভিডিয়ো বা মন্তব্য করবেন না বলেও কথা দিয়েছেন তিনি।

ভিডিয়োর শেষে বেশ নরম সুরে সন্দীপ বলেন, “পুরো বিষয়টি যেহেতু সোশাল মিডিয়ায় ঘটেছে, তাই সবার সামনেই ক্ষমা চাইছি। আপনার মনে হলে আমাকে ডাকতে পারেন। সবার সামনে আপনার পায়ে ধরেও ক্ষমা চাইতে পারি। আবারও বলছি, আমি দুঃখিত।” তবে এই বিষয়ে এখনও ঋতুপর্ণার থেকে কোনও মন্তব্য পাওয়া যায়নি।

Follow Us