Sridevi Death Truth: বাথটবে ডুবে নাকি ষড়যন্ত্র? শ্রীদেবীর মৃত্যু নিয়ে ৮ বছর পর কোন তথ্য এল সামনে?
Former Ambassador Navdeep Singh Suri On Sridevi Death: দুবাইয়ের একটি হোটেলের বাথটাব থেকে উদ্ধার হয় শ্রীদেবীর নিথর দেহ। সেই সময় থেকেই দুর্ঘটনা নাকি অন্য কিছু, তা নিয়ে নানা জল্পনা ছড়িয়ে পড়েছিল। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই ঘটনার নেপথ্য বাস্তবতা তুলে ধরার পাশাপাশি ভারতীয় টেলিভিশন চ্যানেলগুলোর অতি-সক্রিয়তা নিয়ে কড়া সমালোচনা করেছেন সুরি।

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রীদেবীর আকস্মিক মৃত্যুতে কোনও চক্রান্ত বা রহস্যের ইঙ্গিত মেলেনি— প্রায় আট বছর পর এই বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন সংযুক্ত আরব আমিরশাহিতে ভারতের প্রাক্তন রাষ্ট্রদূত নবদীপ সিং সুরি। ২০১৮ সালের ২৪ ফেব্রুয়ারি দুবাইয়ের একটি হোটেলের বাথটাব থেকে উদ্ধার হয় শ্রীদেবীর নিথর দেহ। সেই সময় থেকেই দুর্ঘটনা নাকি অন্য কিছু, তা নিয়ে নানা জল্পনা ছড়িয়ে পড়েছিল। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই ঘটনার নেপথ্য বাস্তবতা তুলে ধরার পাশাপাশি ভারতীয় টেলিভিশন চ্যানেলগুলোর অতি-সক্রিয়তা নিয়ে কড়া সমালোচনা করেছেন সুরি।
শ্রীদেবীর প্রয়াণের সময় সংযুক্ত আরব আমিরশাহিতে ভারতের রাষ্ট্রদূত ছিলেন নবদীপ সিং সুরি। অভিনেত্রীর মরদেহ দেশে ফেরানোর প্রক্রিয়ায় দুবাই প্রশাসন এবং কাপুর পরিবারের মধ্যে সেতুবন্ধনের কাজ করেছিলেন তিনি। স্মৃতিচারণায় সুরি জানান, সংবাদমাধ্যমে ক্রমাগত নানা তত্ত্ব ও জল্পনা ছড়ানোর কারণে দুবাই প্রশাসন বিষয়টি খতিয়ে দেখার সিদ্ধান্ত নেয়। যথাযথ বিধি মেনে ময়নাতদন্ত করা হয়, ভিসেরা নমুনা সংগ্রহ করা হয় এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের জিজ্ঞাসাবাদও চালানো হয়— যার মধ্যে বনি কাপুরও ছিলেন। কিন্তু কোনও অপরাধমূলক ষড়যন্ত্রের প্রমাণ তাঁর চোখে পড়েনি বলে সাফ জানিয়েছেন প্রাক্তন কূটনীতিক।
সাক্ষাৎকারে ভারতীয় টেলিভিশন চ্যানেলগুলোর আচরণ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন নবদীপ সিং সুরি। তাঁর মতে, এমন এক মর্মান্তিক মৃত্যুকে ঘিরে সংবাদমাধ্যমের একাংশ যেভাবে প্রচার চালিয়েছিল, তা একপ্রকার তামাশায় পরিণত হয়েছিল। সাধারণ মানুষের মনে তৈরি হওয়া বিভ্রান্তি ও গুজব ঠেকাতেই সে সময় তাঁকে সামনে এসে কথা বলতে হয়েছিল বলে জানান তিনি।
সুরির ভাষায়, সেই সময় টেলিভিশন চ্যানেলগুলো সব সীমা লঙ্ঘন করেছিল এবং গোটা বিষয়টি ছিল ‘কুৎসিত ও অস্বাভাবিক’। এত বছর কেটে যাওয়ার পরও সংবাদমাধ্যম সেই অভিজ্ঞতা থেকে কোনও শিক্ষা নিয়েছে বলে তিনি মনে করেন না— আক্ষেপের সুরে এমনটাই জানিয়েছেন প্রাক্তন রাষ্ট্রদূত।
