Hrithik Roshan property: সাবার পর এবার কাকে চাবি দিলেন হৃত্বিক? অ্যাকাউন্টে ঢুকছে লাখ লাখ টাকা
Hrithik Roshan Real Estate: আগের বছর নিজের বিলাসবহুল ফ্ল্যাটটি প্রেমিকা সাবা আজাদকে ভাড়া দিয়ে খবরের শিরোনামে এসেছিলেন হৃত্বিক রোশন। এবার আবার মুম্বইয়ে নিজের বিশাল এক প্রপার্টি ভাড়া দিলেন তিনি। এবার প্রপার্টি পেলেন কে? আর সেই এক চুক্তি থেকেই বা প্রতি মাসে হৃত্বিকের পকেটে ঢুকছে কত টাকা?

অভিনেতা হিসাবে পর্দায় ঝড় তোলার পাশাপাশি ব্যবসার খেলায় যে তিনি চরম বুদ্ধিমান, তা আরও একবার প্রমাণ করলেন হৃত্বিক রোশন। গত বছর নিজের বিলাসবহুল ফ্ল্যাটটি প্রেমিকা সাবা আজাদকে ভাড়া দিয়ে খবরের শিরোনামে এসেছিলেন অভিনেতা। আর এবার? এবার অন্য এক সংস্থাকে নিজের একটি বিশাল প্রপার্টি ভাড়া দিয়েছেন তিনি। জানেন কি, এই এক চুক্তি থেকেই প্রতি মাসের শুরুতেই তাঁর অ্যাকাউন্টে কত টাকা ঢুকবে? অঙ্কটা শুনলে চোখ কপালে উঠতে বাধ্য!
হ্যাঁ, মুম্বইয়ের প্রাইম লোকেশনে কমার্শিয়াল স্পেস ভাড়া দিয়ে এখন মাসে কড়কড়ে ১৭ লাখ টাকা পকেটে পুরছেন বলিউডের এই তারকা! সিআরই ম্যাট্রিক্স (CRE Matrix)-এর পাওয়া রেজিস্ট্রেশনের নথি অনুযায়ী, মুম্বইয়ের আন্ধেরি ওয়েস্টের নিউ লিঙ্ক রোডে ‘লোটাস নীলকমল বিজনেস পার্ক’-এ হৃত্বিকের একটি বড়সড় প্রপার্টি রয়েছে। বহুতলের ওপরের দিকে অবস্থিত এই কমার্শিয়াল স্পেসটি প্রায় ৬ হাজার বর্গফুটের। এতে রয়েছে মোট ৭টি কমার্শিয়াল ইউনিট, আর বোনাস হিসেবে সঙ্গে ৭টি পারকিং স্পেস। পুরো প্রপার্টিটিই আগামী পাঁচ বছরের দীর্ঘমেয়াদী চুক্তিতে ভাড়া দেওয়া হয়েছে।
কাকে দেওয়া হল এই প্রপার্টি?
চুক্তির কাগজ থেকে জানা গিয়েছে, ‘ক্লিয়ারসিন্থ ল্যাবস লিমিটেড’ নামের একটি সংস্থাকে এই জায়গাটি ভাড়া দেওয়া হয়েছে। ২০২৬ সালের ১ এপ্রিল থেকে শুরু হওয়া এই চুক্তি বহাল থাকবে ২০৩১ সালের ৩১ মার্চ পর্যন্ত। চুক্তি অনুযায়ী, প্রথম তিন বছর অর্থাৎ ২০২৯ সালের মার্চ পর্যন্ত হৃত্বিক মাসে ওই ১৭ লাখ টাকা করে ভাড়া পাবেন। আর শেষ দু’বছরে এই ভাড়ার অঙ্ক একলাফে বেড়ে দাঁড়াবে মাসে ১৯.৫৫ লাখ টাকায়! ডিল পাকা করতে ওই সংস্থা ইতিমধ্যেই ৬৮ লাখ টাকার সিকিউরিটি ডিপোজিটও জমা দিয়ে দিয়েছে।
প্রপার্টিতে বিনিয়োগ করার এই অভ্যাস হৃত্বিকের অবশ্য নতুন নয়। টাকা কোথায় খাটালে সবচেয়ে বেশি লাভ পাওয়া যায়, তা তিনি বেশ ভালোই বোঝেন। এর আগে বাবা রাকেশ রোশনের সংস্থা ‘এইচআরএক্স ডিজিটেক এলএলপি’ এবং মা প্রমীলা রোশনের সংস্থা ‘ফিল্মকুঞ্জ বম্বে প্রাইভেট লিমিটেড’-এর সঙ্গে হাত মিলিয়ে আন্ধেরি ওয়েস্টে ২৮ কোটি টাকা খরচ করে ১০টি অফিস কিনেছিলেন তিনি।
