‘অবাক হয়েছিলাম মুজিবুর রহমানের চরিত্র পেয়ে’, কেন বললেন কৌশিক
বিজয় দিবসের প্রেক্ষাপটে লেখা একটি গল্প নিয়ে আসছেন পরিচালক সৌমিক সেন। সিরিজের নাম 'জ্যাজ সিটি' । গল্পই বলে দিচ্ছে এই সিরিজে বঙ্গবন্ধু মুজিবুর রহমান অপরিহার্য চরিত্র। আইকনিক এই চরিত্রে অভিনয় করেছেন কৌশিক বন্দ্যোপাধ্যায়। এক ঝলক তাঁকে দেখে দর্শকদের মনে হবে মুজিবুর রহমানই দাঁড়িয়ে রয়েছেন।

বিজয় দিবসের প্রেক্ষাপটে লেখা একটি গল্প নিয়ে আসছেন পরিচালক সৌমিক সেন। সিরিজের নাম ‘জ্যাজ সিটি’ । গল্পই বলে দিচ্ছে এই সিরিজে বঙ্গবন্ধু মুজিবুর রহমান অপরিহার্য চরিত্র। আইকনিক এই চরিত্রে অভিনয় করেছেন কৌশিক বন্দ্যোপাধ্যায়। এক ঝলক তাঁকে দেখে দর্শকদের মনে হবে মুজিবুর রহমানই দাঁড়িয়ে রয়েছেন। এই বিষয় নিয়ে TV9 বাংলার সঙ্গে কথা বললেন কৌশিক বন্দ্যোপাধ্যায়। কয়েক দশক ধরে বড় পর্দা থেকে ছোট পর্দায় অভিনয় করছেন কৌশিক বন্দ্যোপাধ্যায়। নায়ক থেকে খলনায়ক, পার্শ্ব চরিত্রে দর্শকদের ভালোবাসা পেয়েছেন, তবে তাঁর মতে মুজিবুর রহমানের চরিত্রে অভিনয় করাটা তাঁর কেরিয়ারে বিশেষ পালক যোগ করল। কীভাবে পেলেন এই চরিত্র? এর উত্তর দিতে গিয়ে তিনি বললেন, “আসলে আমার কাছে যখন এই চরিত্রটির অফার আসে, আমি নিজেও অবাক হয়েছিলাম। কারণ আমায় কোনওভাবেই মুজিবুর রহমানের মতো দেখতে নয়। আমি পরিচালক সৌমিক সেনকে প্রথম মিটিংয়ে বলেছিলাম, আমাকে মানানসই লাগবে না, কারণ আমি একাত্তরের যুদ্ধ দেখেছি। মুজিব সাহেবের মুখ আমার মতো সকলের কাছে উজ্জ্বল। শুধু এপার বাংলা-ওপার বাংলা বলে নয়, বিশ্বের সব বাঙালির কাছে এই মুখটা খুব চেনা। তাই আমাকে নিলে আমার ও বদনাম হবে, আপনাদেরও বদনাম হবে। তবে পরিচালক আমায় বুঝিয়েছিলেন, মুম্বইতে যে ক’জন অভিনেতার ছবি পাঠিয়েছেন, তাঁরা কম্পিউটার গ্রাফিক্স দেখে বলছেন, আমার মুখের সঙ্গেই মিল বেশি। এটা শুনেও আমি খুব একটা নিশ্চিত ছিলাম না। এর পর সৌমিক বললেন একটা লুক টেস্ট করে দেখলেই বোঝা যাবে, এরপরই একদিন লুকটেস্ট হল, সম্পূর্ণ সাজের পর আয়নায় আমি নিজেকেই চিনতে পারছিলাম না। কী করে ‘জ্যাজ সিটি’র টিম আগে থেকে বুঝলো জানি না। আমি তো অবাক।” এরপর অভিনেতা আরও বললেন, “লুকটা যে একদম মুজিব সাহেবের মতো হয়েছে, সে কথা আমায় অনেকে বলেছেন। যাঁরাই এই লুকটা দেখেছেন, আর আমার বাবার বাড়ি যেহেতু বাংলাদেশের কুষ্টিয়াতে , তাই বাঙাল ভাষাটা ভালোই বলতে পারি। কয়েকটা সিরিয়ালেও বাঙাল ভাষা বলতে হয়েছিল। যদিও পরই খুব বেশি বাঙাল কথা বলাননি সিরিজে। কয়েকটি ঊর্দু শের বলিয়েছেন। আমি যেহেতু হিন্দি গান গাই, তাই হিন্দি ঊর্দুতে খুব বেশি সমস্যা হয়নি। তবে এই লুকটার জন্য সম্পূর্ণ ক্রেডিট পরিচালক, মেকআপ আর্টিস্টের। এরপর অভিনয় দেখে দর্শকদের পছন্দ হলে বুঝব, আমি কাজটা করতে পেরেছি।”
এই সিরিজটি মার্চ মাস থেকে দর্শকদের কাছে পৌঁছাবে। এই সময়ে বাংলাদেশের যে পরিস্থিতি, সেই সময়ে এই সিরিজটি কতটা প্রাসঙ্গিক? এর উত্তরে অভিনেতা বললেন, “বাংলাদেশের নির্বাচন, শেখ হাসিনার দিল্লিতে চলে আসা, এই সময়ে একাত্তরের মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ দিবসের প্রেক্ষাপটের এই গল্প দারুণ উপযোগী। বিশ্বের সব বাঙালিকে এই সিরিজ নস্টালজিক করে তুলবে।এটা সিরিজের ভিউয়ারশিপ ভালো হবে বলে মনে করছি।”
