Tiger Shroff: জুহুতে টাইগারকে উদ্দেশ্য করে একের পর এক গুলি! অভিনয় থেকে কি বিরতি নিচ্ছেন টাইগার?
Bollywood Updates: জুহুতে প্রাণঘাতী হামলার পর থেকেই টাইগার শ্রফকে নিয়ে বাড়ছে জল্পনা। তবে কি ভয়াবহ সেই ঘটনার পর অভিনয় জগত থেকে দূরে সরে যাচ্ছেন তিনি? অভিনেতার আগামী পদক্ষেপ নিয়ে এবার সামনে এল বড় খবর। ঠিক কী সিদ্ধান্ত নিলেন বলিউডের অ্যাকশন হিরো?

টাইগার শ্রফ (Tiger Shroff) মানেই পর্দায় টানটান উত্তেজনা আর ভরপুর অ্যাকশন। কিন্তু বাস্তব জীবনেও যে তাঁকে এমন ভয়ংকর পরিস্থিতির মুখে পড়তে হবে, তা হয়তো কেউ ভাবেননি। গত ১৮ অক্টোবর জুহুর এক ফুটবল মাঠের বাইরে অভিনেতার গাড়িকে লক্ষ্য করে ৫-৭ রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা। সেই ঘটনায় তিনি রক্ষা পেলেও জখম হন তাঁর গাড়ির চালক ও এক পথচারী। এরপর থেকেই ভক্তদের মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। তবে কি এই হামলার পর অভিনয় থেকে বিরতি নিচ্ছেন অভিনেতা?
জল্পনার অবসান, ফিরছেন ফ্লোরে
যাঁরা ভাবছেন টাইগার ভয় পেয়ে পিছিয়ে গিয়েছেন, তাঁদের জন্য রয়েছে সুখবর। সূত্রের খবর, অভিনয় থেকে কোনও বিরতি নিচ্ছেন না তিনি। বরং সমস্ত আতঙ্ক কাটিয়ে খুব তাড়াতাড়ি শ্যুটিংয়ে ফিরতে চলেছেন। আগামী নভেম্বরেই ‘লগ যা গলে’ (Lag Jaa Gale) ছবির বাকি থাকা কাজ শেষ করবেন তিনি। কাজ নিয়ে এতটাই সিরিয়াস অভিনেতা যে, নিজের জন্য প্রযোজকদের কোনও ক্ষতি হোক, সেটা তিনি একদমই চান না।
কড়া নিরাপত্তায় গোপন শ্যুটিং
আপাতত পরিবারের সঙ্গে বাড়িতেই রয়েছেন অভিনেতা। তবে নভেম্বরের শুরুতে পরিচালক রাজ মেহতার এই ছবির জন্য ১০ দিনের একটি বিশেষ শিডিউল তৈরি করা হয়েছে। অভিনেতার সুরক্ষার কথা মাথায় রেখে শ্যুটিংয়ের জায়গা সম্পূর্ণ গোপন রাখা হয়েছে। টিমের খুব কাছের কয়েকজন ছাড়া কেউ জানেন না কোথায় শুটিং সারবেন তিনি।
কবে আসছে নতুন ছবি?
ধর্ম প্রোডাকশনের প্রযোজনায় এই রোমান্টিক অ্যাকশন থ্রিলারে টাইগারের সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন জাহ্নবী কাপুর এবং লক্ষ্য। গত বছর থেকেই ছবিটির কাজ চলছে। আগে ঠিক ছিল ২০২৬ সালেই মুক্তি পাবে ছবিটি। কিন্তু বেশ কিছু কারণে কাজ পিছিয়ে যাওয়ায় আগামী ১৪ মে, ২০২৭ সালে প্রেক্ষাগৃহে আসবে ‘লগ যা গলে’। এছাড়াও খুব তাড়াতাড়ি রেমো ডি’সুজার নতুন ছবিতেও কাজ শুরু করবেন বলিউডের এই জনপ্রিয় তারকা।
