Janhvi Kapoor Drinking Habit: হঠাৎ কেন মদ্যপানে আসক্ত হয়ে পড়েন শ্রীদেবী-কন্যা?
Janhvi Kapoor on her relationship with alcohol and trauma: জীবনের এক ভয়াবহ ট্রমার পর নিজেকে সামলাতে না পেরে কীভাবে মদ্যপানের নেশায় ডুবেছিলেন তিনি। পডকাস্টে এসে শোনালেন নিজের ঘুরে দাঁড়ানোর গল্প। কী ঘটে অভিনেত্রীর সঙ্গে?

গ্ল্যামার জগতের ঝকঝকে পর্দার আড়ালে লুকিয়ে রয়েছে অনেক অন্ধকার গল্প। শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর (Janhvi Kapoor) সম্প্রতি নিজের জীবনের এক কঠিন অধ্যায় নিয়ে মুখ খুলেছেন। জীবনের এক ভয়াবহ ট্রমার পর নিজেকে সামলাতে না পেরে কীভাবে মদ্যপানের নেশায় ডুবেছিলেন তিনি, সেই সত্যই এখন চর্চার কেন্দ্রে। সম্প্রতি একটি পডকাস্টে এসে নিজের মানসিক যন্ত্রণার কথা অকপটে ভাগ করে নিয়েছেন অভিনেত্রী।
জাহ্নবী জানান, সেই সময়টা তাঁর জন্য একেবারেই স্বাভাবিক ছিল না। কোনও এক গোপন ট্রমার মধ্য দিয়ে যাচ্ছিলেন তিনি। সেই যন্ত্রণা থেকে মুক্তি পেতেই নেশার আশ্রয় নেন। জাহ্নবীর কথায়, “আমি বলব না যে আমার আসক্তি তৈরি হয়েছিল বা আমি মদের অপব্যবহার করছিলাম, কিন্তু আমি ঘন ঘন মদ্যপান করতে শুরু করেছিলাম। মনের ভেতর একটা জেদ চেপে বসেছিল যে- আমায় নেশা করতেই হবে।” আসলে মনের ক্ষত ঢাকতেই যেন বার বার গ্লাসে চুমুক দিতেন তিনি। তবে কেন মদ্যপানে আসক্ত হয়েছিলেন তিনি সেই বিষয় উল্লেখ করেননি।
কীভাবে এল বদল?
তবে এই অভ্যাস খুব বেশিদিন স্থায়ী হয়নি। জাহ্নবী বুঝতে পারেন যে তিনি ভুল পথে হাঁটছেন। অভিনেত্রী লক্ষ্য করেন, মদ্যপানের ফলে তাঁর শরীর খারাপ হতে শুরু করেছে। সকালবেলা ঘুম থেকে ওঠার পর যে ‘হ্যাংওভার’ হতো, তাঁতে বেশ সমস্যা হত অভিনেত্রীর। ধীরে ধীরে নিজেই নিজেকে নেশা মুক্ত করেন অভিনেত্রী।
ব্যক্তিগত জীবনের এই চড়াই-উতরাই পেরিয়ে জাহ্নবী এখন কেরিয়ারে মনোযোগী। গত বছর বরুণ ধাওয়ানের সঙ্গে ‘সানি সংস্কারি কি তুলসী কুমারী’ ছবিতে তাঁকে দেখা গিয়েছিল। এবার তিনি পা রাখতে চলেছেন দক্ষিণী ছবিতে। মেগাস্টার রাম চরণের বিপরীতে ‘পেড্ডি’ (Peddi) ছবিতে দেখা যাবে তাঁকে। বারবার মুক্তির তারিখ বদলানোর পর শেষ পর্যন্ত ২০২৬ সালের ৬ জুন বড় পর্দায় আসছে এই ছবি। ট্রমা বা অবসাদ কাটিয়ে নতুন করে ঘুরে দাঁড়ানোর এই গল্প শুনে খুশি অভিনেত্রীর ভক্তরা।
