West Bengal Election Result Prediction: তৃণমূল না বিজেপি? জিতবে কে? গণনার আগেই বিদেশের মাটিতে সাট্টা বাজারে উড়ছে লাখ লাখ টাকা
West Bengal Election 2026 Result: ওই প্ল্য়াটফর্মেই এপ্রিলের শুরুতে তৃণমূল অনেক এগিয়ে ছিল । প্রায় ৭৫-৮০ শতাংশ। কিন্তু প্রথম দফা শেষে ছবিটা বদলে যায়, বিজেপি ৫৪ শতাংশ পেয়ে একেবারে ফেভারিট হয়ে ওঠে। এরইমধ্যে আবার ২৬-২৭ এপ্রিল হঠাৎ ৬ লক্ষ ডলারের বেশি তৃণমূলের পক্ষে জমা পড়ে।

কলকাতা: ভোটের জ্বরে ফুটছে বাংলা। তরজা, চর্চায় সরগরম রাজনৈতিক আঙিনা। আর তা কেমন রাজ্য বা দেশের মধ্যে সীমাবদ্ধ নেই, আন্তর্জাতিক আঙিনাতেও চলছে চাপানউতোর। নির্বাচনের ফলাফল নিয়ে চলছে অনলাইন প্রেডিকশন। ঝড় উঠছে সাট্টা বাজারে। যেভাবে লাখ লাখ টাকার বাজি ধরা হচ্ছে তা কার্যত নজিরবিহীন বলেই মত ওয়াকিবহাল মহলের।
সূত্রের খবর, আমেরিকার একটি জনপ্রিয় প্রেডিকশন প্ল্যাটফর্ম ২৯ এপ্রিল পর্যন্ত প্রায় ৪৮ লক্ষ ডলারের (প্রায় ৪০ কোটি টাকা) বাজি ধরা হয়েছে। এই ডিজিটাল বাজারের সর্বশেষ ট্রেন্ড বলছে, জয়ের দৌড়ে সামান্য এগিয়ে রয়েছে বিজেপি। ওই মার্কেটের পরিসংখ্যান বলছে, বিজেপির জয়ের সম্ভাবনা ৫৬ শতাংশ। তৃণমূল কংগ্রেসের (AITC) সম্ভাবনা সেখানে ৪৩ শতাংশ। বাম-কংগ্রেস বা অন্যান্য দলগুলি সেখানে ১ শতাংশের নিচে রয়েছে।
কী বলছে পরিসংখ্যান?
ওই প্ল্য়াটফর্মেই এপ্রিলের শুরুতে তৃণমূল অনেক এগিয়ে ছিল । প্রায় ৭৫-৮০ শতাংশ। কিন্তু প্রথম দফা শেষে ছবিটা বদলে যায়, বিজেপি ৫৪ শতাংশ পেয়ে একেবারে ফেভারিট হয়ে ওঠে। এরইমধ্যে আবার ২৬-২৭ এপ্রিল হঠাৎ ৬ লক্ষ ডলারের বেশি তৃণমূলের পক্ষে জমা পড়ে। কিন্তু দ্বিতীয় দফার ভোটের পর বিজেপি পুনরায় ৫৬ শতাংশ নিয়ে শীর্ষে ফিরে আসে।
কিন্তু অদ্ভুতভাবে বিজেপির জয়ের সম্ভাবনার ক্ষেত্রে শতাংশের বিচারে এগিয়ে থাকলেও ট্রেড ভলিউম বা লেনদেনের পরিমাণে তৃণমূল অনেক এগিয়ে। তৃণমূলের পক্ষে লেনদেন হয়েছে প্রায় ১৮ লক্ষ ডলার, যেখানে বিজেপির পক্ষে ১১ লক্ষ ডলার। যা দেখে বিশ্লেষকদের মত, হয় অনেক মানুষ তৃণমূলের হারের উপর বাজি ধরছেন, অথবা বড় বিনিয়োগকারীরা বিজেপির জয়ের উপর এককালীন মোটা অঙ্কের টাকা লগ্নি করেছেন। যার হাত ধরে বিজেপির শতাংশকে বাড়িয়ে দিয়েছে।
কিন্তু ভারতের সাট্টা মার্কেট কিন্তু অন্য কথা বলছে। একটি জাতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত তথ্য বলছে, দিল্লির সাট্টা মার্কেটে তৃণমূল কিছুটা সুবিধাজনক অবস্থানে রয়েছে। তাদের পূর্বাভাস অনুযায়ী তৃণমূল ১৪৬-১৪৯টি আসন পেতে পারে, আর বিজেপি পেতে পারে ১৪০-১৪৩টি আসন। এদিকে এবারই রেকর্ড মাত্রায় ভোট পড়েছে বাংলায়। প্রথম দফায় ছাপিয়ে গিয়েছে ৯৩ শতাংশের গণ্ডি। দ্বিতীয় দফায় ৯১.৪১ শতাংশ ভোট পড়েছে, যা ভারতের নির্বাচনী ইতিহাসে এক অভাবনীয় রেকর্ড। এখন দেখার ভোটের ফল কী বলে।
