Bigg Boss Bangla: অ্যালেক্সের ভাঙা বাংলা শুনে ধমক জীতুর! নতুন কী ঘটল বিগ বসের ঘরে?
controversy involving Jeetu Kamal and Alex: যদিও ঘটনাটি নিছক আড্ডার মাঝে মজার ছলেই ঘটেছিল, তবুও ক্লিপটি নেটপাড়ায় আসতেই দ্বিধাবিভক্ত নেটিজেনরা। একাংশের মতে, অ্যালেক্স একজন বিদেশিনী হয়েও বাংলা ইন্ডাস্ট্রিতে কাজ করছেন এবং কষ্ট করে বাংলায় কথা বলার আপ্রাণ চেষ্টা করছেন।

টেলিভিশনের পর্দায় শুরু থেকেই ড্রামা, বিতর্ক আর বিনোদনের রসদ জোগাচ্ছেন ‘বিগ বস’-এর প্রতিযোগীরা। এবার আলোচনার কেন্দ্রে দুই ভিন্ন ঘটনা—একদিকে অভিনেতা জীতু কামালের মন্তব্যে তৈরি হওয়া বিতর্কের ঝড়, অন্যদিকে রাজবীর দে-র কাণ্ডকারখানায় বাড়িতে তুলকালাম অশান্তি!
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ক্লিপে দেখা গিয়েছে, জীতু কামাল, অ্যালেক্সজান্দ্রা, সোহিনী, ঝিলম ও সায়ক একসঙ্গে বসে আড্ডা দিচ্ছিলেন। সেখানে বিদেশি প্রতিযোগী অ্যালেক্স ভাঙা ভাঙা বাংলায় নিজের মতামত প্রকাশ করার চেষ্টা করছিলেন। কিন্তু মাঝপথেই তাঁকে থামিয়ে দিয়ে জীতু রসিকতা করে বলে ওঠেন, “তুই চুপ কর! তোর বাংলা আমাকে আবার বাংলাতেই ট্রান্সলেট করতে হচ্ছে।”
যদিও ঘটনাটি নিছক আড্ডার মাঝে মজার ছলেই ঘটেছিল, তবুও ক্লিপটি নেটপাড়ায় আসতেই দ্বিধাবিভক্ত নেটিজেনরা। একাংশের মতে, অ্যালেক্স একজন বিদেশিনী হয়েও বাংলা ইন্ডাস্ট্রিতে কাজ করছেন এবং কষ্ট করে বাংলায় কথা বলার আপ্রাণ চেষ্টা করছেন। ফলে সেই চেষ্টাকে নিয়ে এভাবে রসিকতা বা কটাক্ষ করা মোটেই উচিত হয়নি। অন্যদিকে, জীতুর ভক্তরা একে বন্ধুসুলভ ও নিখাদ মজা হিসেবেই দেখছেন।
তবে শুধু জীতু-অ্যালেক্স পর্বই নয়, ‘বিগ বস’-এর অন্দরমহল উত্তপ্ত রাজবীরের ‘দুধ কাণ্ড’ নিয়েও! অভিযোগ উঠেছে, সকাল হতেই রাজবীর নাকি একাই একের পর এক দুধের প্যাকেট খালি করে ফেলছেন। বাধ্য হয়ে প্রবীণ সদস্য ভরত কল বিষয়টি নিয়ে বাড়ির ক্যাপ্টেন সোনামণির কাছে নালিশ জানান।
অভিযোগ শুনেই ক্ষিপ্ত রাজবীর প্রশ্ন তোলেন, “আমি দুধ খেলেই এত সমস্যা?” তা শুনে মেজাজ হারান তনুশ্রী রায় দাস। তিনি স্পষ্ট জানান, কারও দুধ খাওয়া নিয়ে কারও মাথাব্যথা নেই, আসল সমস্যা হলো প্রতিদিন সকালে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বাড়িতে অশান্তি তৈরি করা। অ্যালেক্সের বাংলা চর্চা নিয়ে বিতর্ক আর রাজবীরের দুধের প্যাকেট ঝগড়া—সব মিলিয়ে ‘বিগ বস’-এর ঘরে নাটকের পারদ এখন চরমে।
