AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kareena Kapoor Khan: প্রাক্তনের বর্তমান স্ত্রীর মুখোমুখি! শাহিদ-পত্নী মীরাকে কী বললেন করিনা?

Bollywood gossip: এক সময়ের প্রেমিক শাহিদ কাপুরের স্ত্রী মীরা রাজপুতকে নিজের চ্যাট শোয়ে ডেকে নিলেন করিনা কাপুর। বিচ্ছেদের পর যেখানে একে অপরকে এড়িয়ে চলতেন শাহিদ-করিনা, সেখানে এই দুই সুন্দরীর আড্ডা ঘিরে নেটপাড়ায় এখন চরম কৌতূহল।

Kareena Kapoor Khan: প্রাক্তনের বর্তমান স্ত্রীর মুখোমুখি! শাহিদ-পত্নী মীরাকে কী বললেন করিনা?
কী ঘটেছে?
| Updated on: Sep 30, 2026 | 12:09 PM
Share

করিনা কাপুর (Kareena Kapoor) আর শাহিদ কাপুরের প্রেম একসময় বলিউডের সবচেয়ে চর্চিত বিষয় ছিল। ভাবুন তো, আপনার সামনে বসে আছেন আপনার প্রাক্তনের বর্তমান স্ত্রী! মুখ ঘুরিয়ে নেবেন? নাকি জমিয়ে আড্ডা? কোনটাকে বাছবেন? বলিউডের বেবো ঠিক দ্বিতীয়টাই করলেন। বিচ্ছেদের পর শাহিদ ও করিনা একে অপরকে এতটাই এড়িয়ে চলতেন যে, একই অনুষ্ঠানে থাকলেও কখনও কথা বলতেন না। কিন্তু একেবারে ফিল্মি কায়দায় সেই শাহিদের স্ত্রী মীরা রাজপুতকেই নিজের চ্যাট শোয়ে ডেকে নিলেন করিনা। আর এই খবর সামনে আসতেই নেটপাড়ায় যেন বোমা ফেটেছে! এমন চমক কখনও কেউ আশা করেনি।

খুব শিগগিরই শুরু হতে চলেছে করিনার চ্যাট শো ‘হোয়াট উইমেন ওয়ান্ট’ (What Women Want)-এর নতুন সিজন। এই অনুষ্ঠানে সাধারণত সম্পর্ক, বিয়ে, পরিবার বা ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা আলোচনা হয়। সেখানেই অতিথি হয়ে এসেছিলেন মীরা। দু’জনে শুধু যে আড্ডা দিয়েছেন তা নয়, সোশাল মিডিয়ায় একে অপরকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। মীরা তাঁর ইনস্টাগ্রামে করিনার সঙ্গে ছবি পোস্ট করে লিখেছেন, “মহিলারা নিজেদের মতো করে বাঁচতে চান। আমাকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ কারিনা। তুমি যেমন মানুষ, তেমনই থাকার জন্য তোমাকেও ধন্যবাদ।” আর করিনাও চুপ থাকার পাত্রী নন! তিনিও মীরাকে পাল্টা মিষ্টি জবাব দিয়ে লিখেছেন, “তুমি এসেছ, এর জন্য আমি খুব খুশি।” প্রাক্তনের স্ত্রীর সঙ্গে এমন গলায় গলায় ভাব দেখে নেটিজেনদের চোখ একেবারে কপালে উঠে গিয়েছে।

বলিউডের অন্দরমহলের খবর যাঁরা রাখেন, তাঁরা জানেন ২০০৭ সালে ‘জব উই মেট’ ছবির শুটিংয়ের সময় শাহিদ ও করিনার সম্পর্কে চিড় ধরে। তবে তাঁরা নিজেদের সমস্যা কখনও ছবির সেটে নিয়ে আসেননি। পরিচালক ইমতিয়াজ আলিও তাঁদের এই পেশাদার আচরণের প্রশংসা করেছিলেন। ২০১২ সালে সইফ আলি খানকে বিয়ে করে দিব্যি সংসার করছেন করিনা। অন্যদিকে, ২০১৫ সালে মীরার সঙ্গে শাহিদের সম্বন্ধ করে বিয়ে হয়। কিন্তু এত বছর পর যখন শাহিদের জীবনের চর্চিত দুই নারী এক ফ্রেমে ধরা দিলেন, তখন গসিপ তো হবেই!

নেটিজেনরা ইতিমধ্যেই এই পর্বটি দেখার জন্য মুখিয়ে আছেন। শাহিদের সঙ্গে দাম্পত্য জীবন, সন্তানদের বড় করে তোলা কিংবা নিজের জীবনযাপন নিয়ে মীরা কোনও অজানা কথা ফাঁস করবেন কি না, সেই অপেক্ষাতেই রয়েছেন দর্শক। কেউ বলছেন, “দুর্দান্ত ক্রসওভার!” আবার কারও মতে, এই দৃশ্য একেবারে অপ্রত্যাশিত। বলিউডে কখন যে কোনও সমীকরণ কীভাবে বদলে যায়, তা সত্যিই বোঝা মুশকিল। সব মিলিয়ে করিনা আর মীরার এই আড্ডা নিয়ে সোশাল মিডিয়ায় এখন চর্চা তুঙ্গে!

Follow Us