Kiara Advani relationship advice for daughter: মেয়ে একাধিক সম্পর্কে থাকলেও মেনে নেবেন কিয়ারা!
Kiara Advani on daughter dating and marriage: মেয়ে সারায়ার প্রেম ও বিয়ে নিয়ে এক্কেবারে খোলামেলা মন্তব্য করলেন কিয়ারা আদবানি। এক পডকাস্টে এসে তিনি জানালেন, মেয়ে যেন জীবনটাকে প্রাণভরে উপভোগ করে, কোনও একটি সম্পর্কের বেড়াজালে আটকে না থাকে।

বলিউড অভিনেত্রী কিয়ারা আদবানি (Kiara Advani) বরাবরই নিজের ছকভাঙা চিন্তাভাবনার জন্য পরিচিত। তবে এবার নিজের ব্যক্তিগত জীবন নয়, বরং এক বছরের একরত্তি মেয়ে সারায়াহ-র ভবিষ্যৎ প্রেমজীবন নিয়ে এমন এক মন্তব্য করে বসলেন, যা নিয়ে এখন নেটপাড়ায় জোর চর্চা চলছে। সাধারণত ভারতীয় মায়েরা মেয়ের বিয়ে বা সম্পর্ক নিয়ে একটু রক্ষণশীল হন, কিন্তু কিয়ারা হাঁটলেন সম্পূর্ণ উল্টো পথে। সাফ জানিয়ে দিলেন, তিনি চান না তাঁর মেয়ে সারায়াহ বড় হয়ে ভাবুক যে তাকে কেবল একজন মানুষের সঙ্গেই প্রেম করতে হবে এবং তাকেই বিয়ে করতে হবে!
সম্প্রতি পডকাস্টে হাজির হয়েছিলেন অভিনেত্রী। সেখানেই মা হিসেবে নিজের দৃষ্টিভঙ্গি শেয়ার করেন তিনি। কিয়ারা বলেন, “আমি চাই ও একটা পরিপূর্ণ জীবন দেখুক। ওর ওপর কোনও নিষেধাজ্ঞা থাকবে না। ও যদি বিয়ে করতে চায়, করবে। আর যদি কোনওদিন বিয়ে করতে না চায়, তাও ঠিক আছে। আমি সবসময় ওর পাশে থাকব।”
নায়িকা নিজের অতীতের সম্পর্কের কথাও লুকোননি। বেশ স্পষ্টবক্তা হিসেবেই তিনি জানান, অতীতে তিনি যাঁর সঙ্গেই প্রেম করেছেন, ভেবেছিলেন তাঁকেই বিয়ে করবেন। কিন্তু জীবন সবসময় চেনা ছকে চলে না। কিয়ারা হেসে বলেন, “ঈশ্বরকে ধন্যবাদ যে তেমনটা ঘটেনি! কারণ ভগবান আমার জন্য যাকে শেষ পর্যন্ত জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন, সেই সিদ্ধার্থ মালহোত্রাকে নিয়ে আমি ভীষণ সুখী।” অতীতের ভাঙা সম্পর্কগুলো যে তাঁকে আজকের পরিপক্ব মানুষ হিসেবে গড়ে তুলতে সাহায্য করেছে, সে কথাও অকপটে স্বীকার করেন অভিনেত্রী।
২০২৫ সালের ১৫ জুলাই কন্যাসন্তান সারায়ার জন্ম দেন সিড-কিয়ারা দম্পতি। সদ্যই প্রথম মাদার্স ডে উদযাপন করেছেন কিয়ারা, যেখানে সিদ্ধার্থ তাঁকে প্যানকেক বানিয়ে চমকে দিয়েছিলেন। মেয়েকে নিয়ে কথা বলতে গিয়ে কিয়ারা জানান, ভুল মানুষ নির্বাচন করাও জীবনের একটা অঙ্গ। ভুল থেকেই মানুষ শেখে। তাই মেয়েকে জীবনের সবরকম অভিজ্ঞতা অর্জনের স্বাধীনতা দিতে চান তিনি।
কাজের প্রসঙ্গে বলতে গেলে, কিয়ারাকে আগামীদিনে দেখা যাবে ‘টক্সিক: আ ফেয়ারিটেল ফর গ্রোনআপস’ সিনেমায়। গীতু মোহনদাসের পরিচালনায় এই ছবিতে যশ, নয়নতারা ও হুমা কুরেশির মতো তারকারা রয়েছেন। ২০২৬ সালের জুনে ছবি মুক্তির কথা থাকলেও, বর্তমানে সেটি কিছুটা পিছিয়ে গিয়েছে। তবে আপাতত সিনেমা নয়, মেয়ের স্বাধীনচেতা ভবিষ্যৎ নিয়ে কিয়ারার এই মডার্ন মাদারিং টিপস সমাজমাধ্যমে তুমুল ঝড় তুলেছে।
