AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ma Masi Kitchen: ‘দুর্বল ভেবেছেন? একদম ছেড়ে কথা বলব না!’ স্বামীর মৃত্যুর পর কাদের ওপর রেগে গেলেন ‘মা মাসি কিচেন’-এর মাসিমা

Ma Masi Kitchen Mashima: স্বামীর মৃত্যুর শোক এখনও কাটিয়ে উঠতে পারেননি 'মা মাসি কিচেন'-এর মাসিমা। কিন্তু এই কঠিন সময়ের মাঝেই হঠাৎ এমন কী ঘটল, যার জন্য কড়া হুঁশিয়ারি দিলেন তিনি? কার ওপর এত রেগে আগুন মাসিমা? নেপথ্যে কি কোনও বড় প্রতারণার ফাঁদ? আসল ঘটনা জানলে অবাক হবেন আপনিও।

Ma Masi Kitchen: ‘দুর্বল ভেবেছেন? একদম ছেড়ে কথা বলব না!’ স্বামীর মৃত্যুর পর কাদের ওপর রেগে গেলেন 'মা মাসি কিচেন'-এর মাসিমা
কী নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন তিনি?
| Updated on: Sep 11, 2026 | 11:44 AM
Share

সদ্য প্রয়াত হয়েছেন জনপ্রিয় ইউটিউব চ্যানেল মা মাসি কিচেন (Ma Masi Kitchen)-এর পরিচিত মুখ জ্যোতিপ্রসাদ বসু (Jyotiprasad Basu)। সকলের প্রিয় মেসোমশাইয়ের মৃত্যুর পর স্বাভাবিকভাবেই শোকের ছায়া নেমে এসেছে পরিবারে। কিন্তু এই কঠিন পরিস্থিতির মাঝেই সোশাল মিডিয়ায় শুরু হয়েছে এক প্রতারণা। জ্যোতিপ্রসাদবাবুর স্ত্রীর অর্থাৎ সবার প্রিয় ‘মাসিমা’-র মুখ ও গলার আওয়াজ নকল করে তৈরি হচ্ছে ভুয়ো এআই (AI) ভিডিয়ো। আর সেই ভিডিয়ো থেকে সাধারণ মানুষের কাছে চাওয়া হচ্ছে আর্থিক সাহায্য! বিষয়টি নজরে আসতেই কড়া ভাষায় ক্ষোভ উগরে দিয়েছেন তিনি।

শোকের আবহে জালিয়াতির ফাঁদ

মেসোমশাইয়ের মৃত্যুর পর থেকে এখনও সোশাল মিডিয়ায় সেভাবে ফিরতে পারেননি মাসিমা। চ্যানেলে মাঝে মাঝে পুরনো কিছু সুন্দর মুহূর্ত শেয়ার করা হচ্ছে। এরই মধ্যে আচমকা নেটদুনিয়ায় একটি ভিডিয়ো ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায়, মাসিমা তাঁর স্বামীর মৃত্যুর কথা বলে নেটিজেনদের কাছে অর্থ সাহায্য চাইছেন। চ্যানেলের বিশ্বস্ত অনুরাগীরাই প্রথম এই ভিডিয়ো দেখে সন্দেহ প্রকাশ করেন এবং পরিবারকে সতর্ক করেন। খোঁজ নিয়ে জানা গিয়েছে, সম্পূর্ণ ভিডিয়োটিই কম্পিউটারের কারসাজি বা কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে বানানো। এই ঘটনায় রীতিমতো বিরক্ত জ্যোতিপ্রসাদবাবুর স্ত্রী। তিনি স্পষ্ট জানিয়েছেন, তাঁর এই দুঃসময় দেখে কেউ যেন কখনও তাঁকে দুর্বল না ভাবেন।

‘আমার ক্ষতি করলে ছেড়ে কথা বলব না’

সোশাল মিডিয়ায় যারা এই ধরনের জালিয়াতি করছেন, তাঁদের সরাসরি কড়া সতর্কবার্তা দিয়েছেন মাসিমা। তিনি জানান, জ্যোতিপ্রসাদবাবুর মৃত্যুর পর অনেকেই আবেগ ও ভালোবাসা থেকে নানা ভিডিয়ো বানিয়েছেন। তাতে কিছু ভুল তথ্য থাকলেও তিনি রাগ করেননি। কিন্তু এখন এআই দিয়ে তাঁর নকল চেহারা তৈরি করে, তাঁরই মুখে মিথ্যা কথা বসানো হচ্ছে, যা কোনও মতেই মেনে নেওয়া সম্ভব নয়। তাঁর কথায়, “আপনারা কাজ করে নিজেদের পায়ে দাঁড়াতে চাইছেন ভালো কথা। কিন্তু আমার ক্ষতি করলে আমিও কিন্তু ছেড়ে কথা বলব না। দরকারে নির্দিষ্ট প্ল্যাটফর্মের কাছে অভিযোগ জানাব।” তিনি আরও জানান, অভিযোগ করার পর যদি কারও আইডি নষ্ট হয়ে যায়, তবে তার দায় তিনি নেবেন না।

দর্শকদের প্রতি বিশেষ অনুরোধ

এই দুঃসময়ে মানসিক ভাবে বেশ বিপর্যস্ত পুরো পরিবার। তবুও নিজেদের সামলে নিয়ে দর্শকদের কাছে সতর্ক থাকার অনুরোধ করেছেন মাসিমা। তিনি অনুরাগীদের জানিয়েছেন, সোশাল মিডিয়ায় টাকা রোজগার করার অনেক ভালো উপায় আছে, কিন্তু অন্যের বিপদকে কাজে লাগিয়ে এমন কাজ অত্যন্ত খারাপ। তাঁর নামে কেউ কোনও আর্থিক সাহায্য চাইলে তা যেন কেউ বিশ্বাস না করেন। পাশাপাশি, এমন কোনও ভুয়ো ভিডিয়ো চোখে পড়লে তা যেন সঙ্গে সঙ্গে তাঁদের কাছে পাঠানো হয়, সেই অনুরোধও করেছেন তিনি। উপযুক্ত প্রমাণ পেলে কড়া আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও ইঙ্গিত দিয়েছেন মাসিমা।

Follow Us