AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘নতুন প্রেমিক’কে সঙ্গে নিয়ে ইতালিতে মালাইকা অরোরা! ছবি ভাইরাল হতেই বলিউডে শোরগোল

গত বছর মুম্বইয়ে একটি কনসার্ট চলাকালীন এক ব্যক্তির সঙ্গে মালাইকার ঘনিষ্ঠ কথোপকথনের ভিডিও ভাইরাল হয়েছিল। তখন থেকেই জল্পনা শুরু হয়— কে এই ‘মিস্ট্রি ম্যান’? অনেক ইনস্টাগ্রাম পেজ দাবি করছে, ওই ব্যক্তির নাম হর্ষ মেহতা, যিনি পেশায় ৩৩ বছর বয়সী এক হিরে ব্যবসায়ী। তবে মালাইকা বা হর্ষ— কেউই এই সম্পর্কের কথা স্বীকার করেননি।

'নতুন প্রেমিক'কে সঙ্গে নিয়ে ইতালিতে মালাইকা অরোরা! ছবি ভাইরাল হতেই বলিউডে শোরগোল
| Updated on: Feb 21, 2026 | 12:57 PM
Share

গত কয়েক বছর ধরেই ব্যক্তিগত জীবন এবং সম্পর্কের টানাপোড়েন নিয়ে সংবাদ শিরোনামে মালাইকা আরোরা। এবার সেই গুঞ্জনের আগুনে ঘি ঢালল সোশাল মিডিয়ায় ফাঁস হওয়া একটি নতুন ছবি। সম্প্রতি রেড্ডিটে (Reddit) মালাইকার একটি ছবি ভাইরাল হয়েছে, যেখানে তাঁকে ইতালির বিখ্যাত ট্রেভি ফাউন্টেনের সামনে এক রহস্যময় ব্যক্তির সঙ্গে দেখা যাচ্ছে। নেটিজেনদের একাংশের দাবি, গত ১৪ ফেব্রুয়ারি অর্থাৎ ভ্যালেন্টাইনস ডে-তে নতুন প্রেমিকের সঙ্গেই রোমে সময় কাটিয়েছেন এই বলিউড ডিভা।

রেডিটে এক ব্যবহারকারী ছবিটি শেয়ার করে লিখেছেন, “ট্রেভি ফাউন্টেনে মালাইকার ভ্যালেন্টাইন? ১৪ ফেব্রুয়ারি ইতালিতে নতুন প্রেমিকের সঙ্গে দেখা গেল মালাইকাকে।” ছবিতে দেখা যাচ্ছে, সেই ব্যক্তিটি মালাইকার সঙ্গে সেলফি তুলছেন। তবে ছবির সত্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন অনেকেই। কারও মতে এটি নিছকই ‘পিআর স্টান্ট’ বা পাবলিসিটি পাওয়ার কৌশল।

গত বছর মুম্বইয়ে একটি কনসার্ট চলাকালীন এক ব্যক্তির সঙ্গে মালাইকার ঘনিষ্ঠ কথোপকথনের ভিডিও ভাইরাল হয়েছিল। তখন থেকেই জল্পনা শুরু হয়— কে এই ‘মিস্ট্রি ম্যান’? অনেক ইনস্টাগ্রাম পেজ দাবি করছে, ওই ব্যক্তির নাম হর্ষ মেহতা, যিনি পেশায় ৩৩ বছর বয়সী এক হিরে ব্যবসায়ী। তবে মালাইকা বা হর্ষ— কেউই এই সম্পর্কের কথা স্বীকার করেননি। ভ্যালেন্টাইনস ডে-তে মালাইকা কার সঙ্গে ছিলেন, তারও কোনো সরকারি সত্যতা মেলেনি। সম্প্রতি ‘দ্য নম্রতা জাকারিয়া শো’-তে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে স্পষ্ট বক্তব্য রেখেছেন মালাইকা। তিনি বলেন, “মানুষ কথা বলতে ভালোবাসে। কারো সঙ্গে বাইরে বেরোলেই তা নিয়ে আলোচনা শুরু হয়ে যায়। আমি এসব জল্পনায় ইন্ধন দিতে চাই না। সত্যি বলতে, আমি কোনো পুরনো বন্ধু, বিবাহিত বন্ধু এমনকি আমার ম্যানেজারের সঙ্গে বাইরে বেরোলেও লোকে আমার নাম তাঁর সঙ্গে জড়িয়ে দেয়। পরিস্থিতি এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে আমার মা ফোন করে হাসতে হাসতে জিজ্ঞেস করেন— ‘বেবি, এবার আবার কাকে নিয়ে কথা হচ্ছে?’”

মালাইকা আরও যোগ করেন, তিনি এখন জীবনের এমন এক পর্যায়ে আছেন যেখানে কাউকে কিছু প্রমাণ করার প্রয়োজন বোধ করেন না। সেলিব্রিটিদের জীবন এখন সাধারণ মানুষের কাছে খুব সহজেই পৌঁছে যায়, যার ফলে ব্যক্তিগত পরিসর বজায় রাখা কঠিন হয়ে পড়েছে। মালাইকার কথায়, “আমি শুধু এখন সেই কাজগুলোই করতে চাই যা আমাকে আনন্দ দেয়।” আপাতত ইতালির সেই ভাইরাল ছবি মালাইকার জীবনের নতুন কোনো অধ্যায়ের শুরু, না কি নিছকই এক বন্ধুত্বের মুহূর্ত— তা নিয়ে ধোঁয়াশা বজায় রইল।