Bigg Boss Bangla: নন্দিনীর খাটে উঠে পড়লেন রাজবীর! তারপর যা ঘটল… রসিয়ে রসিয়ে বললেন সায়ক
Sayak gossiping: গভীর রাতে বিগ বসের ঘরে রাজবীর ও নন্দিনীর গোপন রোম্যান্স! কম্বলের তলা থেকে সবটাই নজর রাখছিলেন সায়ক। সকাল হতেই সহ-প্রতিযোগীদের সামনে সেই 'খচর-খচর' কাণ্ড আর ফিসফিসানির পর্দা ফাঁস করলেন তিনি। বিগ বসের অন্দরমহলের এই নতুন রসায়ন নিয়েই এখন জোর চর্চা।

জমজমাট ‘বিগ বস বাংলার’-এর অন্দরমহল। খেলা এখন ঠিক সেই পর্যায়ে, যেখানে পরতে পরতে লুকিয়ে আছে চমক। একদিকে ওয়াইল্ড কার্ড এন্ট্রিতে অভিনেতা জীতু কমলের প্রবেশ, অন্যদিকে রবিবার সৌরভ গঙ্গোপাধ্যায়ের ‘দাদার দরবার’-এর কড়া মেজাজ। সব মিলিয়ে শো এখন টানটান উত্তেজনার পারদ ছুঁয়েছে। তবে টাস্ক আর ক্যামেরার সামনের এই সমীকরণের পাশাপাশি, একটা প্রশ্ন দর্শকদের মনে বারবার ঘুরপাক খাচ্ছে, রাজবীর ও নন্দিনীর মধ্যে ঠিক কী চলছে? প্রেম নাকি শুধুই গাঢ় বন্ধুত্ব? এই নিয়েই এখন জোর চর্চা অন্দরমহলে। আর সেই গোপন রোম্যান্সের হাঁড়ির খবরই এবার সক্কলের সামনে ফাঁস করে দিলেন সায়ক।
কী বলেছেন সায়ক?
সকাল সকাল জমজমাট আড্ডা। সায়কের চারপাশে তখন গোল হয়ে বসেছেন আলেকজান্দ্রিয়া, সোনামণি, ঝিলম, তনুশ্রী, দুর্নিবার, সৃজলা এবং সোহিনী। সেখানেই গত রাতের ‘গোপন কথা’ রীতিমতো রসিয়ে রসিয়ে বলতে শুরু করেন সায়ক। তিনি বলেন, “নন্দিনী শুয়েছিল, রাজবীর এল, পায়ের কাছে বালিশটা রাখল আর শুয়ে পড়ল। নন্দিনী তখন বলল, ‘শোনো, এরকম পায়ের কাছে মাথা রাখলে কিন্তু আমি শোব না, উঠে যাব।’ তখন রাজবীর নন্দিনীর দিকে মাথা করে শুল। তারপর বারবার মাথায় হাত দেয় নন্দিনী।” এমনকী, দু’জনের মধ্যে ফিসফিস করে দীর্ঘক্ষণ কথাও হতে থাকে।
পুরো দৃশ্যটাই নিজের কম্বলের তলা থেকে চুপিচুপি দেখছিলেন সায়ক। আচমকা সায়কের দিকে চোখ পড়ে যায় রাজবীরের। বেগতিক বুঝে সায়কও আর কোনও ঝুঁকি না নিয়ে সঙ্গে সঙ্গে ঘুমের ভান করেন। তবে আসল ক্লাইম্যাক্স তো এখনও বাকি! সায়ক জানান, কিছুক্ষণ পর তিনি অদ্ভুত একটা ‘খচর-খচর’ শব্দ শুনতে পান। চোখ খুলে দেখেন, রাজবীর মেঝেতে শুয়ে আছেন। সায়কের কথার রেশ টেনে সৃজলাও জানান, তিনিও রাজবীরকে মেঝেতে শুয়ে নড়াচড়া করতে দেখেছেন। গভীর রাতের এই রোম্যান্স আর মেঝেতে শোওয়ার কাণ্ড শুনে হাসিতে ফেটে পড়েন উপস্থিত সকলেই।
তবে বিগ বসের ঘরে শুধুই যে প্রেমের গুঞ্জন, তা কিন্তু নয়। মন খারাপেরও আবহ রয়েছে। অনিন্দ্য সেনগুপ্তর পর এবার বিগ বসের বাড়ি থেকে বিদায় নিয়েছেন জয়িতা চট্টোপাধ্যায়। দর্শকের বিচারেই শো থেকে বাদ পড়েছেন তিনি। তবে হাসিমুখেই বিগ বসের ঘর থেকে বেরিয়ে আসতে দেখা গিয়েছে তাঁকে। সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায় তাঁকে আগামী জীবনের জন্য শুভেচ্ছাও জানিয়েছেন। তাঁর এই হঠাৎ বিদায়ে মন খারাপ নেটিজেনদের একাংশের। জয়িতার সারল্য বেশ মন কেড়েছিল দর্শকদের। তবে আপাতত বিগ বস প্রেমীদের নজর রাজবীর ও নন্দিনীর দিকে। বিগ বসের বাড়িতে সত্যিই কি নতুন প্রেমের ফুল ফুটল, নাকি এও দর্শকদের নজর কাড়ার কোনও গেম প্ল্যান? কখনও কখনও যা দেখা যায়, তা সবটা সত্যি হয় না। তবে দর্শকদের চোখ যে এখন এই জুটির দিকেই আটকে আছে, তা নিয়ে কোনও সন্দেহ নেই।
