AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Nandita Roy Shiboprosad Mukherjee Ravi Kishan Film: নন্দিতা-শিবপ্রসাদের হিন্দি ছবিতে রবি কিষান

Ravi Kishan Upcoming Hindi Movie : বাস্তব জীবনের নানা টুকরো ঘটনাকে সিনেমার পর্দায় জীবন্ত করে তুলতে সিদ্ধহস্ত এই পরিচালকজুটি। এবার এক ব্যতিক্রমী ও সমসাময়িক বিষয় নিয়ে প্যান-ইন্ডিয়া ছবি বানাতে চলেছেন তাঁরা— ভারতীয় সমাজে ক্রমবর্ধমান কোরিয়ান সংস্কৃতির প্রভাবই যার মূল উপজীব্য। এই ছবির প্রধান চরিত্রে দেখা যাবে অভিনেতা রবি কিষানকে।

Nandita Roy Shiboprosad Mukherjee Ravi Kishan Film: নন্দিতা-শিবপ্রসাদের হিন্দি ছবিতে রবি কিষান
| Updated on: Nov 21, 2026 | 4:51 PM
Share

কেবল সিনেমা নয়, বরাবরই সমাজ ও মানুষের মনস্তত্ত্বের নানা স্তর বড়পর্দায় তুলে ধরেছেন টলিউডের সুপারহিট পরিচালক ডুয়ো নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়। সাধারণ দর্শকের মনের কথা বুঝতে যে উইন্ডোজ জুটি বরাবরই দক্ষ, তাঁদের সাম্প্রতিক ও অতীতের একাধিক কাজেই তার প্রমাণ মিলেছে। বাস্তব জীবনের নানা টুকরো ঘটনাকে সিনেমার পর্দায় জীবন্ত করে তুলতে সিদ্ধহস্ত এই পরিচালকজুটি। এবার এক ব্যতিক্রমী ও সমসাময়িক বিষয় নিয়ে প্যান-ইন্ডিয়া ছবি বানাতে চলেছেন তাঁরা— ভারতীয় সমাজে ক্রমবর্ধমান কোরিয়ান সংস্কৃতির প্রভাবই যার মূল উপজীব্য। এই ছবির প্রধান চরিত্রে দেখা যাবে অভিনেতা রবি কিষানকে।

আজকের প্রজন্মের ফ্যাশন, লাইফস্টাইল থেকে শুরু করে বিনোদনের ধরনে কোরিয়ান সংস্কৃতির প্রভাব যে ক্রমেই গভীর হচ্ছে, তা সহজেই চোখে পড়ে। এই বাড়তে থাকা প্রবণতা কীভাবে ভারতীয়দের রুচি, চাহিদা ও দৈনন্দিন যাপনে প্রভাব ফেলছে— হাস্যরসের মোড়কে সেই গল্পই বলতে চাইছেন শিবু-নন্দিতা। চিত্রনাট্য লিখেছেন জিনিয়া সেন। ছবির নাম এখনও চূড়ান্ত না হলেও, শোনা যাচ্ছে ২০২৭ সালের শুরুতেই শুটিং শুরু হতে পারে।

সূত্রের খবর, ছবিটি নির্মিত হচ্ছে হিন্দি ভাষায়। এর আগে ‘পোস্ত’ ছবির হাত ধরে হিন্দি রিমেক করে হিন্দি ছবির পরিচালনায় পা রেখেছিলেন নন্দিতা ও শিবপ্রসাদ; এবার ফের হিন্দি ছবির কাজে হাত দিচ্ছেন তাঁরা। হিন্দিভাষী দর্শকের কথা মাথায় রেখেই রবি কিষানকে মুখ্য চরিত্রে নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। ‘লাপাতা লেডিজ’-এ তাঁর কমিক টাইমিং দর্শকদের নজর কেড়েছিল; এবার নন্দিতা-শিবপ্রসাদের পরিচালনায় তিনি কোন নতুন চমক দেন, সেদিকেই তাকিয়ে সিনেমহল। তাছাড়া সাম্প্রতিক সময়ে ‘রসিক টনিক’-এর সূত্র ধরে তরুণ প্রজন্মের কাছে বাড়তি জনপ্রিয়তা পেয়েছেন তিনি, সোশ্যাল মিডিয়ায় তাঁর সংলাপ ও উপস্থিতি নিয়েও চর্চা কম নয়। সব মিলিয়ে এই ছবির গল্পে রবি কিষানের উপস্থিতি যে বেশ মানানসই, তা নিয়েও আলোচনা চলছে বিনোদন জগতে।

Follow Us