Jagadish Chandra Bose: কী লুকিয়ে রয়েছে জগদীশ চন্দ্র বসুর সিন্দুকে? ৮৯ বছর মিলল খোলার অনুমতি
Jharkhand High Court on Jagadish Chandra Bose locked safe: জগদীশচন্দ্র বসুর বাড়ির বেহাল দশা নিয়ে সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হতেই স্বতঃপ্রণোদিত হয়ে জনস্বার্থ মামলা (PIL) গ্রহণ করে ঝাড়খণ্ড হাইকোর্ট। বুধবার সেই মামলার শুনানিতে বিচারপতি রঙ্গন মুখোপাধ্যায় ও বিচারপতি রাম শর্মার ডিভিশন বেঞ্চ রাজ্যের পর্যটন, শিল্পকলা, সংস্কৃতি, ক্রীড়া ও যুবকল্যাণ দফতরকে গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে।

গিরিডি: প্রায় ৮৯ বছর ধরে বন্ধ অবস্থায় পড়ে রয়েছে একটি লোহার সিন্দুক। আর সেই সিন্দুক ঘিরেই নতুন করে রহস্য দানা বেঁধেছে। সিন্দুকটি ভারতের প্রখ্যাত বিজ্ঞানী আচার্য জগদীশচন্দ্র বসুর (Jagadish Chandra Bose)। ১৯৩৭ সালের নভেম্বরে তাঁর মৃত্যুর পর থেকে সিন্দুকটি আর খোলা হয়নি বলে জানা যাচ্ছে। তার ভিতরে কী রয়েছে? অপ্রকাশিত গবেষণাপত্র, বিজ্ঞানের অমূল্য কোনও আবিষ্কারের নথি, নাকি ব্যক্তিগত চিঠিপত্র? এই রহস্যের কিনারা করতে এবার উদ্যোগী হল ঝাড়খণ্ড হাইকোর্ট।
জানা গিয়েছে, গিরিডি জেলার বরগণ্ডা এলাকার শান্তি ভবনে রয়েছে এই লোহার সিন্দুকটি। জীবনের শেষ কয়েকটি বছর এই বাড়িতেই কাটিয়েছিলেন জগদীশচন্দ্র বসু। ১৯৩৭ সালের ২৩ নভেম্বর এখানেই তাঁর মৃত্যু হয়। তারপর থেকে সিন্দুকটি তালাবন্ধ অবস্থায় রয়েছে। দীর্ঘ কয়েক দশক ধরে তার ভিতরে কী রয়েছে, তা নিয়ে ইতিহাসবিদ, বিজ্ঞানী ও গবেষকদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।
হাইকোর্ট কী নির্দেশ দিয়েছে?
জগদীশচন্দ্র বসুর বাড়ির বেহাল দশা নিয়ে সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হতেই স্বতঃপ্রণোদিত হয়ে জনস্বার্থ মামলা (PIL) গ্রহণ করে ঝাড়খণ্ড হাইকোর্ট। বুধবার সেই মামলার শুনানিতে বিচারপতি রঙ্গন মুখোপাধ্যায় ও বিচারপতি রাম শর্মার ডিভিশন বেঞ্চ রাজ্যের পর্যটন, শিল্পকলা, সংস্কৃতি, ক্রীড়া ও যুবকল্যাণ দফতরকে গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে। রাজ্যের সমস্ত ঐতিহ্যবাহী স্থান চিহ্নিত করা, সেগুলির সুরক্ষা নিশ্চিত করা এবং পুনরুদ্ধারের জন্য একটি পূর্ণাঙ্গ দীর্ঘমেয়াদি নীতি তৈরির নির্দেশ দিয়েছে আদালত।
পাশাপাশি, শান্তি ভবন সংগ্রহশালার বর্তমান পরিস্থিতি কী, সেটির সংস্কার ও উন্নয়নের জন্য কী কী পদক্ষেপ করা হবে, তা বিস্তারিত জানিয়ে হলফনামা জমা দিতে বলা হয়েছে সংশ্লিষ্ট দফতরকে।
এই শুনানিতে বিশেষভাবে নজর কেড়েছে বিজ্ঞানীর একটি লোহার সিন্দুক। জানা গিয়েছে, গত ৮৯ বছর ধরে সেটি সংগ্রহশালার ভিতরেই রয়েছে। আদালতের নির্দেশ, উপযুক্ত নজরদারিতে ওই সিন্দুক খুলে তার ভিতরে কী রয়েছে, তা খতিয়ে দেখতে হবে। আদালত আরও বলেছে, তাঁর মৃত্যুর ৮৯ বছর পরও লোহার সিন্দুকটি বন্ধই পড়ে রয়েছে। ওই লোহার সিন্দুকে স্যর জগদীশচন্দ্র বসুর গবেষণা সংক্রান্ত গুরুত্বপূর্ণ নথি থাকতে হবে। তা মানবজাতিকে, বিশেষ করে বিজ্ঞানচর্চার সমাজকে সমৃদ্ধ করতে পারে। ওই সিন্দুক খোলার এটাই আসল সময়।”
আদালতের পর্যবেক্ষণ, ওই সিন্দুকে তাঁর গবেষণার মূল্যবান উপকরণ, নথিপত্র কিংবা বৈজ্ঞানিক রেকর্ড থাকতে পারে। যা বর্তমান সময়েও গবেষণার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।
জানা গিয়েছে, সিন্দুকটি খোলার উদ্যোগ আগেও তৎকালীন সরকারের তরফে নেওয়া হয়েছিল। ঠিক হয়েছিল ২০২০ সালে প্রাক্তন রাষ্ট্রপতি এ পি জে আব্দুল কালাম গিরিডিতে গিয়ে সিন্দুকটি খুলবেন। কিন্তু, হেলিকপ্টারের যান্ত্রিক ত্রুটির কারণে গিরিডিতে যেতে পারেননি। সেই সিন্দুকও আরও খোলা হয়নি।
জগদীশচন্দ্র বসুর রহস্যময় সিন্দুক
১৮৫৮ সালে অধুনা বাংলাদেশের ময়মনসিংহে জন্মগ্রহণ করেন জগদীশচন্দ্র বসু। পদার্থবিদ্যা ও জীববিজ্ঞানে তাঁর অবদান আন্তর্জাতিক স্তরে স্বীকৃত। তিনিই প্রথম আবিষ্কার করেছিলেন যে গাছেরও প্রাণ রয়েছে। গিরিডির বনাঞ্চল ও সবুজ পরিবেশ উদ্ভিদের শারীরবৃত্তীয় গবেষণার জন্য তাঁকে বিশেষভাবে আকৃষ্ট করেছিল। জীবনের একটা বড় সময় এই এলাকায় কাটিয়েছিলেন তিনি। এখানেই গবেষণা ও বিজ্ঞানচর্চায় নিজেকে নিয়োজিত রেখেছিলেন।
জগদীশচন্দ্র বসুর স্মৃতি ও বৈজ্ঞানিক অবদান সংরক্ষণের উদ্দেশ্যে ১৯৮৭ সালে বাড়িটি অধিগ্রহণ করে তৎকালীন বিহার সরকার। পরে সেটির নামকরণ করা হয় ‘জগদীশচন্দ্র বসু মেমোরিয়াল সায়েন্স বিল্ডিং’। ১৯৯৭ সালের ২৮ ফেব্রুয়ারি তৎকালীন বিহারের রাজ্যপাল এ আর কিদওয়াই আনুষ্ঠানিকভাবে ভবনটির উদ্বোধন করেন।
ঝান্ডা ময়দানের কাছে অবস্থিত এই ভবনে রয়েছে জগদীশচন্দ্র বসুর বিভিন্ন ছবি, তাঁর প্রাপ্ত সম্মান ও পুরস্কারের নথি এবং তাঁর গবেষণায় ব্যবহৃত বৈজ্ঞানিক যন্ত্রের মডেল। এর মধ্যে উল্লেখযোগ্য মাইক্রোওয়েভ ডিটেক্টর এবং ক্রেসকোগ্রাফ। গাছেদের বৃদ্ধি পরিমাপ করা এবং গাছের প্রাণের বিষয়টি প্রমাণ করার জন্য এই বিশেষ যন্ত্র তৈরি করেছিলেন তিনি।
তবে এত গুরুত্বপূর্ণ একটি ঐতিহাসিক বাড়ি থাকা সত্ত্বেও সংরক্ষণের কাজ নিয়ে প্রশ্ন উঠেছে। বিশেষ করে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সিন্দুকটি ঘিরে কৌতূহল ক্রমশ বেড়েছে। অতীতে সেটি খোলার চেষ্টা হলেও সেই উদ্যোগ বাস্তবায়িত হয়নি বলে জানা যাচ্ছে। এবার হাইকোর্টের হস্তক্ষেপে সেই রহস্যের জট কি খুলবে?
