দুবাইতে আটকে নার্গিস ফাকরি, কী অবস্থা অভিনেত্রীর?
সেই অনিশ্চয়তার রেশ একেবারে কাছ থেকে অনুভব করছেন বলিউড অভিনেত্রী নার্গিস ফখরি। রেড কার্পেট বা ছবির সেট থেকে দূরে, বর্তমানে দুবাইয়ে আটকে পড়া অভিনেত্রী সমাজমাধ্যমে ভাগ করে নিচ্ছেন তাঁর উদ্বেগের মুহূর্তগুলি। ইরান ও আমেরিকার মধ্যে বাড়তে থাকা উত্তেজনার আঁচ যে তাঁর মানসিক অবস্থাকে টালমাটাল করে দিয়েছে, তা স্পষ্ট নার্গিসের লেখায়।

উপগ্রহ চিত্রে ধরা পড়ছে দুবাইয়ের আকাশে ঘন কালো ধোঁয়ার কুণ্ডলী। ইরানের সাম্প্রতিক মিসাইল ও ড্রোন হামলার জেরে মধ্যপ্রাচ্যের এই গ্লিটজ সিটি এখন রণক্ষেত্র। আর সেই অনিশ্চয়তার রেশ একেবারে কাছ থেকে অনুভব করছেন বলিউড অভিনেত্রী নার্গিস ফখরি। রেড কার্পেট বা ছবির সেট থেকে দূরে, বর্তমানে দুবাইয়ে আটকে পড়া অভিনেত্রী সমাজমাধ্যমে ভাগ করে নিচ্ছেন তাঁর উদ্বেগের মুহূর্তগুলি। ইরান ও আমেরিকার মধ্যে বাড়তে থাকা উত্তেজনার আঁচ যে তাঁর মানসিক অবস্থাকে টালমাটাল করে দিয়েছে, তা স্পষ্ট নার্গিসের লেখায়।
গত দুই দিন ধরে দুবাইয়ে রয়েছেন অভিনেত্রী। নিজের আবাসের জানলার ধারের একটি ছবি পোস্ট করে তিনি লেখেন, “এখানে গত দুটো দিন চরম উন্মাদনার মধ্যে কাটল।”
ইরান-মার্কিন সংঘাত যত গভীর হচ্ছে, দুবাইয়ের আকাশে ধোঁয়ার মেঘ তত ঘন হচ্ছে। এই পরিস্থিতির মানসিক প্রভাব যে কতটা ভয়ঙ্কর, তা স্বীকার করে নিয়েছেন নার্গিস। বারান্দা থেকে তোলা রাতের শহরের একটি ছবি শেয়ার করে অভিনেত্রী তাঁর মনের অবস্থা তুলে ধরেন। তিনি লেখেন, “পরিস্থিতি যাই হোক না কেন, একটা অজানা আতঙ্ক আর উদ্বেগ মনের মধ্যে জেঁকে বসেছে। কারণ, পরের মুহূর্তে ঠিক কী হতে চলেছে তা কেউই জানে না। ঠিক করে ঘুমানোও যাচ্ছে না, মস্তিষ্ক সারাক্ষণ সতর্ক সংকেত দিচ্ছে। অনেক রাত হয়ে গেলেও আমি দু-চোখের পাতা এক করতে পারছি না।” ভৌগোলিক ও রাজনৈতিক এই টানাপোড়েনের মাঝে আটকা পড়ে নিরাপত্তার অভাব যে তাঁকে কতটা বিচলিত করেছে, তাঁর প্রতিটি পোস্টেই সেই সততা ফুটে উঠেছে।
ব্যক্তিগত আতঙ্ক সত্ত্বেও দুবাইয়ের প্রশাসনের ভূমিকার প্রশংসা করতে ভোলেননি নার্গিস। একটি ভিডিও শেয়ার করে তিনি দেখান কীভাবে উদ্ধারকারী দল এবং প্রশাসন শহরের নিরাপত্তা নিশ্চিত করতে রাতদিন এক করে কাজ করছে। সেই কাজের তারিফ করে তিনি লেখেন, “দারুণ কাজ করছেন ওঁরা।” গত বছর ক্যালিফোর্নিয়ায় একটি ব্যক্তিগত অনুষ্ঠানে টনি বেইগের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন নার্গিস। পেশাদার জীবনে তাঁকে শেষবার বড় পর্দায় দেখা গিয়েছে ‘হাউসফুল ৫’ ছবিতে। অক্ষয় কুমার, অভিষেক বচ্চন ও সঞ্জয় দত্তের মতো তারকাখচিত এই ছবিতে অভিনয় করেছিলেন তিনি।
