ঋষিকে বিয়ে করতে গিয়ে হঠাৎ অজ্ঞান হয়ে যান নীতু কাপুর! জানেন কেন?
কাপুর পরিবারের বিয়ে মানেই অঢেল খাবারের সম্ভার। বিরিয়ানি থেকে শুরু করে কাবাব— ভোজনরসিক হিসেবে এই পরিবারের নাম ডাক সর্বত্র। কিন্তু নীতু কাপুর ঠিক তার উল্টো। করিশ্মা মজার ছলে জানান, যেখানে পুরো পরিবার খাবারের ওপর ঝাঁপিয়ে পড়ে, সেখানে নীতু আন্টি ভীষণ স্বাস্থ্য সচেতন।

বিয়ে মানেই আনন্দ, আলো আর হইচই। কিন্তু কাপুর পরিবারের সেই রাজকীয় বিয়েতে ঘটে গিয়েছিল এক চরম বিপত্তি। চার হাত এক হওয়ার মুহূর্তেই আচমকা জ্ঞান হারিয়েছিলেন কনে নীতু সিং! এতটাই ঘাবড়ে গিয়েছিলেন যে, পরিস্থিতি সামাল দিতে কালঘাম ছুটেছিল সকলের। সম্প্রতি রিয়ালিটি শোর মঞ্চে দাঁড়িয়ে সেই অজানা গল্পই শোনালেন কাপুর বংশের মেয়ে করিশ্মা কাপুর।
একটি জনপ্রিয় রিয়ালিটি শো এর বিশেষ পর্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন করিশ্মা। সেখানেই পুরনো দিনের স্মৃতি হাতড়াতে গিয়ে উঠে আসে ঋষি কাপুর ও নীতু কাপুরের বিয়ের প্রসঙ্গ। করিশ্মা জানান, সেই বিয়েতে চাঁদের হাট বসেছিল। আমন্ত্রিতদের তালিকায় ছিলেন বলিউডের তাবড় সব মহাতারকারা। আর সেই বিপুল জনসমুদ্র আর আলোর রোশনাই দেখেই নাকি মাথা ঘুরে গিয়েছিল নীতু কাপুরের। মাঝ পথেই সংজ্ঞাহীন হয়ে পড়েন তিনি। করিশ্মার কথায়, “বিয়েতে এত তারকা আর এত ভিড় ছিল যে নীতু আন্টি ভয় পেয়ে অজ্ঞান হয়ে গিয়েছিলেন। বাড়ির সবাই খুব ভয় পেয়ে গিয়েছিলেন সেই সময়।”
কাপুর পরিবারের বিয়ে মানেই অঢেল খাবারের সম্ভার। বিরিয়ানি থেকে শুরু করে কাবাব— ভোজনরসিক হিসেবে এই পরিবারের নাম ডাক সর্বত্র। কিন্তু নীতু কাপুর ঠিক তার উল্টো। করিশ্মা মজার ছলে জানান, যেখানে পুরো পরিবার খাবারের ওপর ঝাঁপিয়ে পড়ে, সেখানে নীতু আন্টি ভীষণ স্বাস্থ্য সচেতন। এমনকি বাড়ির বড় বড় অনুষ্ঠানে যেখানে বিরিয়ানির সুবাসে ম ম করে চারপাশ, সেখানেও নীতু নিজের ছোট্ট টিফিন বক্সটি সঙ্গে রাখেন। ডায়েটের ব্যাপারে তিনি এতটাই কড়া যে বিরিয়ানির লোভও তাঁকে টলাতে পারে না। করিশ্মা বলেন, “আমরা ওঁকে নিয়ে খুব মজা করি, কিন্তু এই বয়সে ওঁর ফিটনেস আর নিয়ম মেনে চলা আমাদের অনুপ্রেরণা দেয়।”
করিশ্মা তখন খুবই ছোট, কিন্তু কাকার বিয়েতে যাওয়ার আনন্দ আজও তাঁর মনে টাটকা। নীতু কাপুরের চনমনে স্বভাব আর ব্যক্তিত্ব যে তাঁকে বারবার মুগ্ধ করে, সে কথাও জানান অভিনেত্রী। পরিবারের বড়দের মধ্যে নীতু কাপুরের স্থান যে করিশ্মার কাছে বেশ উঁচুতে, তা ওঁর কথাতেই স্পষ্ট।
