Nushrratt Bharuccha: হাসপাতাল থেকে ছাড়া পেলেন নুসরত! ফাঁড়া কি কাটল?
বালিতে ছুটি কাটাতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েন বলিউড অভিনেত্রী নুসরত ভারুচা। শিরদাঁড়ায় মারাত্মক চোট নিয়ে টানা দু'সপ্তাহ হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। অবশেষে মিলল বড় খবর। আবার কী স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন অভিনেত্রী?

নুসরত ভারুচা (Nushrratt Bharuccha)-র বিপদ অবশেষে কাটল। বালিতে ঘুরতে গিয়ে এক মারাত্মক দুর্ঘটনার মুখে পড়েছিলেন বলিউড অভিনেত্রী। আঘাত লেগেছিল সোজা শিরদাঁড়ায়। পরিস্থিতি এমনই দাঁড়ায় যে, তড়িঘড়ি তাঁকে এয়ারলিফ্ট করে মুম্বইয়ে নিয়ে আসা হয়। তবে এখন আর চিন্তার কোনও কারণ নেই। সফল অস্ত্রোপচারের পর হাসপাতাল থেকে বাড়ি ফিরে গিয়েছেন তিনি।
চলতি মাসের একদম শুরুতেই কাজের পাশাপাশি একটু ছুটি কাটাবেন বলে বালি গিয়েছিলেন নুসরত। কিন্তু নীল জলের ধারে সেই আনন্দ বেশিদিন টেকেনি। সেখানেই ঘটে এক মারাত্মক দুর্ঘটনা। ঠিক কীভাবে এই ঘটনা ঘটল, তা নিয়ে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি। তবে শিরদাঁড়ার চোট বেশ গুরুতর ছিল। মুম্বইয়ে ফেরার সময় স্ট্রেচারে শুয়ে থাকা অভিনেত্রীর ছবি দেখে রীতিমতো ভয় পেয়ে গিয়েছিলেন অনুরাগীরা। সবার মনেই প্রশ্ন ছিল, ঠিক কী হয়েছে তাঁর?
টানা প্রায় দু’সপ্তাহ ধরে চলে চিকিৎসা। বৃহস্পতিবার অভিনেত্রীর টিমের তরফ থেকে জানানো হয়েছে, চিকিৎসকদের পরামর্শে তাঁর শিরদাঁড়ায় অস্ত্রোপচার করা হয়েছে। এবং সেই অস্ত্রোপচার একেবারেই সফল। আপাতত হাসপাতাল থেকে ছুটি পেয়েছেন তিনি। এখন নিজের চেনা পরিবেশে, পরিবারের সঙ্গেই রয়েছেন। শিরদাঁড়ার চোট সারতে বেশ কিছুটা সময় লাগে। তাই পুরোপুরি সুস্থ হতে এখনও বেশ কয়েকদিন বিশ্রামে থাকতে হবে তাঁকে। তবে অভিনেত্রীর টিম জানিয়েছে, নুসরত খুব পজিটিভ রয়েছেন। দ্রুত সুস্থ হয়ে ওঠার জন্য মনের জোর ধরে রেখেছেন। এই কঠিন সময়ে যাঁরা পাশে ছিলেন, তাঁদের প্রত্যেককে ধন্যবাদ জানানো হয়েছে।
শারীরিক কষ্ট থাকলেও নুসরত কিন্তু প্রথম থেকেই বেশ খোশমেজাজে ছিলেন। সোশাল মিডিয়ায় হাসপাতাল থেকেই নিজের আপডেট দিচ্ছিলেন। কয়েকদিন আগেই হাসপাতালের বিছানা থেকে সূর্যাস্তের একটি ছবি পোস্ট করেন তিনি। ক্যাপশনে শাহরুখ খানের ডায়লগ ধার করে লেখেন, “পিকচার আভি বাকি হ্যায় মেরে দোস্ত।” এরপর আরও একটি ভিডিয়ো সামনে আসে। সেখানে দেখা গিয়েছে, হাসপাতালের বেডে বসেই হাসিমুখে খাবার খাচ্ছেন অভিনেত্রী। আর সামনের টিভিতে চলছে শাহরুখ-কাজলের সুপারহিট গান ‘গেরুয়া’। সব মিলিয়ে কঠিন সময় পার করছেন তিনি। তিনি যাতে আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারেন সেই প্রার্থনাই করছেন তাঁর ভক্তরা?
