Pankaj Tripathi: ‘শুধু তো শ্বশুরবাড়ি নয়…’, দুর্গাপুজো কাটাতে সপরিবারে তিলোত্তমায় পঙ্কজ ত্রিপাঠী
Pankaj Tripathi in Kolkata: বলিউডের ব্যস্ত শিডিউল থেকে ছোট্ট ছুটি। স্ত্রী মৃদুলা ও পরিবারকে সঙ্গে নিয়ে দুর্গাপুজো এবং দশেরার আনন্দে মাততে সোজা তিলোত্তমায় হাজির অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী। উৎসবের দিনগুলোতে এই শহরের জাদুকরী রূপ দেখে রীতিমতো মুগ্ধ তিনি। আর তাই তো শ্বশুরবাড়ির শহর কলকাতাকেই নিজের দ্বিতীয় বাড়ি বলে আখ্যা দিলেন সবার প্রিয় 'কলকাতার জামাই'।

বলিউডের অন্যতম ব্যস্ত অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী (Pankaj Tripathi)। সারা বছরই শুটিংয়ের চাপে বেশ ব্যস্ত থাকেন তিনি। তবে উৎসবের মরসুমে সেই কড়া রুটিন থেকে ছুটি নিয়েছেন অভিনেতা। সোজা চলে এসেছেন কলকাতায়। স্ত্রী মৃদুলা ত্রিপাঠী এবং পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে দুর্গাপুজো এবং দশেরার আনন্দে মেতে উঠতেই তাঁর এই সফর। দীর্ঘ সময় পর সপরিবারে কলকাতায় উৎসব কাটানোর সুযোগ পেয়ে তিনি ভীষণ খুশি। কিন্তু এত জায়গা থাকতে উৎসবের জন্য কলকাতাকেই কেন বেছে নিলেন তিনি? এই প্রসঙ্গে পঙ্কজ ত্রিপাঠী বলেন, “পরিবারের সঙ্গে দুর্গামষ্টমীতে এখানে থাকাটা এই উৎসবকে আরও বিশেষ করে তুলেছে। এই বছরটা বিশেষভাবে স্মরণীয় কারণ, অনেক দিন পর আমরা সপরিবারে কলকাতায় পুজো উদযাপন করছি।”
কলকাতার সঙ্গে অভিনেতার সম্পর্ক বেশ পুরনো। স্ত্রী মৃদুলার আদি বাড়ি এই শহরেই। সেই সূত্রেই তিলোত্তমার সঙ্গে তাঁর এক অবিচ্ছেদ্য টান তৈরি হয়েছে। শ্বশুরবাড়ি হওয়ার সুবাদে বহুবার এখানে যাতায়াত করেছেন তিনি। তবে এখন সেই সম্পর্ক শুধু শ্বশুরবাড়ির গণ্ডিতেই আটকে নেই। সংবাদমাধ্যমের কাছে অভিনেতা জানিয়েছেন, তিলোত্তমার সংস্কৃতি, ঐতিহ্য এবং মানুষের ভালোবাসায় তিনি রীতিমতো মুগ্ধ। তাঁর কথায়, “কলকাতা সবসময় আমার মনে একটি বিশেষ স্থান দখল করে আছে। মৃদুলা এবং তার পরিবারের মাধ্যমেই এই শহরের সঙ্গে আমার সম্পর্ক শুরু। তবে সময়ের সঙ্গে সঙ্গে কলকাতা শুধু আমার শ্বশুরবাড়ির শহর নয়, তার চেয়েও অনেক বেশি কিছু হয়ে উঠেছে।” তাই তো স্থানীয় মানুষজন ভালোবেসে তাঁকে ‘কলকাতার জামাই’ বলে ডাকেন। জানা গিয়েছে, এই ডাক শুনতে তিনি নিজেও বেশ পছন্দ করেন। এই শহর থেকে পাওয়া অপরিসীম ভালোবাসার জন্য তিনি বারবার কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি বলেন, “এই শহর থেকে এত ভালোবাসা পেয়ে আমি সত্যিই নিজেকে ভাগ্যবান মনে করি।”
উৎসবের সময় কলকাতার রূপটাই পুরোপুরি পালটে যায়। এই শহরের পুজো নিয়ে অভিনেতার মুগ্ধতা নতুন কোনও বিষয় নয়। অভিনেতার মতে, দুর্গাপুজোর সময় এই শহরের আসল আত্মাকে অনুভব করা যায়। তিনি জানান, “কলকাতার মধ্যে সত্যিই এক ম্যাজিকাল ব্যাপার রয়েছে, বিশেষ করে দুর্গাপুজোর সময়। এখানকার ভক্তি, প্রাণশক্তি, সুন্দর সব মণ্ডপ, ঐতিহ্য এবং মা দুর্গাকে উদযাপনের জন্য মানুষের একত্রিত হওয়ার ধরন একেবারে অসাধারণ। এই সময়ে আপনি শহরের আত্মাকে অনুভব করতে পারবেন।” বরাবরই বাঙালি সংস্কৃতি এবং ঐতিহ্যের প্রতি তাঁর এক গভীর শ্রদ্ধা রয়েছে। উৎসবের এই দিনগুলোতে তিলোত্তমার সেই ম্যাজিকই যেন নতুন করে অনুভব করছেন তিনি।
বলিউডে এখন দম ফেলার ফুরসত নেই অভিনেতার। একের পর এক কাজের চাপ লেগেই রয়েছে। কিন্তু উৎসব মানেই হল বিরতি নিয়ে কাছের মানুষদের সঙ্গে সুন্দর সময় কাটানো। অভিনেতা বলেন, “উৎসব মানে হল একটু থমকে দাঁড়ানো, প্রিয়জনদের সঙ্গে সুন্দর সময় কাটানো এবং জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসগুলোর সঙ্গে নতুন করে যুক্ত হওয়া। পেশাগত প্রতিশ্রুতি এবং ব্যস্ত রুটিনের মাঝে পরিবারের সঙ্গে কাটানো এই মুহূর্তগুলো অমূল্য।” এবার সেই সুযোগটাই পুরোপুরি কাজে লাগিয়েছেন অভিনেতা। ব্যস্ত রুটিন থেকে ছুটি নিয়ে পরিবারের সঙ্গে কাটানো এই মুহূর্তগুলোকেই জীবনের আসল পাওনা বলে মনে করেন তিনি। কাজের দৌড়ঝাঁপ সরিয়ে রেখে তিলোত্তমার বুকে দুর্গাপুজো ও দশেরার এই উদযাপন তাঁর কাছে আজীবন এক সুন্দর স্মৃতি হয়েই থেকে যাবে।
