AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Prabir-Geetashree: ‘মাঠে সবসময় রাজার মতোই খেলেছ…’ ৩৩-এ ফুটবল ছাড়লেন প্রবীর, একে অপরকে কী লিখলেন প্রবীর-গীতশ্রী?

Prabir Das Injury: মাত্র ৩৩ বছর বয়সেই বুটজোড়া তুলে রাখার সিদ্ধান্ত নিলেন তারকা ফুটবলার প্রবীর দাস। দীর্ঘ আড়াই বছর চোটের সঙ্গে লড়াইয়ের পর ফুটবলকে বিদায় জানালেন তিনি। আর এই কঠিন সময়ে তাঁর ছায়াসঙ্গী হয়ে রইলেন অভিনেত্রী গীতশ্রী রায়।

Prabir-Geetashree: 'মাঠে সবসময় রাজার মতোই খেলেছ...' ৩৩-এ ফুটবল ছাড়লেন প্রবীর, একে অপরকে কী লিখলেন প্রবীর-গীতশ্রী?
কী ঘটেছে?
| Updated on: Sep 23, 2026 | 11:14 AM
Share

মাত্র ৩৩ বছর বয়স। বুটজোড়া তুলে রাখার বয়স এটা মোটেই নয়। কিন্তু জীবনের চিত্রনাট্য তো আর মনের মতো চলে না। টানা ১৫ বছর ভারতীয় ফুটবলে দাপটের সঙ্গে খেলার পর অবশেষে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন প্রবীর দাস। চোট-আঘাত, নার্ভের সমস্যা, সব মিলিয়ে গত আড়াই বছর এক দুর্বিষহ যন্ত্রণার মধ্যে দিয়ে গিয়েছেন তিনি। আর এই অন্ধকার দিনগুলোতে ছায়ার মতো তাঁর সঙ্গে ছিলেন অভিনেত্রী গীতশ্রী রায়। অবসরের দিন তাই একে অপরের উদ্দেশে সোশাল মিডিয়ায় আবেগঘন বার্তা দিলেন এই জুটি।

জীবনের সবচেয়ে কঠিন সময়ে একজন পার্টনারের সাপোর্ট কতটা জরুরি, সেটাই যেন আরও একবার বুঝিয়ে দিলেন প্রবীর। গীতশ্রীর উদ্দেশে তিনি লেখেন, “গত দুই-আড়াই বছর আমার জীবনের সবচেয়ে কঠিন সময়গুলোর মধ্যে দিয়ে গিয়েছি। বারবার ইনজুরি, শারীরিক কষ্ট আর মানসিক লড়াই। কিন্তু সেই কঠিন সময়ে একজন মানুষ সবসময় আমার পাশে ছিল।” যখনই তিনি ভেঙে পড়েছেন, গীতশ্রী তাঁকে উঠে দাঁড়ানোর সাহস জুগিয়েছেন। প্রবীর আরও লেখেন, “শুধু ভালো সময়ে নয়, খারাপ সময়েও যে হাতটা শক্ত করে ধরে রাখে, সেই মানুষটাই আসল সঙ্গী। সারা জীবন তোমাকে পাশে পেয়ে আমি নিজেকে সত্যিই খুব ভাগ্যবান মনে করি।”

প্রবীরের এই লড়াইটা খুব কাছ থেকে দেখেছেন গীতশ্রী। তাই প্রেমিকের অবসরের পর তিনিও বেশ আবেগপ্রবণ। প্রবীরের পোস্টের প্রসঙ্গ টেনে তিনি লেখেন, “আমি জানি এটা বড্ড তাড়াতাড়ি হয়ে গেল… ৩৩ বছরে অবসর নেওয়াটা মানা যায় না। কিন্তু জীবনের মানে তো শুধু ফুটবল নয়, মাঝেমাঝে নতুন অধ্যায়ও বেছে নিতে হয়।” প্রবীরের ১৫ বছরের কেরিয়ারকে কুর্নিশ জানিয়ে গীতশ্রী লেখেন, “তুমি মাঠে সবসময় রাজার মতো খেলেছ। আর রাজার মতোই বিদায় নিতে চেয়েছিলে, সেটাই করেছ।” শেষে মনখারাপের মাঝেও একটা মিষ্টি বার্তা দিয়েছেন গীতশ্রী। তাঁর কথায়, “হ্যাপি রিটায়ারমেন্ট, মাই চ্যাম্প। অনেক ফুটবল হয়েছে, এবার আমরা একসঙ্গে চুটিয়ে মজা করব!”

কিন্তু ঠিক কী ঘটেছিল প্রবীরের সঙ্গে? জানা গিয়েছে, গত বছর থাইল্যান্ড যাওয়ার ঠিক আগে আচমকাই স্নায়ুরোগে আক্রান্ত হন তিনি। বাঁ দিকের কাঁধ পুরোপুরি অসাড় হয়ে যায়। সেই অস্বস্তি নিয়েই দলের সঙ্গে রওনা হয়েছিলেন। পরে সুনীল ছেত্রীর পরামর্শে বেঙ্গালুরুর চিকিৎসকের দ্বারস্থ হন প্রবীর। এখানেই শেষ নয়, হাঁটুর নীচে একটি বড় অস্ত্রোপচারও হয় তাঁর। সেই সময় শুটিংয়ের ফাঁকে মুম্বই গিয়ে প্রবীরের দেখাশোনা করেছিলেন গীতশ্রী। আপাতত প্রবীর অনেকটাই সুস্থ। তবে শারীরিক কারণেই এত আগে ফুটবলকে বিদায় জানাতে বাধ্য হলেন তিনি। ফুটবল মাঠের ‘চ্যাম্প’ এবার জীবনের নতুন ইনিংস শুরু করতে চলেছেন গীতশ্রীর হাত ধরেই।

Follow Us