Priyanka Chopra Nick Jonas: ‘ও এটা না করলে ভালোবাসতামই না’, নিককে নিয়ে বোমা ফাটালেন প্রিয়াঙ্কা!
Priyanka Chopra news: বিদেশি বর নিক জোনাসকে ভালোবেসে কীভাবে এত বছর সুখে সংসার করছেন? সম্প্রতি নিউ ইয়র্কের এক অনুষ্ঠানে নিজের দাম্পত্যের আসল সিক্রেট ফাঁস করলেন প্রিয়াঙ্কা চোপড়া। ঠিক কী বলেছেন তিনি?

বলিউড হোক বা হলিউড- সব জায়গাতেই বাজিমাত করেনঅভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra)। তবে কাজের পাশাপাশি তাঁর ব্যক্তিগত জীবন নিয়েও সাধারণ মানুষের আগ্রহ কম নয়। বিদেশি গায়ক নিক জোনাসের সঙ্গে তাঁর প্রেম ও বিয়ে নিয়ে সবসময়ই চর্চা চলে। দু’জন সম্পূর্ণ আলাদা দেশের ও আলাদা পরিবেশের মানুষ হয়েও কীভাবে এত বছর ধরে সুখে সংসার করছেন? সম্প্রতি নিউ ইয়র্কে ‘সাইকেল অফ লাভ’ নামের একটি তথ্যচিত্রের উদ্বোধনী অনুষ্ঠানে এসে সেই গোপন কথা নিজেই জানালেন প্রিয়াঙ্কা।
সকলের সামনে প্রিয়াঙ্কা বলেন, নিক যদি ভারতের সংস্কৃতি ও তাঁর দেশের শিকড়কে সম্মান না করতেন, তবে তিনি হয়তো কখনও নিককে ভালোই বাসতেন না। তাঁর সাফ কথা, “আমি জানি না ও যদি এটা না করত, তবে আমি ওকে ভালোবাসতাম কি না।” প্রিয়াঙ্কা আরও বলেন, “ভিন্ন সংস্কৃতির কোনও সম্পর্কের ক্ষেত্রে এটা খুব বড় একটা দিক। আমার মনে হয়, সঙ্গীর শিকড়ের প্রতি সম্মান থাকাটা ভীষণ জরুরি।” নিক প্রথম থেকেই ভারতীয় সংস্কৃতিকে মন থেকে শ্রদ্ধা করেছেন বলেই তাঁদের সম্পর্কের ভিত এতটা শক্ত হয়েছে।
এর পাশাপাশি প্রিয়াঙ্কা জানান, একে অপরের প্রতি ভালো ব্যবহার করাও খুব দরকার। তাঁর কথায়, “সঙ্গীর প্রতি সদয় হওয়াটা সত্যি খুব দরকার।” সম্প্রতি নিকের নতুন গানের অ্যালবাম ‘সানডে বেস্ট’ মুক্তির পর সোশাল মিডিয়ায় প্রিয়াঙ্কা লিখেছিলেন, “তুমি আমার জীবনের নেওয়া সেরা সিদ্ধান্ত।” তিনি আরও লেখেন, “এমন কাউকে খুঁজে নিন যে শুধু আপনাকে ভালোবাসবে আর সম্মান করবে তা-ই নয়, আপনাকে রত্নের মতো আগলে রাখবে আর সেটা প্রকাশ করতেও ভয় পাবে না।” ২০১৮ সালে ভারতীয় ও পাশ্চাত্য, উভয় নিয়ম মেনেই চার হাত এক হয়েছিল তাঁদের।
ব্যক্তিগত জীবনের পাশাপাশি অভিনয়েও এখন দারুণ ফর্মে রয়েছেন প্রিয়াঙ্কা। এস এস রাজামৌলির নতুন তেলুগু ছবি ‘বারাণসী’-র মাধ্যমে দক্ষিণী ছবিতে পা রাখছেন তিনি। সেখানে তাঁর সঙ্গে দেখা যাবে মহেশ বাবু ও পৃথ্বীরাজ সুকুমারনকে। ছবিটি ২০২৭ সালের সংক্রান্তিতে মুক্তি পাবে। এছাড়া ‘সিটাডেল’ সিরিজের দ্বিতীয় সিজন এবং রাসেল ক্রোর সঙ্গে ‘ব্লুফ্লাই’ ছবিতেও দেখা যাবে তাঁকে।
