Ritwik Ghatak’s ancestral Home: বাংলাদেশের রাজশাহীতে ভাঙা হল ঋত্বিক ঘটকের বাড়ির একাংশ
Bangladesh News: সম্প্রতি রাজশাহী শহরের ঘোড়ামারা মহল্লার মিঞাপাড়ায় সরেজমিনে গিয়ে এমনই উদ্বেগজনক চিত্র দেখতে পেয়েছে বাংলাদেশের সংবাদমাধ্যম ‘প্রথম আলো’। এই ঘটনা প্রকাশ্যে আসতেই দুই বাংলার সংস্কৃতি মহল এবং চলচ্চিত্রপ্রেমীদের মধ্যে তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বাংলাদেশের রাজশাহীতে কিংবদন্তি চলচ্চিত্র পরিচালক ঋত্বিক ঘটকের পৈতৃক বাড়িটির আরও একটি ঘরের দেওয়াল ভেঙে ফেলার পাশাপাশি দেওয়াল ঘেঁষে থাকা একটি বটগাছও কেটে ফেলা হয়েছে। সম্প্রতি রাজশাহী শহরের ঘোড়ামারা মহল্লার মিঞাপাড়ায় সরেজমিনে গিয়ে এমনই উদ্বেগজনক চিত্র দেখতে পেয়েছে বাংলাদেশের সংবাদমাধ্যম ‘প্রথম আলো’। এই ঘটনা প্রকাশ্যে আসতেই দুই বাংলার সংস্কৃতি মহল এবং চলচ্চিত্রপ্রেমীদের মধ্যে তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
গতকাল বুধবার এই ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় সংস্কৃতিকর্মী এবং ‘ঋত্বিক ঘটক ফিল্ম সোসাইটি’-র সদস্যরা। তাঁদের স্পষ্ট অভিযোগ, দীর্ঘকাল ধরে এই ঐতিহ্যবাহী বাড়িটি হেরিটেজ হিসেবে সংরক্ষণের দাবি জানানো হলেও, তা কর্ণপাত না করে পরিকল্পিতভাবে স্মৃতিচিহ্নটি মুছে ফেলার চক্রান্ত চলছে।
জানা গিয়েছে, বাড়ির যে ঘরটির দেওয়াল ভাঙা হয়েছে, সেখানেই পরিচালকের ৯৯তম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছিল। দেওয়াল জুড়ে পরম যত্নে আঁকা ছিল ঋত্বিক ঘটকের প্রতিকৃতি এবং তাঁর কালজয়ী সব চলচ্চিত্রের নাম। এমনকি, চলতি বছরের গত ৪ নভেম্বরও এই ঘরেই সাড়ম্বরে পালিত হয়েছিল ঋত্বিকের ১০১তম জন্মবার্ষিকী।
স্থানীয় সংস্কৃতিকর্মী হাসিবুল হাসনাত দাবি করেছেন, ২০২৪ সালের পর থেকে অন্তত তিন-চারবার বাড়িটি ভাঙার চেষ্টা চালানো হয়েছে। তাঁর কথায়, “প্রথমে ভারী যন্ত্রপাতি দিয়ে বাড়ির বড় একটি অংশ গুঁড়িয়ে দেওয়া হয়েছিল। এখন শ্রমিক ও মিস্ত্রি লাগিয়ে ধীরে ধীরে অবশিষ্ট অংশটুকুও ভেঙে ফেলার চেষ্টা চলছে। আমরা অবিলম্বে এই ঐতিহাসিক জায়গাটির যথাযথ সংরক্ষণ চাই।”
অন্যদিকে, ‘ঋত্বিক ১০১তম বর্ষপূর্তি উদ্যাপন কমিটি’-র সদস্য-সচিব আতিকুর রহমান সরাসরি অভিযোগের আঙুল তুলেছেন ‘রাজশাহী হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজ ও হাসপাতাল’ কর্তৃপক্ষের দিকে। তাঁর অভিযোগ, পরিষ্কার-পরিচ্ছন্নতার অজুহাত দিয়ে শ্রমিকরা আসলে বাড়িটি ভাঙার কাজই করছিলেন, যা পরে স্থানীয়দের বাধায় বন্ধ হয়। হাসপাতাল কর্তৃপক্ষ ঐতিহাসিক স্থাপনাটি ধ্বংস করে জায়গাটি দখল করতে চাইছে বলে দাবি করে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের কাছে এই অমূল্য সম্পদ রক্ষার জোরালো আবেদন জানিয়েছেন।
ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটে ভাঙার এই ঘটনা উসকে দিয়েছে গত বছরের এক তিক্ত স্মৃতিকেও। গত বছরের জুলাই মাসে মহম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের আমলে বাংলাদেশের ময়মনসিংহ জেলায় সত্যজিৎ রায়ের পৈতৃক বাড়ির একাংশও ভেঙে ফেলা হয়েছিল। সদর শহরের হরিকিশোর রায় রোডের ওই প্রাচীন বাড়িটি (যা একসময় ময়মনসিংহ শিশু অ্যাকাডেমি হিসেবে ব্যবহৃত হত) ভেঙে বহুতল ভবন নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছিল। যদিও পরবর্তীতে দেশ-বিদেশে তীব্র সমালোচনা ও বিতর্কের মুখে উপেন্দ্রকিশোর রায়চৌধুরী পরিবারের সেই বাসস্থান ভাঙার কাজ স্থগিত রাখতে বাধ্য হয় প্রশাসন। এবার ঋত্বিক ঘটকের বাড়ির ক্ষেত্রেও প্রশাসন কী পদক্ষেপ নেয়, সেদিকেই তাকিয়ে এপার বাংলা ও ওপার বাংলার সংস্কৃতি মহল।
