AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

হাসপাতালে বাবা সেলিম খান, চিকিৎসকের উপর আচমকা চটলেন সলমন! হঠাৎ হল কী?

গত ১৭ ফেব্রুয়ারি, ২০২৬-এ লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয় সেলিম খানকে। ডক্টর পার্কারের দেওয়া তথ্য অনুযায়ী, ৯০ বছর বয়সী এই শিল্পী বর্তমানে স্থিতিশীল এবং তাঁকে আইসিইউ-তে রাখা হয়েছে। বয়সজনিত কারণে সুস্থ হতে কিছুটা সময় লাগলেও তিনি আগের চেয়ে ভালো আছেন বলে জানানো হয়েছিল।

হাসপাতালে বাবা সেলিম খান, চিকিৎসকের উপর আচমকা চটলেন সলমন! হঠাৎ হল কী?
| Updated on: Feb 20, 2026 | 12:55 PM
Share

বর্ষীয়ান চিত্রনাট্যকার সেলিম খানের শারীরিক অবস্থা নিয়ে সংবাদমাধ্যমে তথ্য প্রকাশ করায় লীলাবতী হাসপাতাল কর্তৃপক্ষের ওপর বেজায় চটেছেন সেলিমপুত্র সলমন খান। সূত্রের খবর, অনুমতি ছাড়াই হাসপাতালের পক্ষ থেকে সেলিমের স্বাস্থ্যের আপডেট দেওয়ায় ক্ষুব্ধ খান পরিবার। পরিবারের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখতেই তাঁরা চান না সেলিম সাহেবের চিকিৎসা সংক্রান্ত কোনও তথ্য জনসমক্ষে আসুক।

পরিবারের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, স্বাস্থ্য সংক্রান্ত বিষয় অত্যন্ত ব্যক্তিগত। পরিবারের পক্ষ থেকে যদি ভক্ত বা শুভাকাঙ্ক্ষীদের কিছু জানানোর প্রয়োজন মনে করা হয়, তবে তাঁরাই জানাবে। চিকিৎসকদের প্রকাশ্যে দেওয়া বক্তব্যে সলমন এবং তাঁর পরিবার অসন্তুষ্ট। তাঁরা ইতিমধ্যেই হাসপাতাল কর্তৃপক্ষকে কড়া বার্তা দিয়েছেন যে, ভবিষ্যতে যেন সেলিম খানের শারীরিক অবস্থা নিয়ে আর কোনও তথ্য সংবাদমাধ্যমে প্রকাশ করা না হয়।

গত বুধবার লীলাবতী হাসপাতালের চিকিৎসক ডক্টর জলিল পার্কার সংবাদমাধ্যমের সামনে এসে জানান যে, সেলিম খান ‘মাইনর ব্রেন হেমারেজ’-এ আক্রান্ত হয়েছেন এবং একটি রুটিন অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। তিনি আরও জানান, রক্তচাপ বেড়ে যাওয়ায় এবং শরীরে কাঁপুনি দেখা দেওয়ায় তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল। অবস্থা আশঙ্কাজনক না হলেও সতর্কতার খাতিরেই এই ব্যবস্থা নেওয়া হয়েছিল বলে তিনি দাবি করেন।

জানা গিয়েছে, গত ১৭ ফেব্রুয়ারি, ২০২৬-এ লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয় সেলিম খানকে। ডক্টর পার্কারের দেওয়া তথ্য অনুযায়ী, ৯০ বছর বয়সী এই শিল্পী বর্তমানে স্থিতিশীল এবং তাঁকে আইসিইউ-তে রাখা হয়েছে। বয়সজনিত কারণে সুস্থ হতে কিছুটা সময় লাগলেও তিনি আগের চেয়ে ভালো আছেন বলে জানানো হয়েছিল। তবে সলমন খানের আপত্তির পর হাসপাতাল কর্তৃপক্ষ আর কোনও নতুন বুলেটিন প্রকাশ করবে না বলেই মনে করা হচ্ছে।

খান পরিবারের পক্ষ থেকে সাধারণ মানুষের কাছে অনুরোধ করা হয়েছে, তাঁরা যেন কোনও ধরণের গুজবে কান না দেন এবং প্রবীণ এই শিল্পীর দ্রুত আরোগ্য কামনায় পাশে থাকেন।