Salman Khan: অসুস্থ বডি ডাবল, পাশে দাঁড়ালেন সলমন! পরভেজের হৃদযন্ত্রের অস্ত্রোপচারের যাবতীয় দায়ভার নিলেন ‘ভাইজান’
Salman Khan body double: সম্প্রতি নিজের বহু বছরের বডি ডাবল (Body Double) পরভেজ কাজীর অসুস্থতার কথা জানতে পেরে তড়িঘড়ি এগিয়ে এলেন অভিনেতা। পরভেজের জটিল হৃদযন্ত্রের অস্ত্রোপচার থেকে শুরু করে সমস্ত চিকিৎসার তদারকি নিজ দায়িত্বে তুলে নিলেন তিনি।

শুধু রুপোলি পর্দায় নয়, বাস্তব জীবনেও যে তিনি অনেকের কাছেই সত্যিকারের ‘ভাইজান’, তা আরও একবার প্রমাণ করলেন বলিউড সুপারস্টার সলমন খান। দুঃসময়ে নিজের মানুষদের পাশে দাঁড়ানো এবং তাঁদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য বলিপাড়ায় আলাদা খ্যাতি রয়েছে তাঁর। সম্প্রতি নিজের বহু বছরের বডি ডাবল (Body Double) পরভেজ কাজীর অসুস্থতার কথা জানতে পেরে তড়িঘড়ি এগিয়ে এলেন অভিনেতা। পরভেজের জটিল হৃদযন্ত্রের অস্ত্রোপচার থেকে শুরু করে সমস্ত চিকিৎসার তদারকি নিজ দায়িত্বে তুলে নিলেন তিনি।
সূত্রের খবর অনুযায়ী, গত ৬ আগস্ট নিজের বাড়িতেই হঠাৎ অসুস্থ বোধ করেন পরভেজ কাজী। প্রথমে শুটিং সেটে তাঁর হৃদরোগে আক্রান্ত হওয়ার খবর ছড়ালেও, পরবর্তীতে তাঁর ম্যানেজার পীযূষ বিষয়টি স্পষ্ট করে জানান যে শুটিং সেটে এমন কিছু ঘটেনি। শারীরিক অস্বস্তি বাড়ায় চিকিৎসকের পরামর্শ নেন পরভেজ এবং বেশ কিছু পরীক্ষার পর হাসপাতালে ভর্তি হয়ে তাঁর একটি ছোট সার্জারি করাতে হয়।
পরভেজের অসুস্থতার কথা জানামাত্রই তাঁর চিকিৎসার সমস্ত বন্দোবস্ত করেন সলমন খান। কাজীর ম্যানেজার পীযূষ জানান, “সলমন স্যার এই কঠিন সময়ে পুরোটা পথ আমাদের পাশেই ছিলেন। তিনি পরভেজ স্যারকে ছোট ভাইয়ের মতো ভালোবাসেন এবং খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই সহায়তার হাত বাড়িয়ে দেন।” সলমন নিজে পরভেজের সুচিকিৎসা ও দ্রুত আরোগ্য লাভের বিষয়টি তদারকি করেছেন।
এদিকে বডি ডাবল পরভেজের এই আকস্মিক অসুস্থতার প্রভাব পড়েছিল সলমনের আসন্ন অ্যাকশন ছবি ‘মনস্টার’-এর শুটিংয়ে। নয়নতারার বিপরীতে নির্মিত এই ছবির বেশ কিছু ঝুঁকিপূর্ণ স্টান্টের কাজ স্থগিত রাখতে হয়। গুঞ্জন উঠেছিল, পরভেজের অনুপস্থিতিতে বেশ কিছু অ্যাকশন দৃশ্য সলমন নিজেই করবেন। তবে সুখবর হল, অস্ত্রোপচারের পর পরভেজ এখন দ্রুত সুস্থ হয়ে উঠছেন এবং কয়েক দিনের বিশ্রামের পর ফের সেটে ফিরতে পারেন। অন্যদিকে প্রযোজনা সংস্থাও স্টান্টের সময়সূচীতে বদল এনে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার সিদ্ধান্ত নিয়েছে।
