AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ramayana Movie in Bengali: টলিউডে তৈরি হয়েছিল অন্য এক ‘রামায়ণ’, যেখানে সীতাই ছিলেন মুখ্য

Bengali Cinema Ramayana: সীতার এই মর্মস্পর্শী জীবনসংগ্রাম এবং বঞ্চনার ইতিহাসকে বড়পর্দায় সেলুলয়েডের রূপ দিয়েছিলেন পরিচালক অর্ধেন্দু চট্টোপাধ্যায়। ১৯৮০ সালে মুক্তিপ্রাপ্ত সেই কালজয়ী বাংলা ছবি ‘সীতা’ আজও বাংলা সিনেমার ইতিহাসে এক অনন্য দলিল হয়ে রয়েছে।

Ramayana Movie in Bengali: টলিউডে তৈরি হয়েছিল অন্য এক 'রামায়ণ', যেখানে সীতাই ছিলেন মুখ্য
| Updated on: Nov 10, 2026 | 2:58 PM
Share

বলিউডের বক্স অফিসে এখন রণবীর রাম রাজত্ব। কোটি কোটি টাকা খরচ করে তৈরি এই ছবি নিয়ে এখন অনুরাগীদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। বিশেষ করে দুরন্ত ভিএফএক্সের জন্য এই ছবি প্রশংসা কুড়িয়েছে। কিন্তু জানেন কি? আটের দশকে বাংলাতেও তৈরি হয়েছিল অন্য আরও এক রামায়ণ। যেখানে রাম নয়, বরং মুখ্য হয়ে উঠেছিল সীতা!

সমাজের হাজারো চাপে বারবার সতীত্বের অগ্নিপরীক্ষা দিতে হয়েছিল সীতাকে, আর তাঁর জীবন মানেই তো কেবল অফুরান লড়াই আর ট্র্যাজেডি। সীতার এই মর্মস্পর্শী জীবনসংগ্রাম এবং বঞ্চনার ইতিহাসকে বড়পর্দায় সেলুলয়েডের রূপ দিয়েছিলেন পরিচালক অর্ধেন্দু চট্টোপাধ্যায়। ১৯৮০ সালে মুক্তিপ্রাপ্ত সেই কালজয়ী বাংলা ছবি ‘সীতা’ আজও বাংলা সিনেমার ইতিহাসে এক অনন্য দলিল হয়ে রয়েছে।

সাতের দশক থেকেই একের পর এক ভক্তিমূলক ছবি উপহার দিয়ে বক্স অফিসে ঝড় তুলেছিলেন পরিচালক অর্ধেন্দু চট্টোপাধ্যায়। যার মধ্যে ‘বাবা তারকনাথ’ তো রেকর্ড হিট করেছিল। সেই ছবির মাধ্যমেই শুরু হয়েছিল সন্ধ্যা রায় ও অর্ধেন্দু চট্টোপাধ্যায়ের সফল জুটির জয়যাত্রা। ‘করুণাময়ী’ কিংবা ‘হরিশচন্দ্র শৈব্যা’র মতো বিগ বাজেটের রঙিন ছবিগুলোতে বিশ্বজিৎ ও সন্ধ্যা রায়ের জুটি দর্শকের মনে আলাদা উন্মাদনা তৈরি করেছিল।

তবে ‘সীতা’ ছবির পেছনের গল্পটাও কম নাটকীয় নয়। প্রথমে এই ছবিতে রামের চরিত্রে অভিনয় করার কথা ছিল বিশ্বজিতের। কিন্তু চিত্রনাট্যে রামের চরিত্রটিকে যেভাবে অ্যান্টি-হিরো হিসেবে ফুটিয়ে তোলা হয়েছিল এবং যেখানে অভিনয়ের সুযোগ খানিক সীমিত ছিল, তা দেখেই ছবিটি করার প্রস্তাব ফিরিয়ে দেন বিশ্বজিৎ। পরবর্তীতে অসীম কুমারকে রামের চরিত্রে এবং মৃণাল মুখোপাধ্যায়কে লক্ষ্মণের ভূমিকায় দেখা যায়। আর নাম ভূমিকায় চিরসবুজ বাঙালি নারীর প্রতিমূর্তি সন্ধ্যা রায় তো ছিলেনই।

ছবিতে দেখানো হয়েছিল, রামচন্দ্র কোনও বীর পুরুষ নন, বরং সমাজের চোখে এক অসহায় মানুষ, যিনি প্রজারঞ্জক হতে গিয়ে গর্ভধারিণী স্ত্রীকে সন্তানসম্ভবা অবস্থায় বনবাসে পাঠাতে দ্বিধা করেননি। অযোধ্যায় সতীত্ব প্রমাণের জন্য সীতার অগ্নিপরীক্ষা এবং রামের অপরাধবোধ— এই সমস্ত দৃশ্য পর্দায় ফুটিয়ে তুলতে সন্ধ্যা রায়ের আকুল করা অভিনয় দর্শকদের চোখে জল এনে দিয়েছিল। বিশেষ করে ‘সন্ধ্যা রায় মানেই বক্স অফিস হিট’— এই সমীকরণ তখন বাংলা ইন্ডাস্ট্রিতে পাকা।

ছবির সঙ্গীত পরিচালনা করেছিলেন প্রখ্যাত মহিলা সুরকার নিতা সেন। ‘বাবা তারকনাথ’-এর মতো এই ছবিতেও তাঁর সুর দারুণ প্রশংসিত হয়েছিল। কৃষ্ণচন্দ্র দের বিখ্যাত গান ‘অন্ধকারের অন্তরেতে অশ্রু বাদল ঝরে’— যা একসময় শিশির ভাদুড়ির ‘সীতা’ নাটকে ব্যবহৃত হয়েছিল— এই ছবিতে নতুন করে মান্না দের কণ্ঠে ব্যবহার করা হয়। ছবির শুরুতে মাটি থেকে সীতার জন্ম নেওয়ার দৃশ্যে মান্না দের গাওয়া “ভারতের পুণ্য মাটিতে যুগে যুগে জন্ম নিয়েছেন কত সতী” গানটি আজও মানুষের মনে দোলা দেয়। এ ছাড়া আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে “আর কারও নাম যেন সীতা না হয়”, কিংবা হেমন্ত মুখোপাধ্যায়, বনশ্রী সেনগুপ্ত ও সুধীন সরকারের গাওয়া “হায় একী অপবাদ আমার সীতা মা নাকি কলঙ্কিনী”— গানগুলো ছবিটিকে অন্য এক উচ্চতায় নিয়ে গিয়েছিল। কৈকেয়ীর খলচরিত্রে গীতা দে-র অভিনয় ছিল তুলনাহীন।

রুপোলি পর্দার সফলতার পর আশির দশকেই গ্রামের মঞ্চ কাঁপাতে যাত্রার জগতেও পা রেখেছিলেন সন্ধ্যা রায়। ‘সীতা সীমন্তিনী’ নামের সেই যাত্রাপালা দেখতে গ্রামবাংলায় উপচে পড়ত ভিড়, প্রতিটি শো ছিল হাউসফুল। বিশেষ অনুরোধে এই যাত্রার সংগীত পরিচালনা করেছিলেন স্বয়ং হেমন্ত মুখোপাধ্যায়। যাত্রালক্ষ্মী বীণা দাশগুপ্তের উপস্থিতি এবং ট্র্যাজেডিতে ভরপুর সেই অভিনয়ে বাংলার দর্শক চোখের জল মুছতে মুছতে বাড়ি ফিরেছিলেন। পর্দায় হোক কিংবা যাত্রার মঞ্চে— সতীত্বের অগ্নিপরীক্ষায় দগ্ধ সীতার চরিত্রে সন্ধ্যা রায়ের সেই মূর্ত প্রতীক আজও বাংলার সংস্কৃতিতে অমলিন।

Follow Us