AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Amit Shah Birthday: ‘সবসময় দেশকে সবার আগে রেখেছেন’, অমিত শাহের জন্মদিনে বিশেষ বার্তা শাহরুখ, অক্ষয়দের

Shah Rukh Khan: দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের জন্মদিনে শুভেচ্ছার ঢল সোশাল মিডিয়ায়। শাহরুখ খান, অক্ষয় কুমার থেকে শুরু করে দক্ষিণী মেগাস্টার চিরঞ্জীবী ও পবন কল্যাণের মতো তারকারা সোশাল মিডিয়ায় বিশেষ বার্তা দিয়েছেন।

Amit Shah Birthday: 'সবসময় দেশকে সবার আগে রেখেছেন', অমিত শাহের জন্মদিনে বিশেষ বার্তা শাহরুখ, অক্ষয়দের
কী বলেছেন তারকারা?
| Updated on: Oct 23, 2026 | 8:47 AM
Share

শাহরুখ খান (Shah Rukh Khan), অক্ষয় কুমার থেকে শুরু করে দক্ষিণী সুপারস্টার, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের জন্মদিনে শুভেচ্ছার ঢল নেমেছে সোশাল মিডিয়ায়। ২২ অক্টোবর ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের জন্মদিন। আর এই বিশেষ দিনটিতে বিনোদন জগতের তারকারা সোশাল মিডিয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। কেউ তাঁর সুস্বাস্থ্য কামনা করেছেন, তো কারও গলায় শোনা গেছে দেশের প্রতি তাঁর অবদানের ভূয়সী প্রশংসা।

বলিউড তারকাদের শুভেচ্ছা বার্তা

বলিউডের ‘বাদশা’ শাহরুখ খান তাঁর এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে স্বরাষ্ট্রমন্ত্রীকে ট্যাগ করে এক বিশেষ বার্তা দিয়েছেন। শাহরুখের কথায়, “স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহ জি-কে জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা। আগামী বছর আপনার জীবনে সুস্বাস্থ্য ও আনন্দ বয়ে আনুক। দেশের জন্য আপনি যে কাজ করে চলেছেন, তা চালিয়ে যাওয়ার জন্য ঈশ্বর আপনাকে আরও শক্তি দিন। আপনার আগামী দিনগুলো সুন্দর হোক, সেই প্রার্থনাই করি।” প্রসঙ্গত, খুব শিগগিরই শাহরুখকে দেখা যাবে তাঁর নতুন সিনেমা ‘কিং’-এ। এই সিনেমায় তাঁর মেয়ে সুহানা এবং অভিনেত্রী দীপিকা পাডুকোনও থাকছেন।

বলিউডের ‘খিলাড়ি’ অক্ষয় কুমার ইনস্টাগ্রামে লিখেছেন, “অমিত শাহ জি, আপনাকে জন্মদিনের অনেক শুভেচ্ছা। আপনি সবসময় দেশকে সবার আগে রেখেছেন। মহাদেবের আশীর্বাদ আপনার ওপর বর্ষিত হোক।” অন্যদিকে, সাংসদ-অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত অমিত শাহের সঙ্গে একটি ছবি পোস্ট করে ভগবান শ্রীরামের কাছে স্বরাষ্ট্রমন্ত্রীর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেছেন। রিতেশ দেশমুখও অমিত শাহের ছবি পোস্ট করে তাঁর সুস্থ জীবনের প্রার্থনা জানিয়েছেন।

দক্ষিণী তারকাদের শুভেচ্ছা বার্তা

শুধু বলিউড নয়, দক্ষিণী সিনেমার মেগাস্টারদের পোস্টেও উঠে এসেছে জন্মদিনের শুভেচ্ছা। বর্ষীয়ান অভিনেতা চিরঞ্জীবী একটি ছবি পোস্ট করেছেন, যেখানে তিনি ও তাঁর ছেলে রাম চরণকে অমিত শাহের সঙ্গে ফ্রেমবন্দি হতে দেখা গেছে। দেশের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর আত্মত্যাগের কথা উল্লেখ করে তাঁকে গভীর শ্রদ্ধা জানিয়েছেন এই তারকা।

জনপ্রিয় অভিনেতা মহেশ বাবুও সোশাল মিডিয়ায় আশা প্রকাশ করেছেন যে, অমিত শাহ ঠিক একই রকম প্রাণশক্তি নিয়ে আগামী দিনেও দেশের সেবা করে যাবেন। পাশাপাশি, অভিনেতা তথা অন্ধ্রপ্রদেশের উপমুখ্যমন্ত্রী পবন কল্যাণও স্বরাষ্ট্রমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেছেন। তিনি জানান, অমিত শাহের হাত ধরেই ভারত আরও নিরাপদ এবং উন্নত (বিকশিত ভারত) হয়ে উঠবে। অভিনেতা, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থলপতি বিজয়ও এই বিশেষ দিনে শুভেচ্ছা জানাতে ভোলেননি।

Follow Us