সৌরভকে দেখেই জড়িয়ে ধরলেন শাহরুখ! কী কথা হল ‘কিং’-‘মহারাজের’?
নাইট শিবিরের প্রাক্তন অধিনায়ক এবং ফ্র্যাঞ্চাইজি মালিকের এই ভিডিয়ো দেখে আবেগপ্রবণ হয়ে পড়েছেন ভক্তরা। ২০০৮ সালে আইপিএলের উদ্বোধনী মরসুমে সৌরভই ছিলেন কেকেআরের অধিনায়ক। মাঝে ২০০৯ সালে অধিনায়কত্ব না করলেও ২০১০ সালে তিনি ফের দায়িত্বে ফেরেন। পুরনো সেই সব স্মৃতিই যেন কাল রাতে ইডেনের মাঠে বার বার ফিরে এল।

আইপিএলের আবহে তিলোত্তমায় যখন ক্রিকেট জ্বর তুঙ্গে, তখনই ইডেন গার্ডেন্স সাক্ষী থাকল এক ঐতিহাসিক মুহূর্তের। গত সন্ধ্যায় কলকাতা নাইট রাইডার্স বনাম পাঞ্জাব কিংসের ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হলেও, গ্যালারির উত্তেজনা পুষিয়ে দিল একটি ভিডিও। কেকেআরের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শেয়ার করা সেই ভিডিয়োতে দেখা গেল, একে অপরকে উষ্ণ আলিঙ্গনে ভরিয়ে দিচ্ছেন বলিউডের ‘বাদশা’ শাহরুখ খান এবং বাংলার ‘মহারাজ’ সৌরভ গঙ্গোপাধ্যায়।
কেকেআর-এর ইনস্টাগ্রাম পেজ থেকে ভিডিওটি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়েছে, “যখন রাজার সঙ্গে দেখা হলো বাংলার রাজপুত্রের।” মুহূর্তের মধ্যেই সেই ভিডিও নেটদুনিয়ায় দাবানলের মতো ছড়িয়ে পড়ে। নাইট শিবিরের প্রাক্তন অধিনায়ক এবং ফ্র্যাঞ্চাইজি মালিকের এই ভিডিয়ো দেখে আবেগপ্রবণ হয়ে পড়েছেন ভক্তরা। ২০০৮ সালে আইপিএলের উদ্বোধনী মরসুমে সৌরভই ছিলেন কেকেআরের অধিনায়ক। মাঝে ২০০৯ সালে অধিনায়কত্ব না করলেও ২০১০ সালে তিনি ফের দায়িত্বে ফেরেন। পুরনো সেই সব স্মৃতিই যেন কাল রাতে ইডেনের মাঠে বার বার ফিরে এল।
ভিডিয়োটি ভাইরাল হতেই কমেন্ট বক্সে উপচে পড়ছে ভালোবাসা। কেউ লিখেছেন, “দাদা আর কিং— সেরা জুটি।” কেউ আবার শাহরুখের জড়িয়ে ধরার ধরন দেখে মুগ্ধ। একজন অনুরাগী তো একধাপ এগিয়ে পরামর্শ দিয়ে বসলেন, “দাদাকে কেকেআরের কোচ বা ডিরেক্টর করে নিয়ে আসুন, তারপর ম্যাজিক দেখুন!” সব মিলিয়ে মাঠের লড়াই বৃষ্টিতে ধুয়ে গেলেও, মাঠের বাইরের এই মহেন্দ্রক্ষণ নাইট সমর্থকদের মন ভরিয়ে দিয়েছে। তবে ভিডিয়ো ভাইরাল হলেও, ইডেনে বসে তাঁদের আড্ডার বিষয়বস্তু কী ছিল, তা অবশ্য জানা যায়নি।
View this post on Instagram
মাঠের উত্তেজনার পাশাপাশি রুপোলি পর্দা কাঁপাতেও প্রস্তুত শাহরুখ। চলতি বছরেই মুক্তি পেতে চলেছে তাঁর বহু প্রতীক্ষিত ছবি ‘কিং’। সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় এই হাই-অ্যাকশন এন্টারটেইনারে শাহরুখকে একদম নতুন অবতারে দেখা যাবে। রেড চিলিস এন্টারটেইনমেন্ট ও মারফ্লিক্স পিকচার্সের প্রযোজনায় এই ছবিতে শাহরুখের সঙ্গে থাকছেন দীপিকা পাড়ুকোন, সুহানা খান এবং অভিষেক বচ্চনও। মাঠে শাহরুখ-সৌরভ রসায়ন আর পর্দায় ‘কিং’-এর দাপট— সব মিলিয়ে ২০২৬ সাল যে ‘খান’দান এবং ‘দাদা’র অনুরাগীদের জন্য বড় চমক নিয়ে আসছে, তা বলাই বাহুল্য।
