Shah Rukh Khan: স্কুল জীবনে বড়সড় খুঁত ছিল শাহরুখের! কোন গোপন সত্যি ফাঁস করলেন পলাশ?
SRK school days: স্কুলের দিনগুলোতেও স্যার-ম্যাডামদের চোখের মণি ছিলেন শাহরুখ। কিন্তু তাঁরও ছিল একটা বড়সড় 'খুঁত'! গায়ক পলাশ সেন ফাঁস করলেন কিং খানের সেই অজানা গল্প। কিং খানকে নিয়ে কী বললেন তিনি? স্কুলে কেমন ছিলেন তিনি?

শাহরুখ খান (Shah Rukh Khan)— নামটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে দু’হাত ছড়ানো সেই চেনা পোজ। পর্দার রোম্যান্স হোক বা ভরপুর অ্যাকশন, সবেতেই তিনি ফাটাফাটি। কিন্তু বর্তমানের এই মেগাস্টার তাঁর স্কুল জীবনে ঠিক কেমন ছিলেন? সব বিষয়েই কি তিনি নিখুঁত ছিলেন, নাকি তাঁরও কোনও খামতি ছিল? সম্প্রতি সেই অজানা গল্পই প্রকাশ্যে এনেছেন জনপ্রিয় গায়ক পলাশ সেন। তিনি জানিয়েছেন, স্কুলের অন্যতম জনপ্রিয় ছাত্র হলেও শাহরুখের মধ্যে একটি বড়সড় ‘খুঁত’ ছিল।
শিক্ষকদের প্রিয় ছাত্র
দিল্লির সেন্ট কলম্বাস স্কুলে একসঙ্গে পড়াশোনা করেছেন শাহরুখ এবং পলাশ। পলাশ ছিলেন শাহরুখের চেয়ে কয়েক ক্লাসের সিনিয়র। সম্প্রতি একটি সাক্ষাৎকারে পুরনো দিনের স্মৃতি রোমন্থন করেন ‘ইউফোরিয়া’ ব্যান্ডের এই বিখ্যাত গায়ক। তিনি জানান, ছোটবেলা থেকেই শাহরুখ ছিলেন অত্যন্ত স্মার্ট এবং করিৎকর্মা। শুধু বন্ধুদের মধ্যেই নয়, শিক্ষকদের কাছেও তিনি ছিলেন বেশ প্রিয়। পলাশের কথায়, “শিক্ষকরা অন্য কাউকে এতটা পছন্দ করতেন না, যতটা শাহরুখকে করতেন। ওর মতো এত এনার্জেটিক ছেলে আমি খুব কমই দেখেছি।”
গানে একেবারেই বেসুরো!
পড়াশোনা হোক বা নাটক, স্কুলের প্রায় প্রতিটি বিভাগেই শাহরুখের অবাধ যাতায়াত ছিল। তবে একটা জায়গায় এসে তিনি একেবারে আটকে যেতেন। পলাশ জানান, শাহরুখের গানের গলা ছিল একেবারেই বেসুরো। তিনি একদমই গান গাইতে পারতেন না। আর তাই স্কুলের নাটকে শাহরুখ যখন স্টেজে অভিনয় করতেন, তখন তাঁর হয়ে পিছন থেকে গলা মেলাতেন খোদ পলাশ। অর্থাৎ, অভিনয়ে তুখোড় হলেও গানে একেবারে কাঁচা ছিলেন আজকের এই তারকা। আর এটাকেই শাহরুখের খুঁত বলেছেন পলাশ।
বন্ধুত্বের সমীকরণ
স্কুল জীবনের পর অনেকটা সময় পেরিয়ে গিয়েছে। শাহরুখ আজ বলিউডের প্রথম সারির অভিনেতা। অন্যদিকে, পলাশ সেনও মিউজিক দুনিয়ায় নিজের আলাদা জায়গা তৈরি করেছেন। কাজের ব্যস্ততায় এখন আর তাঁদের খুব একটা দেখা হয় না। কোনও পার্টি বা অনুষ্ঠানে কখনও সখনও দেখা হয়ে যায়। তবে তাতে তাঁদের বন্ধুত্বে একটুও চিড় ধরেনি। পলাশ জানান, শাহরুখ জীবনে যা কিছু পেয়েছেন, তা দেখে তাঁর খুব আনন্দ হয়।
