Shreya Ghoshal Husband: মাসের পর মাস বাড়ির বাইরে থাকেন শ্রেয়া! দাম্পত্য জীবন ও স্বামী শিলাদিত্যকে নিয়ে কী বললেন গায়িকা?
Shreya Ghoshal: শ্রেয়া ঘোষাল জানালেন তাঁর ব্যক্তিগত জীবনের অজানা গল্প। গানের তাগিদে মাসের পর মাস ঘরের বাইরে থাকলেও কেন দাম্পত্যে কোনও ফাটল ধরে না, তা নিয়ে খোলামেলা কথা বললেন গায়িকা। স্বামীকে নিয়ে কী বলেছেন শ্রেয়া?

শ্রেয়া ঘোষাল (Shreya Ghoshal), যাঁর মিষ্টি সুরের ছোঁয়ায় মেতে ওঠে আট থেকে আশি। স্টুডিয়োর রেকর্ডিং থেকে শুরু করে দেশে-বিদেশের কনসার্ট, বছরের বেশিরভাগ সময়ই তাঁর কাটে প্রচণ্ড ব্যস্ততায়। কিন্তু সংসার সামলান কীভাবে? সম্প্রতি ‘দ্য মেল ফেমিনিস্ট’ (The Male Feminist Podcast) নামের একটি পডকাস্ট অনুষ্ঠানে এসে নিজের দাম্পত্য জীবনের নানা খুঁটিনাটি খোলসা করলেন গায়িকা। স্পষ্ট জানালেন, জীবনে চলার পথে স্বামী শিলাদিত্য মুখোপাধ্যায়কে (Shiladitya Mukhopadhyaya) পাশে পেয়ে তিনি নিজেকে সত্যিই ‘ভাগ্যবতী’ মনে করেন।
স্বামীকে নিয়ে কী বলেছেন শ্রেয়া?
বলিউডের গান বাছাই নিয়ে বরাবরই সচেতন শ্রেয়া। মেয়েদের ছোট করে দেখানো কোনও গান তিনি বরাবর ফিরিয়ে দিয়েছেন। আর নিজের বাস্তব জীবনেও লিঙ্গবৈষম্য বা পুরুষতান্ত্রিক মানসিকতাকে কখনও জায়গা দেননি তিনি। তার বড় প্রমাণ তাঁদের দাম্পত্য। শ্রেয়া জানান, তাঁদের সংসারে কাজের কোনও ভাগাভাগি নেই যে এটা শুধু মেয়েরাই করবে। শিলাদিত্য নিজের সব কাজ নিজে হাতে করতে ভালোবাসেন। রান্নাঘরের এঁটো বাসন মাজা থেকে শুরু করে গোটা রান্নাঘর পরিষ্কার করা, সবটাই তিনি করেন একা হাতে। গায়িকার কথায়, “ও নিজের নিয়মে বাঁচতে ভালোবাসে। আমি ওর কাজে সাহায্য করতে গেলে ও উল্টে বিরক্ত হয়!”
গানের সূত্রে শ্রেয়াকে কখনও কখনও একটানা কয়েকমাস বাড়ির বাইরে থাকতে হয়। অনেক পরিবারেই হয়তো এই নিয়ে অশান্তি তৈরি হত। তবে শিলাদিত্য একেবারেই অন্য ধাঁচের মানুষ। শ্রেয়া বলেন, “আমি হয়তো টানা দু-তিন মাস বাড়ি নেই, কিন্তু ও কখনও প্রশ্ন তোলে না যে ‘তুমি কেন বাড়ি নেই?’ ডেটিং করার সময় থেকেই ও ভীষণ আত্মবিশ্বাসী। ও জানত যে যাই ঘটুক না কেন, আমি সবসময় ওর পাশে আছি। আমাদের দুজনের মধ্যে কোনও অহংকার বা ইগোর লড়াই নেই।” দুজনেই সারা দিন কঠিন পরিশ্রম করেন, তাই ঘরে ফিরলে ঘরের কাজও একসঙ্গে মিটিয়ে নেন।
কে এই শিলাদিত্য? দেশের অন্যতম সেরা প্লে-ব্যাক গায়িকার স্বামী হওয়া সত্ত্বেও তিনি সবসময় লাইমলাইট থেকে দূরে থাকেন। তথ্যপ্রযুক্তি দুনিয়ার এক সফল ব্যক্তিত্ব শিলাদিত্য। শ্রেয়া যখন সঙ্গীতজগতে পা রাখছেন, তখন থেকেই প্রযুক্তি ক্ষেত্রে নিজের কেরিয়ার গড়ছিলেন তিনি। তাঁদের আলাপ কিন্তু আজকের নয়, প্রায় ৩০ বছর ধরে একে অপরকে চেনেন তাঁরা। ছেলেবেলার সেই বন্ধুত্ব সময়ের সঙ্গে প্রেমে রূপ নেয়। টানা ১০ বছর প্রেম করার পর ২০১৫ সালের ৫ ফেব্রুয়ারি বাঙালি রীতি মেনে সাতপাকে বাঁধা পড়েন এই জুটি।
বিয়ের ছয় বছর পর, ২০২১ সালে তাঁদের কোল আলো করে আসে ছেলে দেবযান। গায়িকা জানালেন, এখন তাঁদের গোটা পৃথিবীটাই আবর্তিত হয় তাঁদের একরত্তি ছেলেকে ঘিরে। পরিবারের বয়োজ্যেষ্ঠরা অর্থাৎ বাবা-মায়েরাও সব বিষয়ে দারুণ বোঝাপড়া বজায় রাখেন। সব মিলিয়ে, খ্যাতির চাকচিক্য দূরে সরিয়ে এক সাধারণ, ভালোবাসায় ভরপুর সুন্দর সংসার গড়ে তুলেছেন শ্রেয়া ও শিলাদিত্য।
